Koraishutir Kochuri Recipe: কড়াইশুঁটির কচুরি থেকে বেরোবে না পুর, জানুন ট্রিকস

তরকারি ছাড়াই খাওয়া যায় মটরশুঁটির কচুরি। রসালো আলুর তরকারি হলে তো কথাই নেই। আঙুল চাটতে থাকবেন। জেনে নিন মটরশুঁটির কচুরি বানানোর সহজ পদ্ধতি।

Advertisement
কড়াইশুঁটির কচুরি থেকে বেরোবে না পুর, জানুন ট্রিকসকড়াইশুঁটির কচুরির রেসিপি। ছবি সংগৃহীত।
হাইলাইটস
  • দারুণ খেতে মটরশুঁটির কচুরি।
  • মটরশুঁটির কচুরি বানানোর সহজ রেসিপি।

রোজকার একঘেয়ে ডাল-ভাত, রুটি আর তরকারি খেতে খেতে মনে অতৃপ্তি আসে সকলেরই। তা হলে এই সপ্তাহান্তে বাড়ির রান্নাঘরেই বানিয়ে ফেলুন দারুণ পদ। টাটকা মটরশুঁটির কচুরি। জলখাবারে হোক বা দুপুরের আয়োজনে, মটরশুঁটির খাস্তা কচুরির জবাব নেই। হিং, মৌরি, কাঁচালঙ্কা আর মশলার সঙ্গে ভেজে নেওয়া মটরশুঁটির পুর যখন ময়দার খাস্তা আবরণের ভিতর ভরে তেলে ভাজা হয়, তখন তার গন্ধেই ম-ম করে ওঠে গোটা বাড়ি।

গরমাগরম কচুরি তরকারি ছাড়াই খাওয়া যায়। আর রসালো আলুর তরকারি হলে স্বাদে মজে যাবেন। আঙুল চাটতে চাটতে খাওয়ার মতো মটরশুঁটির কচুরি বানানোর সহজ পদ্ধতি জেনে নিন।

যা যা লাগবে

২ কাপ ময়দা (১ কাপ ময়দা ও ১ কাপ আটা)
১/৪ কাপ ঘি বা তেল
১/২ চা-চামচ জোয়ান
স্বাদমতো নুন
ময়দা মাখার জন্য ঠান্ডা জল

১.৫ কাপ মটরশুঁটি, টাটকা বা ফ্রোজ়েন
১ টেবিল চামচ তেল
১/২ চা-চামচ হিং
১ চা-চামচ জিরে
১ টেবিল চামচ ভাঙা মৌরি
১ টেবিল চামচ কুটে নেওয়া গোটা ধনে
১-২টি কাঁচা লঙ্কা
১ ইঞ্চি কুরিয়ে নেওয়া আদা
১ টেবিল চামচ বেসন
১/২ চা-চামচ হলুদ
১/২ চা-চামচ লঙ্কাগুঁড়ো
১ চা-চামচ আমচুর গুঁড়ো
গরম মশলা স্বাদমতো
স্বাদমতো নুন ও বিটনুন
কচুরি ভাজার জন্য তেল

যেভাবে বানাবেন কচুরি

ময়দা মাখা: প্রথমে একটি পাত্রে ময়দা, নুন, জোয়ান এবং ঘি বা তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। হাত দিয়ে ময়দা মাখতে থাকুন। এবার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে নরম করে ময়দা মেখে নিন। ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে ২০ মিনিট রেখে দিন।

মটরশুঁটির মশলা: মটরশুঁটি মিক্সিতে দিয়ে জল না দিয়ে হালকা মোটা করে বেটে নিন। একেবারে মিহি করে পেস্ট করবেন না।

পুর ভাজুন: কড়াইয়ে এক চামচ তেল গরম করে তাতে জিরে, হিং, কুটে রাখা ধনে, মৌরি, আদা ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে ভেজে নিন। এরপর বেসন দিয়ে কম আঁচে প্রায় এক মিনিট ভাজুন। এবার বাটা মটরশুঁটি দিয়ে দিন। সঙ্গে হলুদ, লঙ্কাগুঁড়ো, আমচুর, গরম মশলা, নুন ও বিটনুন মিশিয়ে ৪-৫ মিনিট ভাল করে ভাজুন। পুরের বাড়তি জল শুকিয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। মশলা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ছোট ছোট গোলা তৈরি করে রাখুন।

Advertisement

কচুরি বেলা: ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। একটি লেচি হাত দিয়ে চেপে চারপাশটা একটু পাতলা করে বাটির মতো আকার দিন। মাঝখানে মটরশুঁটির পুরের একটি গোলা রাখুন। চার দিক থেকে ময়দা টেনে এনে পুরটি ভাল করে মুড়ে দিন। কোনও ফাঁক যেন না থাকে। এর পর হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে নিন।

ভাজা: কড়াইয়ে তেল দিয়ে হালকা থেকে মাঝারি আঁচে গরম করুন। তেল খুব বেশি গরম করা যাবে না। তা হলে কচুরি বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভিতরটা ঠিক মতো সেদ্ধ হবে না। আসবে না খাস্তা ভাবও। এবার কচুরিগুলি তেলে ছেড়ে দিন। প্রথমে কম আঁচেই ভাজুন। নিজে থেকে তেলের উপর ভেসে উঠতে দিন। কচুরি ফুলে উঠতে শুরু করলে এবং হালকা সোনালি রং ধরলে আঁচ মাঝারি করুন। দু’দিক ভাল করে ভেজে মুচমুচে ও সোনালি করে নিন।

তৈরি আপনার গরমাগরম মটরশুঁটির কচুরি। রসালো আলুর তরকারি এবং কাঁচা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। 

TAGS:
POST A COMMENT
Advertisement