Moong Dal Bora Recipe: মুচমুচে মুগ ডালের বড়া বানানোর সহজ রেসিপি, ভাত বা মুড়ির সঙ্গে লাগবে দারুণ

মুগ ডালের বড়া বানান খুব সহজে। এটা খেতে হবে মুচমুচে। ভাত ও মুড়ির সঙ্গে লাগবে দারুণ। কীভাবে বানাবেন এই বড়া? সহজ রেসিপি জেনে নিন।

Advertisement
মুচমুচে মুগ ডালের বড়া বানানোর সহজ রেসিপি, ভাত বা মুড়ির সঙ্গে লাগবে দারুণমুগ ডালের বড়া বানানোর রেসিপি
হাইলাইটস
  • মুগ ডালের বড়া বানান খুব সহজে
  • কীভাবে বানাবেন এই বড়া?
  • সহজ রেসিপি জেনে নিন

মুগ ডাল তো প্রায়ই খান। তবে এই ডালের টেস্টি ও মুচমুচে বড়া খেয়েছেন কি? না খাওয়া থাকলে একবার বাড়িতে বানিয়ে টেস্ট করুন। হলফ করে বলতে পারি, মুগ ডালের বড়া একবার খেলেই আপনার মনে ধরবে। তখন একবার নয়, বারবার খেতে চাইবেন। তাই আর সময় নষ্ট নয়, বরং মুগ ডালের বড়া বানানোর রেসিপিটা জেনে নিন। তারপর নিয়ম মেনে বানিয়ে ফেলুন। 

কী কী লাগবে?

  • ১ কাপ মুগ ডাল ভাল করে ধুয়ে ২ থেকে ৩ ঘণ্টা ভিজিয়ে নিন
  • আদা বাটা বা কুচি লাগবে ১ চা চামচ
  • কাঁচা মরিচ কুচি নিন ২ থেকে ৩টি
  • পেঁয়াজ কুচি নিতে হবে আধ কাপ (নিরামিষ বানাতে চাইলে দেবেন না)
  • ধনেপাতা কুচি নিন ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো লাগবে আধ চা চামচ
  • জিরে গুঁড়ো নিন আধ চা চামচ
  • নুন নিন স্বাদমতো
  • ভাজার জন্য তেল নিতে হবে পরিমাণমতো

এই সব জোগার পর মুচমুচে বড়া বানানোর কাজটা শুরু করে দিন। 

কীভাবে বানাবেন?

  • সবার প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডালের জল ভাল করে ঝরিয়ে নিতে হবে। এরপর শিলনোড়ায় বা মিক্সিতে ডাল বেটে নিন। ডাল বাটার সময় খুব সামান্য জল ব্যবহার করবেন। ডাল যেন একেবারে মিহি না হয়ে একটু দানা দানা থাকে, সেটা নিশ্চিত করতে হবে। তাতে বড়া অনেক বেশি মচমচে হবে।
  • এবার একটি বাটি নিন। তাতে বাটা ডালের সঙ্গে আদা বাটা, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে দিন। সব উপকরণ হাত দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে। এরপর মোটামুটি ২ থেকে ৩ মিনিট ফেটিয়ে নিন।
  • তারপর গ্যাস জ্বালান। তাতে বসান কড়াই। এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে চ্যাপ্টা বা গোল বড়ার আকারে গরম তেলে ছাড়ুন।
  • বড়া ভাজার সময় গ্যাসের আঁচ মাঝারি রাখতে হবে। এছাড়া মাঝে মধ্যে বড়াগুলো উল্টেপাল্টে দিন। দুই পাশ গাঢ় সোনালী এবং মচমচে হয়ে এলে তেল ঝরিয়ে নিন। তারপর কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। তৈরি হয়ে গেল মুগ ডালের বড়া। এটি ভাত বা সন্ধে বেলায় মুড়ির সঙ্গে খেতে লাগবে দারুণ।

প্রো টিপস
বড়া আরও বেশি মচমচে করতে চাইলে শুধু ডাল দিয়ে কাজ হবে না। বরং ডাল মাখার সময় ১ টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।

 

POST A COMMENT
Advertisement