চিকেন পোলাও রেসিপিদুর্গাপুজোয় অনেকেই বাড়িতে থাকেন। ভিড়ের কারণে বাইরে ঠাকুর দেখতে বেরোন না। বাড়িতেই নানা পদ রান্না করেন। এই সময় বাড়িতে জমিয়ে খেতে চাইলে বানিয়ে ফেলুন ধাবা স্টাইল চিকেন পোলাও। সুগন্ধি বাসমতী চাল, মশলাদার চিকেন আর ভাজা পেঁয়াজের মেলবন্ধনে তৈরি এই পোলাওয়ের স্বাদ একেবারে অন্য রকম। সঙ্গে থাকবে রোস্টেড সবজির চাটনি। বাড়িতেই পেয়ে যাবেন ধাবার রান্নার স্বাদ। দেখে নিন কীভাবে সহজে বানাবেন এই পদ।
চিকেন পোলাও বানাতে কী কী লাগবে?
চিকেন: ১ কেজি
ধনেপাতার ডাঁটা কুচি: ১ চা চামচ
আদা রসুন বাটা: ২ টেবিল চামচ
নুন: স্বাদ অনুযায়ী
লেবুর রস: ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি: ২টি
সর্ষের তেল: ১ টেবিল চামচ
লঙ্কার গুঁড়ো: দরকার মতো
পোলাওয়ের জন্য উপকরণ
তেল: ২-৩ টেবিল চামচ
ঘি: ২-৩ টেবিল চামচ
গোটা জিরে: ১ চা চামচ
বড় পেঁয়াজ : পাতলা করে কাটা ২টি
শুকনো কাশ্মীরি লঙ্কা: ২টি
বেরেস্তা বা ভাজা পেঁয়াজ: ১/৪ কাপ
আদা: ১ ইঞ্চি টুকরো
কাঁচালঙ্কা: ২টি
তেজপাতা: ১টি
টাটকা ধনেপাতা: প্রয়োজনমতো
বাসমতী চাল: ৭০০ গ্রাম, ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখা
নুন: স্বাদ অনুযায়ী
বড় টুকরো করে কাটা টমেটো: প্রয়োজনমতো
রোস্টেড সবজির চাটনি বানাতে কী কী লাগবে?
বড় টমেটো: ১টি
বড় পেঁয়াজ: ১টি
বড় ক্যাপসিকাম: ১টি
টাটকা পুদিনাপাতা: ১/৪ কাপ
টাটকা ধনেপাতা: ১/২ কাপ
কাঁচালঙ্কা: ২টি
নুন: স্বাদ অনুযায়ী
দই: ২ টেবিল চামচ
তেল: প্রয়োজনমতো
কীভাবে বানাবেন চিকেন পোলাও?
প্রথমে চিকেন ম্যারিনেট
একটি বড় পাত্রে চিকেন নিন। তাতে ধনেপাতার ডাঁটা কুচি, আদা ও রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, লেবুর রস, কাঁচালঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন। প্রতিটি চিকেনের টুকরোয় মশলা মেখে গেলে কিছুক্ষণ রাখুন।
কড়াইয়ে ফোড়ন
এবার চিকেন পোলাও রান্নার প্রস্তুতি শুরু করুন। গ্যাসে একটি বড় হাঁড়ি বসিয়ে তেল ও ঘি ঢালুন। তেল, ঘি গরম হলে গোটা জিরে এবং পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে দিন। ২-৩ মিনিট নাড়াচাড়া করে ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে শুকনো কাশ্মীরি লঙ্কা দিন।
ম্যারিনেট করা চিকেন
এবার হাঁড়িতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢাকনা চাপা দিন। কয়েক মিনিট রান্না হতে দিন। তারপর ঢাকনা খুলে ভাজা পেঁয়াজ, কাঁচালঙ্কা, তেজপাতা, পুদিনাপাতা ও কুচোনো ধনেপাতা দিয়ে দিন।
বাসমতী চাল মিশিয়ে নিন
চিকেনের সঙ্গে আগে থেকে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখা বাসমতী চাল দিয়ে দিন। হাতা দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করে চাল ও চিকেন ভাল ভাবে মিশিয়ে নিন। এবার বাকি ধনেপাতা, প্রয়োজনমতো জল ও নুন দিয়ে আবার মিশিয়ে দিন।
লেবুর রস ও টমেটো
হাঁড়িতে লেবুর রস চিপে দিন। ঢাকনা দিয়ে ফুটতে দিন। এক-দুবার ফুটে উঠলে কেটে রাখা টমেটো দিয়ে দিন। আবার ঢাকনা চাপা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। রান্নার সময় চিকেনের দিকে নজর রাখুন। টুকরোর আকার অনুযায়ী চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগতে পারে। চিকেন ভাল ভাবে সেদ্ধ হয়ে গেলে এবং চাল নরম হলে গ্যাস বন্ধ করে দিন। তারপর ঢাকনা চাপা অবস্থায় কিছুক্ষণ রেখে দিন। যাতে পোলাওয়ের স্বাদ ও সুগন্ধ মিশে যায়।
রোস্টেড সবজির চাটনি
টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ দু-তিন টুকরো করে কেটে নিন। একটি তাওয়া গরম করে সামান্য তেল দিন। তার উপর সবজির টুকরোগুলি রেখে উল্টেপাল্টে রোস্ট করুন। আঁচে রোস্ট করার সময় সবজির কিছু অংশ পুড়ে কালচে হয়ে যেতে পারে। চিন্তার কিছু নেই। এই পোড়া অংশ থেকেই চাটনিতে আসবে বিশেষ ধোঁয়াটে স্বাদ। রোস্ট হয়ে গেলে একটি পাত্রে তুলে নিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিন। মিক্সির জারে রোস্ট করা সবজি, ধনেপাতা, কাঁচালঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, সামান্য তেল, পুদিনাপাতা ও দই দিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু রোস্টেড সব্জির চাটনি।