কম খরচে ভাল খাওয়ার নিনজা টেকনিক।সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে অনেকেই নিজের স্বাস্থ্যে নজর দেন না। খরচের ভয়ে এক বেলা কেক, মুড়ি বা নুডল খেয়ে কাটিয়ে দেন। কিন্তু সুস্থ থাকতে ভাল খাবার খাওয়া জরুরি। আর ভাল খাবার মানেই যে অনেক টাকা খরচ, তা কিন্তু নয়। একটু হিসাব করে বাজার করলেই কম খরচে পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব। দিনে মাথাপিছু ২০০ টাকা বরাদ্দ থাকলে কী কী খাবার খেতে পারবেন? রইল সহজ হিসাব।
এই খাবারের তালিকায় রাখা হয়েছে ভাত, রুটি, ডাল, ডিম, মাছ, দুধ, শাকসবজি ও ফল। এর থেকে শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি পাবেন। সবচেয়ে বড় কথা, এগুলি যে কোনও লোকাল বাজারেই পেয়ে যাবেন।
সকালে কী খাবেন?
দিন শুরু করুন এক গ্লাস দুধ দিয়ে। সঙ্গে দু'টি আটার রুটি এবং একটি কলা খেতে পারেন। চাইলে একটি ডিম সেদ্ধও রাখতে পারেন।
দুধ ২০০ মিলি – ১৩ টাকা
আটা ৬০ গ্রাম – ৩ টাকা
কলা ১টি – ৫ টাকা
ডিম ১টি – ৭ টাকা
সকালের খাবারের খরচ: প্রায় ২৮ টাকা। দোকানে গিয়ে কচুরি বা পেটাই পরোটা খাওয়ার থেকে সস্তা ও উপকারী।
দুপুরে কী খাবেন?
দুপুরের খাবারে রাখুন ভাত, ডাল, মাছ এবং এক বাটি সবজি। মাছের মধ্যে ছোট মাছ বা সিজন অনুযায়ী কম দামের মাছ কিনতে পারেন। ডাল চাইলে বাদ দিতে পারেন। সবজি, ভাত ও মাছের ঝোল দিয়েই বেশ খাওয়া হয়। সঙ্গে নিন এক ফালি লেবু। ভিটামিন সি পাবেন। খেতেও ভাল।
চাল ১০০ গ্রাম – ৫ টাকা
মুসুর ডাল ৩৫ গ্রাম – ৪ টাকা
ছোট মাছ ৭৫ গ্রাম – ২৫ টাকা
মরসুমি শাকসবজি ২০০ গ্রাম – ১০ টাকা
রান্নার তেল ও মশলা – ৫ টাকা
দুপুরের খাবারের খরচ: প্রায় ৪৯ টাকা।
বিকেলে কী খাবেন?
বিকেলে দোকানের ভুলভাল খাবারের বদলে ছোলা ও যে কোনও মরসুমি ফল খেতে পারেন। বাজারে সবচেয়ে সস্তা যে ফল, সেটাই খান। ভেজানো ছোলা বা সেদ্ধ ছোলা খাওয়া ভাল। এতে প্রোটিন ও ফাইবার পাওয়া যায়।
ছোলা ৩০ গ্রাম – ৪ টাকা
পেয়ারা বা পেঁপে ১৫০ গ্রাম – ১০-২০ টাকা
বিকেলের খাবারের খরচ: প্রায় ১৪ টাকা।
রাতে কী খাবেন?
রাতেও দুপুরের মতোই খেতে পারেন। খাবারে পুষ্টির ঘাটতি রাখা যাবে না। অল্প ভাত, ডাল, সয়াবিন এবং সবজি খেতে পারেন।
চাল ৮০ গ্রাম – ৪ টাকা
ডাল ২০ গ্রাম – ২ টাকা
সয়াবিনের বড়ি ২৫ গ্রাম – ৪ টাকা
মরসুমি সবজি ২০০ গ্রাম – ১০ টাকা
রান্নার তেল ও মশলা – ৫ টাকা
রাতের খাবারের খরচ: প্রায় ২৫ টাকা।
সারাদিনের মোট খরচ কত?
| খাবার | আনুমানিক খরচ |
|---|---|
| সকালের খাবার | ২৮ টাকা |
| দুপুরের খাবার | ৪৯ টাকা |
| বিকেলের খাবার | ১৪ টাকা |
| রাতের খাবার | ২৫ টাকা |
| অতিরিক্ত দুধ, বাদাম ও খাবারের খরচ | ৩০ টাকা |
| মোট | ১৪৬ টাকা |
অর্থাৎ, হিসাব অনুযায়ী দিনে প্রায় ১৪৬ টাকায় চারবেলার খাওয়াদাওয়া করা সম্ভব। আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণ বাড়াতে পারেন। নয় তো বাকি টাকা দিয়ে আরও একটি ডিম, কিছু বাদাম, অতিরিক্ত ফল বা দই খেতে পারেন। মাছের দাম বেশি হলে সয়াবিন, ডিম বা ডাল দিয়ে প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। সব মিলিয়ে ২০০ টাকার মধ্যেও ভাল খাওয়া সম্ভব।
মনে রাখবেন, প্রতিদিন একই খাবার খাবেন না। কখনও পালং শাক, কখনও লাল শাক, কখনও লাউ বা কুমড়ো রাখুন। মরসুমি ফলও বদলে বদলে খান। বাড়িতে জায়গা থাকলে একটু শাক-সবজির গাছ করুন।
এই হিসাব একজন সাধারণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটি নমুনা খাবারের তালিকা। বয়স, ওজন, কাজের ধরন ও শারীরিক অবস্থার উপর খাবারের পরিমাণ বদলাতে পারে। গর্ভবতী মহিলা, শিশু, বয়স্ক মানুষ বা অসুস্থ ব্যক্তির জন্য আলাদা খাবারের প্ল্যানিং লাগতে পারে।