আলুর পরোটাউত্তর ভারতের অন্যতম জনপ্রিয় খাবার আলুর পরোটা এখন গোটা দেশেরই মন জয় করেছে। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, গরম গরম আলুর পরোটার সঙ্গে একটু সাদা মাখন, আচার আর টক দই— এর চেয়ে লোভনীয় আর কী বা হতে পারে!
তবে বাড়িতে বানালে অনেক সময় ধাবা বা রেস্তোরাঁর মতো সেই নিখুঁত স্বাদ আর নরম ভাবটা আসে না। কখনও বেলার সময় পুর বেরিয়ে যায়, তো কখনও ভাজার পর পরোটা শক্ত হয়ে যায়। কয়েকটি সহজ টিপস আর সঠিক উপকরণ ব্যবহার করলেই বাড়িতে বসে অনায়াসেই বানিয়ে ফেলা যায় জিভে জল আনা আলুর পরোটা। দেখে নিন সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ
আটা মাখার জন্য:
গমের আটা: ২ কাপ (প্রায় ২৪০ গ্রাম)
নুন: ১/৪ চা চামচ
তেল: ১ টেবিল চামচ
জল: পরিমাণমতো
ভেতরের পুরের জন্য:
আলু: ৩টি মাঝারি মাপের (প্রায় ৩৫০ গ্রাম)
কাঁচা লঙ্কা: ১টি (কুচোনো)
আদা বাটা বা কোড়ানো: ৩/৪ চা চামচ (বা ১/৪ চা চামচ আদা গুঁড়ো)
ধনে পাতা কুচি: ২ টেবিল চামচ
নুন: আধ চা চামচ (বা স্বাদ অনুযায়ী)
গরম মশলা গুঁড়ো: আধ থেকে ৩/৪ চা চামচ
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
ধনে গুঁড়ো: ৩/৪ থেকে ১ চা চামচ
চাট মশলা বা আমচুর পাউডার: আধ চা চামচ
কাসুরি মেথি: ১ চা চামচ
জোয়ান: ১/৪ চা চামচ
মৌরি গুঁড়ো: আধ চা চামচ
ভাজার জন্য:
ঘি বা তেল: ৪ টেবিল চামচ (ঘি দিলে খাঁটি ধাবার গন্ধ ও স্বাদ পাওয়া যায়)
তৈরির প্রণালী
ধাপ ১: আটা তৈরি
প্রথমে একটি বড় পাত্রে আটা, নুন এবং তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব নরম ও মসৃণ একটি ডো তৈরি করতে হবে। আটা মাখা হয়ে গেলে অন্তত ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। আটা যত নরম হবে, পরোটাও তত ভাল ফুলবে এবং ফাটবে না।
ধাপ ২: আলুর পুর প্রস্তুত
আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন নরম হয়, কিন্তু একেবারে গলে জলজলে না হয়ে যায়। প্রেশার কুকারে মাঝারি আঁচে ৩-৪টি সিটি দিলেই যথেষ্ট। সেদ্ধ আলু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে খুব ভাল করে মেখে নিন, যেন কোনও দলা না থাকে। দলা থাকলে পরোটা বেলার সময় ফেটে যেতে পারে। তবে খেয়াল রাখবেন, আলু মাখতে গিয়ে যেন আঠালো কাদার মতো না হয়ে যায়।
এবার মেখে রাখা আলুর মধ্যে নুন, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, কাসুরি মেথি, জোয়ান, মৌরি গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা ও ধনে পাতা কুচি দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। স্বাদ চেখে দরকারে নুন-ঝাল ঠিক করে নিন। এরপর পুরটিকে সমান ৮টি ভাগে ভাগ করে গোল পাকিয়ে রাখুন। আটার ডো-টিও ৮ ভাগে ভাগ করে লেচি কেটে নিন।
ধাপ ৩: পরোটা বেলা
আটার একটি লেচি নিয়ে সামান্য শুকনো আটা মাখিয়ে ৪ ইঞ্চি মাপের ছোট রুটির মতো বেলে নিন। এবার এর ঠিক মাঝখানে আলুর পুরের একটি গোলা রেখে চারপাশ থেকে আটার ধারগুলো তুলে এনে মুখটা খুব ভাল করে বন্ধ করে দিন। বাড়তি আটা থাকলে তা মুড়ে ওই লেচির সঙ্গেই মিশিয়ে দিন।
এবার দু'হাতের তালুর সাহায্যে হালকা চেপে লেচিটিকে একটু চ্যাপ্টা করে নিন, যাতে আলুর পুর ভেতরে সমানভাবে ছড়িয়ে যায়। ফের সামান্য আটা ছড়িয়ে খুব আলতো হাতে পরোটা বেলতে হবে। খুব বেশি চাপ দিলে বা একনাগাড়ে বেললে পুর বেরিয়ে যেতে পারে, তাই মাঝে মাঝে পরোটা ঘুরিয়ে নিয়ে বেলুন।
ধাপ ৪: নিখুঁত ভাবে ভাজা
মাঝারি-কড়া আঁচে তাওয়া গরম করুন। তাওয়া গরম হলে পরোটা দিয়ে দিন। মিনিট দুয়েকের মধ্যে হালকা বুদবুদ দেখা দিলে উল্টে দিন। এবার স্প্যাটুলা বা হাতা দিয়ে হালকা চাপ দিলে দেখবেন পরোটা সুন্দর ফুলতে শুরু করেছে। দুই পিঠে ১ চা চামচ করে ঘি বা তেল ছড়িয়ে দিন। পরোটার গায়ে সোনালি বা হালকা বাদামি দাগ ধরলে এবং সুন্দর গন্ধ বেরোলে তাওয়া থেকে নামিয়ে নিন।
শেফের বিশেষ টিপস:
নতুন আলুর বদলে পুরনো আলু ব্যবহার করলে পুর বেশি ভাল হয়, কারণ নতুন আলুতে জলের পরিমাণ বেশি থাকায় পুর আঠালো হয়ে যায়।
পরোটা কখনোই খুব কম আঁচে ভাজবেন না, এতে পরোটা শক্ত ও চিবড়ে হয়ে যায়। মাঝারি-কড়া আঁচে ভাজলে পরোটা নরম হয় এবং ভাল ভাবে সেদ্ধ হয়।
এবার গরম গরম আলুর পরোটার ওপর এক টুকরো মাখন ফেলে, পুদিনার চাটনি, টক দই আর আচারের সঙ্গে পরিবেশন করুন। ছুটির দিনের সকালের জলখাবার একেবারে জমে যাবে!