Chicken Chaap Recipe: বাড়িতেই চিকেন চাপ বানানোর সহজ রেসিপি, পরোটা ও রুটির সঙ্গে চেটেপুটে খাবেন

বাড়িতেই বানিয়ে নিন চিকেন চাপ। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। টেস্ট হবে দোকানের মতো। কীভাবে বানাবেন? জেনে নিন দ্রুত।

Advertisement
বাড়িতেই চিকেন চাপ বানানোর সহজ রেসিপি, পরোটা ও রুটির সঙ্গে চেটেপুটে খাবেনচিকেন চাপ বানানোর রেসিপি
হাইলাইটস
  • বাড়িতেই বানিয়ে নিন চিকেন চাপ
  • খুব সহজেই বানিয়ে নিতে পারবেন
  • টেস্ট হবে দোকানের মতো

চিকেন খেতে অনেকেই ভালোবাসেন। আর তাঁদের জন্য একটা সেরা পদের খোঁজ দিলাম। এক্ষেত্রে সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিকেন চাপ। শুধু সঠিক রেসিপিটা জেনে নিতে হবে। তারপর নিয়ম মেনে রান্না করুন। তাহলেই স্বাদ হবে একবারে দোকানের মতো। আপনার তৈরি করা চিকেন চাপ পরোটা বা রুটির সঙ্গে খেয়ে সকলেই বাহঃ বাহঃ করবেন।   

তাই আর সময় নষ্ট নয়, বরং কীভাবে চিকেন চাপ তৈরি করবেন, জেনে নিন।

কী কী লাগবে?
চিকেনের ৪ থেকে ৫টি বড় লেগ পিস নিন। 

ম্যারিনেশনের জন্য কী প্রয়োজন?    

  • ফেটানো টক দই নিন ৩ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা লাগবে ২ চা চামচ
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিন ১ চা চামচ
  • নুন লাগবে স্বাদমতো

পেস্ট তৈরিতে কী নেবেন?

  • কাজু বাদাম নিন ১০ থেকে ১২টি
  • পোস্ত দানা নিন ২ চা চামচ
  • মগজ দানা লাগবে ১ চা চামচ
  • ৬টি মাঝারি আকারের পেঁয়াজের বেরেস্তা নিন

ফোড়ন ও অন্যান্য মশলা যা লাগবে...

  • সাদা তেল নিন প্রয়োজনমতো
  • এলাচ, লবঙ্গ ও দারচিনি লাগবে সামান্য পরিমাণে
  • জৈত্রী গুঁড়ো নিন অল্প
  • কেওড়া জল বা গোলাপ জল লাগবে ১ চা চামচ 
  • সামান্য মিষ্টি বা চিনি নিন ১ চিমটে

রান্না করার পদ্ধতি

  • সবার প্রথমে মুরগির লেগ পিসগুলো ভাল করে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে নিতে হবে। এরপর মাংসের গায়ে ছুরি দিয়ে সামান্য চিরে দিন। তাতে মশলা ভেতরে ঢুকবে।
  • এবার টক দই, আদা-রসুন বাটা, নুন এবং সামান্য তেল দিয়ে মাংসটি মাখিয়ে নিন। এরপর অন্তত ২ থেকে ৪ ঘণ্টা বা সারা রাত ফ্রিজে রেখে দিন।
  • এবার মশলা তৈরির পালা। সেক্ষেত্রে কাজু বাদাম, পোস্ত দানা এবং মগজ দানা একসঙ্গে ভিজিয়ে নিন। তারপর এগুলির মিহি পেস্ট বানিয়ে নিন।
  • ওদিকে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে সামান্য জল বা দই মিশিয়ে নিন। এভাবে ঘন পেস্ট তৈরি করুন।
  • এবার রান্না শুরু। সেক্ষেত্রে সবার প্রথমে কড়াইতে সাদা তেল গরম করুন। তার মধ্যে এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিন।
  • ম্যারিনেট করা চিকেন পিসগুলো তেলে দিন। হালকা আঁচে এপিঠ-ওপিঠ করে একটু ভেজে তুলে নিতে হবে।
  • ওই তেলেই কাজু-পোস্ত-মগজ বাটা এবং পেঁয়াজ বেরেস্তার পেস্ট দিন। তারপর ভাল করে কষিয়ে যেতে হবে। 
  • দেখবেন একটু পরেই মশলা থেকে তেল ছেড়ে আসবে।
  • তারপর কষানো মশলার মধ্যে ভেজে রাখা চিকেনের লেগগুলি দিয়ে দিন। সেই সঙ্গে সামান্য নুন, জৈত্রী গুঁড়ো এবং জল দিতে হবে। তারপর ঢাকা দিয়ে দিন।
  • এই সময় আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিন। এভাবে ২০ থেকে ২৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। তাতে তলায় লেগে যাবে না।
  • মাংস সেদ্ধ হয়ে মাখোমাখো তেল ভেসে উঠতে পারে। এমন পরিস্থিতিতে উপর থেকে কেওড়া জল ছড়িয়ে দিন। তারপর গ্যাস বন্ধ করে দিন।
  • এরপর ঢাকা দিয়ে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম রাখুন। তাহলেই তৈরি সুস্বাদু চিকেন চাপ। এটা গরম গরম পরোটা বা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করুন। লাগবে দারুণ।

 

POST A COMMENT
Advertisement