Ilish Macher Matha Diye Kochu Shak: বাঙাল বাড়ির ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্নার সিক্রেট রেসিপি, ভাতের সঙ্গে জমবে
বাঙালদের একটা সেরা পদ আজ জানাব। এটি হল ইলিশের মাথা দিয়ে কচু শাক। বছরের পর বছর ধরে এই সুস্বাদু পদটি বাঙাল বাড়িতে হয়। আর আজ সেই সিক্রেট রেসিপিটাই জেনে নিন। তারপর বানিয়ে ফেলুন।
ইলিশের মাথা দিয়ে কচু শাক- কলকাতা,
- 15 Sep 2026,
- (Updated 15 Sep 2026, 5:24 PM IST)
হাইলাইটস
- বাঙালদের একটা সেরা পদ আজ জানাব
- এটি হল ইলিশের মাথা দিয়ে কচু শাক
- বছরের পর বছর ধরে এই সুস্বাদু পদটি বাঙাল বাড়িতে হয়
বাঙালরা কিছু রান্নায় একবারে সেরার সেরা। বিশেষত, কচুর বিভিন্ন পদ রান্নায় বাঙাল বাড়ির জুড়ি মেলা ভার। আর আজ আপনাদের তেমনই একটা পদের কথা বলব। আসলে বাঙাল বাড়ির একটা সেরা পদ হল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই পদটা খেতে দারুণ। আর এটা বানানোও খুব একটা কঠিন কিছু নয়। তাই ইলিশের মরসুমে এই পদটা বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন। জেনে নিন ইলিশের মাথা দিয়ে কচুর শাক তৈরির সহজ রেসিপি।
কী কী লাগবে?
- এই পদ তৈরির জন্য ১ আঁটি কচু শাক লাগবে
- সেই সঙ্গে ইলিশ মাছের মাথা লাগবে ১টি
- সর্ষের তেল নিন ৪ থেকে ৫ টেবিল চামচ
- ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে
- এছাড়া ৫ থেকে ৬টি কাঁচা লঙ্কা নিন
- সঙ্গে লাগবে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আধ চা চামচ
- এছাড়া নুন ও চিনি লাগবে স্বাদমতো
- লেবুর রস নিন ১ চামচ
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে কচু শাক কেটে নিন। তারপর সেটা নুন দিয়ে ভাল করে সিদ্ধ করে নিতে হবে। শাক নরম হলে জল ভাল করে ছেঁকে ফেলে দিন। তারপর শাকটা চটকে নিতে হবে।
- ওদিকে ইলিশ মাছের মাথা ভাল করে ধুয়ে নিন। সেটা নুন ও হলুদ মাখিয়ে রাখুন।
- এবার একটি কড়াইতে তেল গরম করুন। সেখানে ইলিশ মাছের মাথাটা ভাল করে ভেজে নিতে হবে। এরপর নামিয়ে মাথাটা ভেঙে নিন।
- ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিতে হবে। সুগন্ধ বেরলেই চেরা কাঁচা লঙ্কা ও সব গুঁড়ো মশলা অল্প জলে গুলে নিয়ে কড়াইতে দিয়ে দিন।
- তারপর মশলা কষতে হবে। কষা হয়ে গেলে কচু শাক ও ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিন কড়াইতে। আবার নাড়া শুরু করুন। তাতে সবটা ভাল করে মিশে যাবে।
- এই সময় কড়াইতে আঁচ থাকবে মাঝারি। এরপর অনবরত নেড়ে যান। তাতে কচু শাক নীচে লেগে যাবে না।
- শাকের জল শুকিয়ে এলে নুন ও প্রয়োজন মতো চিনি দিন। তারপর জল কমিয়ে দিন।
- মাখোমাখো হয়ে গেলে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে হবে। এতে গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না।
ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি কচু শাক গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দারুণ।