Birbhum Posto Bora: বীরভূমের স্টাইলে মুচমুচে পোস্তর বড়া বানানোর রেসিপি, গরম ভাতে লাগবে দারুণ
বাড়িতেই বানিয়ে নিন বীরভূমের স্টাইলে সেরার সেরা পোস্তর বড়া। এটা হবে একবারে মুচমুচে। স্বাদেও দারুণ। কী কী লাগবে বানাতে? কীভাবে তৈরি করবেন? সবটা জেনে নিন।
বীরভূমের মতো পোস্তর বড়ার রেসিপি- কলকাতা,
- 30 Oct 2026,
- (Updated 30 Oct 2026, 12:21 PM IST)
হাইলাইটস
- বাড়িতেই বানিয়ে নিন বীরভূমের স্টাইলে সেরার সেরা পোস্তর বড়া
- এটা হবে একবারে মুচমুচে
- কী কী লাগবে বানাতে? কীভাবে তৈরি করবেন?
বীরভূমের মানুষের সঙ্গে পোস্তর একট নিবিড় যোগাযোগ রয়েছে। এই জেলার মানুষেরা পোস্ত খেতে ভীষণই ভালোবাসেন। তাই তাঁরা মাঝে মধ্যেই পোস্ত দিয়ে সেরার সেরা কিছু পদ বানিয়ে নেন। আর এমনই একটা অত্যন্ত জনপ্রিয় পদ হল মুচমুচে পোস্তর বড়া। বীরভূমের মানুষেরা এমন কায়দায় পোস্তর বড়া বানাতে পারেন, যার স্বাদ একবার খেলে জিভ লেগে থাকে আজীবন। আর আজ সেই পদটারই সিক্রেট রেসিপি জেনে নেব আমরা। তারপর সেই রেসিপি মেনে বাড়িতেই বীরভূমের স্টাইলে সুস্বাদু পোস্তর বড়া বানিয়ে নিন। হলফ করে বলতে পারি, গরম ভাতের সঙ্গে খেলে একবারে জমে যাবে।
তাই ঝটপট বীরভূমের স্টাইলে মুচমুচে পোস্তর বড়া বানানোর রেসিপিটা জেনে নিন।
কী কী লাগবে?
- পোস্ত নিন ৫০ গ্রাম
- কাঁচা লঙ্কা লাগবে ৩ থেকে ৪টি
- ১টি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি নিন
- চালের গুঁড়ো নিন ১ থেকে ২ চামচ
- সর্ষের তেল নিতে হবে পরিমাণমতো
- নুন নিন অল্প
- চিনিও সামান্য লাগবে
- কাঁচা সর্ষের তেল নিতে হবে ১ চা চামচ
- এই সব জিনিস জোগার করার পরই বীরভূমের স্টাইলে পোস্ত বানান শুরু করুন।
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে পোস্ত ভাল করে ধুয়ে নিন। তারপর অন্তত ১ থেকে ২ ঘণ্টা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে পোস্ত খেতে হবে দারুণ।
- এই সময়ের পর পোস্তর জল সম্পূর্ণ ঝরিয়ে নিন। তারপর শিলে বা মিক্সারে বেটে নিন পোস্ত। এখানে একটা প্রো টিপস দিই। মিক্সিতে বাটলে খুব সামান্য জল দেবেন। বরং একটু খোঁচা খোঁচা বা দানাদার করে বেটে নিন। খুব বেশি মিহি বা জলজল করবেন না। আর মিক্সিতে বাটুন বা শিলে, বাটার সময় ১টি কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে দিতে পারেন।
- এরপর একটি পাত্র নিন। সেখানে বেটে নেওয়া পোস্ত, মিহি করে কুচানো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি (চাইলে দেবেন), স্বাদমতো নুন, সামান্য চিনি, ১ চা চামচ কাঁচা সর্ষের তেল এবং মুচমুচে ভাবের জন্য সামান্য চালের গুঁড়ো দিন।
- এরপর হালকা হাতে সব মেখে নিন। খুব জোরে চটকাবেন না। তাতে পোস্ত থেকে তেল ছেড়ে যেতে পারে।
- এবার গ্যাস জ্বালিয়ে নিন। তাতে বসান কড়াই। দিন তেল। সেটা ভালমতো গরম করুন।
- তারপর হাতের তালুতে সামান্য তেল মেখে নিন। এবার পোস্ত মাখা মিশ্রণ থেকে অল্প অংশ নিয়ে ছোট চ্যাপ্টা চপ বা বড়ার আকার দিন।
- এবার মাঝারি আঁচে তেল গরম করুন। তারপর বড়াগুলো কড়াইতে ছেড়ে দিন।
- প্রথম একপাশ লালচে ও মুচমুচে করে ভাজুন। সেটা হয়ে গেলে উল্টে দিয়ে অন্যপিঠও ভাল করে ভেজে নিতে হবে।
- ভাজা হয়ে গেলে কিচেন টাওয়েলে রাখুন পোস্তর বড়াগুলি রাখুন। তাহলেই বাড়তি তেল শুষে যাবে। আর খেতে হবে মচমচে।
এরপর গরম ভাতের সঙ্গে গরম গরম পোস্তর বড়া খেতে পারেন। এই স্বাদ যে ভুলতে পারবেন না।