নিরামিষে আনুন শাহি স্বাদ, ঘরেই বানান নরম তুলতুলে ‘ছানার ডালনা’Chhanar Dalna: অনেক বাড়িতেই মঙ্গলবার নিরামিষ রান্নার রীতি রয়েছে। কিন্তু প্রতি সপ্তাহে কী নতুন পদ রান্না করা যায়, তা নিয়ে বেশ চিন্তায় থাকেন গৃহিণীরা। পরিবার কিংবা অতিথিদের পাতে একটু আলাদা স্বাদ দিতে চাইলে বানিয়ে ফেলতে পারেন বাঙালির চিরচেনা অথচ রাজকীয় ছোঁয়ায় ভরপুর ‘ছানার ডালনা’।
সহজ উপকরণে তৈরি এই পদ দুপুরের ভাত বা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। সঠিক পদ্ধতিতে বানাতে পারলে ছানার বড়াগুলো হবে নরম ও মুখে দিলেই গলে যাবে।
কী কী লাগবে
প্রথমেই লাগবে ২৫০ গ্রাম টাটকা ছানা (দুধ কেটে জল ঝরানো), দু’টি ডুমো করে কাটা আলু। বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচ ময়দা ও সামান্য সুজি। মশলার মধ্যে থাকবে আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি ও জিরে। এছাড়া প্রয়োজনমতো ঘি, গরম মশলা গুঁড়ো, নুন ও চিনি।
কীভাবে বানাবেন
প্রথমে ছানাটি ভালো করে মেখে নিন। তাতে সামান্য নুন, চিনি, ময়দা ও সুজি মিশিয়ে ছোট বড়া তৈরি করুন। কড়াইতে তেল গরম করে বড়াগুলো সোনালি করে ভেজে তুলে রাখুন।
এরপর একই তেলে নুন-হলুদ মাখানো আলু ভেজে নিন। অন্য একটি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে আদা-লঙ্কা বাটা দিয়ে কষাতে থাকুন। গুঁড়ো মশলা অল্প জলে গুলে দিয়ে ভালোভাবে কষান যতক্ষণ না তেল ছাড়ে। তারপর ভাজা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন।
পরিমাণমতো গরম জল দিন। আলু সেদ্ধ হয়ে এলে নুন-চিনি ঠিক করে দিন। ঝোল ফুটে উঠলে ছানার বড়া দিয়ে দু’মিনিট রান্না করুন। শেষে ওপর থেকে এক চামচ ঘি ও গরম মশলা ছড়িয়ে ঢেকে রাখুন। কয়েক মিনিট পর গরম গরম পরিবেশন করুন।
ছোট্ট টিপস
ছানা মাখার সময় বেশি ময়দা দেবেন না। তাহলে বড়া শক্ত হয়ে যেতে পারে। হালকা হাতে মাখলেই বড়া হবে নরম ও স্পঞ্জের মতো। সপ্তাহের নিরামিষ মেনুতে এই পদ থাকলে পরিবারের সকলের মুখে হাসি ফুটবেই।