বাড়িতেই খুব কম খরচে এই পদ বানানো যায়। Dal Makhani Recipe at Home: ডাল মাখানি অনেকেরই পছন্দের পদ। গাঢ়, মশলাদার আর হালকা স্মোকি ফ্লেভার। রুটির সঙ্গে দারুণ লাগে। তবে ডাল মাখানি খেতে গেলেই রেস্তোরাঁ বা ধাবায় যেতে হবে, এমন নয়। বাড়িতেই খুব কম খরচে এই পদ বানানো যায়। খুব বেশি উপকরণও লাগে না। রান্নার সময়ও তুলনামূলক কম। কয়েকটি সহজ কৌশল জানলেই ধাবার মতো স্বাদ পাওয়া সম্ভব।
কী কী লাগবে?
ডাল মাখানি বানাতে লাগবে এক কাপ গোটা কালো উড়দ ডাল। সঙ্গে নিতে হবে এক-চতুর্থাংশ কাপ রাজমা। দু’টি উপকরণ ভাল করে ধুয়ে কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখাই ভাল।
এ ছাড়া লাগবে একটি পেঁয়াজ কুচি, দু’টি টম্যাটো বাটা বা পিউরি, এক চামচ আদা-রসুন বাটা, এক-দু’টি কাঁচালঙ্কা এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। রান্নার শেষে লাগবে সামান্য মাখন এবং ফ্রেশ ক্রিম। ধোঁয়ার স্বাদ চাইলে একটি ছোট কয়লার টুকরোও ব্যবহার করতে পারেন।
ডাল মাখানি কীভাবে বানাবেন?
প্রথমে ভেজানো উড়দ ডাল এবং রাজমা প্রেসার কুকারে দিন। প্রয়োজন মতো জল ও সামান্য নুন দিয়ে সেদ্ধ করুন। ডাল এবং রাজমা এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে সহজেই চটকে যায়।
এ বার কড়াইয়ে সামান্য তেল বা মাখন গরম করুন। তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা দিন। কয়েক মিনিট নাড়াচাড়া করুন।
এর পর টম্যাটোর পিউরি দিন। সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করা পর্যন্ত রান্না করুন। এই ধাপটি গুরুত্বপূর্ণ। মশলা ভাল করে কষানো হলে ডালের স্বাদ অনেকটাই বাড়ে।
এ বার সেদ্ধ করা ডাল ও রাজমা কড়াইয়ে দিয়ে দিন। সব কিছু ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য গরম জল দিন। ডাল বেশি পাতলা করবেন না। ডাল মাখানির আসল স্বাদ আসে ঘন এবং মসৃণ ঝোলে।
কম আঁচে কিছুক্ষণ রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন। ডাল যত ভাল করে ফুটবে, ততই মাখামাখা হবে। শেষে এক চামচ মাখন এবং সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে দিন। আরও কয়েক মিনিট রান্না করে গ্যাস বন্ধ করুন।
ধাবার মতো স্মোকি ফ্লেভার আনবেন কীভাবে?
ডাল মাখানিতে ধাবার মতো হালকা ধোঁয়ার গন্ধ আনতে পারেন খুব সহজেই। এর জন্য একটি ছোট কয়লা গরম করে নিন। একটি ছোট বাটিতে সেই কয়লা রেখে তার উপর সামান্য ঘি দিন। ধোঁয়া উঠতে শুরু করলে বাটিটি ডালের মধ্যে রেখে কড়াই ঢেকে দিন।
এক থেকে দুই মিনিট ঢেকে রাখলেই ডালে সুন্দর ধোঁয়ার গন্ধ চলে আসবে। তবে বেশি সময় ঢেকে রাখবেন না। তা হলে ধোঁয়ার গন্ধ অতিরিক্ত হয়ে যেতে পারে।
রুটি, নান, পরোটা কিংবা জিরা রাইসের সঙ্গে গরম গরম ডাল মাখানি পরিবেশন করুন।