
শীতের বিকেলে এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে কার না ভাল লাগে! অনেকেই এই সময় আলুর চপ, পেঁয়াজি বা ফুলকপির বড়া খান। তবে এ বার একটু অন্য স্বাদ নিতে পারেন। বাড়িতেই বানিয়ে ফেলুন পনির পকোড়া। বাইরে মুচমুচে, ভিতরে নরম। খেতেও দারুণ সুস্বাদু। বানাতেও বেশি সময় লাগে না।
এই খাবার তৈরি করতে খুব বেশি জিনিসের প্রয়োজন নেই। বাড়িতে থাকা বেসন এবং কয়েকটি মশলা দিয়েই তৈরি করা যাবে পনির পকোড়া। বিকেলের চা বা বাড়িতে অতিথি এলে এই খাবার পরিবেশন করতে পারেন। সঙ্গে রাখতে পারেন ধনেপাতার চাটনি বা টম্যাটো সস।
পনির পকোড়া বানাতে কী কী লাগবে?
পনির – ১ কাপ (ছোট টুকরো করে কাটা)
বেসন
হিং
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
গরম মশলা
জোয়ান
নুন
জল
তেল
চাট মশলা
পনির পকোড়া কীভাবে বানাবেন?
প্রথমে একটি বড় পাত্র নিন। তাতে বেসন ঢালুন। এ বার বেসনের মধ্যে হিং, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা দিন। এর সঙ্গে জোয়ান ও স্বাদমতো নুন মেশান।
এ বার অল্প অল্প করে জল দিন। চামচ দিয়ে ভাল করে মেশাতে থাকুন। খেয়াল রাখবেন, বেসনের মধ্যে যেন কোনও দলা না থাকে। মিশ্রণ খুব পাতলা করবেন না। আবার খুব ঘনও করবেন না। মাঝারি ঘন মিশ্রণ তৈরি করুন। পনিরের টুকরোতে এই মিশ্রণ ভাল করে লেগে থাকতে হবে।
এর পর কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হলে একটি পনিরের টুকরো নিন। সেটি বেসনের মিশ্রণে ভাল করে ডুবিয়ে নিন। তার পর সাবধানে গরম তেলে ছেড়ে দিন।
একসঙ্গে বেশি পনির দেবেন না। এক বার ৩ থেকে ৪টি টুকরো ভাজতে পারেন। মাঝারি আঁচে ভাজুন। মাঝে মাঝে উল্টে দিন। দু'দিক সোনালি রং হলে এবং মুচমুচে হয়ে গেলে তুলে নিন।
এ বার একটি পাত্রে কাগজ বিছিয়ে তার উপর পকোড়াগুলি রাখুন। এতে বাড়তি তেল বেরিয়ে যাবে। একই ভাবে বাকি পনিরের টুকরোগুলিও ভেজে নিন।
সব পকোড়া ভাজা হয়ে গেলে উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিন। এ বার গরম গরম পরিবেশন করুন। সঙ্গে ধনেপাতার চাটনি বা টম্যাটো সস রাখতে পারেন।