আলু মেথির পরোটার রেসিপি।বাতাসে শীতের ছোঁয়া। সকাল আর রাতে রীতিমতো ঠান্ডা লাগছে। শুরু হয়েছে হালকা শীতের আমেজ। আর এই সময় গরমাগরম পরোটা খেলে মন্দ লাগে না। এই সময়ে পরোটা খাওয়ার মজাই আলাদা। রাতের ডিনারে বানিয়ে ফেলুন আলু আর মেথির পরোটা। টাটকা মেথি শাকের সুগন্ধ আর আলুর নরম পুর জমিয়ে দেবে পরোটা। সাধারণত আলু ও মেথির পরোটা আলাদা আলাদা করে খাওয়া হয়। তবে দুটোর মেলবন্ধনে তৈরি এই পরোটা স্বাদে একেবারে অন্যরকম হবে। আলু আর মেথির পরোটা শুধু খেতেই ভাল নয়। স্বাস্থ্যকরও বটে। বাড়ির ছোটরা শাকসবজি খেতে চায় না। তাদের পাতে পুষ্টিকর মেথি শাক তুলে দেওয়ার জন্য এই পদ হতে পারে দারুণ উপায়। একবার খেলে বারবার এই পরোটা বানিয়ে ফেলবেন। তা হলে আর দেরি না করে জেনে নিন আলু-মেথির পরোটা তৈরির সহজ রেসিপি।
আলু ও মেথির পরোটা তৈরির উপাদান
আটা: ২ কাপ
বেসন: ১/৪ কাপ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো: আধ চা চামচ
জোয়ান: ১ চা চামচ
ঘি: ১ চা চামচ
নুন: স্বাদমতো
পুর তৈরির উপাদান
টাটকা মেথি শাক: ১ আঁটি
সেদ্ধ আলু: ২টো
পেঁয়াজ: ১টি
কাঁচালঙ্কা: পরিমাণমতো
টাটকা ধনেপাতা: পরিমাণমতো
ধনে গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো: আধ চা চামচ
আমচুর পাউডার: ১ চা চামচ
নুন: স্বাদমতো
ঘি বা তেল: প্রয়োজনমতো
যেভাবে বানাবেন আলু-মেথির পরোটা
প্রথমে একটি বড় পাত্রে গমের আটা নিন। এর মধ্যে মিশিয়ে দিন বেসন। বেসন মেশালে পরোটা মুচমুচে হয় এবং রংও সুন্দর আসে। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে জোয়ান এবং এক চামচ ঘি দিয়ে সব উপাদান হাত দিয়ে ভাল করে মেখে নিন। এবার আটার মাখায় টাটকা মেথি শাক কুচিয়ে দিন। অল্প অল্প করে জল মিশিয়ে নরম করে আটা মেখে নিন। একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে ১০ মিনিট রেখে দিন। এতে আটা মাখা নরম হবে।
আলুর পুর তৈরি: একটি পাত্রে সেদ্ধ আলু নিয়ে চটকে নিন। এর মধ্যে মিহি করে কুচোনো পেঁয়াজ, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে দিন। এবার নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এবং আমচুর পাউডার দিয়ে ভাল করে মেখে নিন। তৈরি হয়ে গেল পরোটার আলুর পুর।
পরোটায় পুর ভরুন: মেখে রাখা আটা থেকে মাঝারি মাপের লেচি কেটে নিন। হাত দিয়ে সামান্য চেপে মাঝখানে আলুর পুর ভরে দিন। এবার মুখ ভাল করে বন্ধ করে শুকনো আটা মাখিয়ে পরোটার আকারে বেলে নিন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দুটো পিঠ ভাল করে সেঁকে নিন। এরপর সামান্য ঘি বা তেল মাখিয়ে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। তৈরি হয়ে গেল গরমাগরম আলু-মেথির পরোটা। দই, চাটনি বা আচার দিয়ে পরিবেশন করুন এই পরোটা।