Lebu Chicken Posto Recipe: অভিনব লেবু চিকেন পোস্তর সহজ রেসিপি, ভাত ও রুটির সঙ্গে জমে যাবে
লেবু চিকেন পোস্তর মতো একটি অভিনব পদ সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। কীভাবে বানাবেন? তার সহজ পদ্ধতি জানান হল। এভাবে বানিয়ে ভাত বা রুটির সঙ্গে খান। লাগবে দারুণ।
লেবু চিকেন পোস্ত রেসিপি- কলকাতা,
- 06 Oct 2026,
- (Updated 06 Oct 2026, 2:14 PM IST)
হাইলাইটস
- লেবু চিকেন পোস্তর মতো একটি অভিনব পদ সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে
- কীভাবে বানাবেন? তার সহজ পদ্ধতি জানান হল
- এভাবে বানিয়ে ভাত বা রুটির সঙ্গে খান
চিকেন এবং পোস্ত, দুইই খেতে ভালোবাসেন? তাহলে আজ একটা সেরা পদের সন্ধান দেব। এই অভিনব পদটির নাম লেবু চিকেন পোস্ত। এটি চিকেন এবং পোস্তর যুগলবন্দীতে তৈরি। এটি অত্যন্ত টেস্টি একটি পদ। গরম ভাত বা রুটির সঙ্গে খেলে লাগবে দারুণ।
আর একটা কথা, লেবু চিকেন পোস্ত বানান খুব কঠিন কিছু নয়। বরং খুব সহজেই এই অভিনব পদ বানিয়ে ফেলতে পারেন। তাই আর সময় নষ্ট না করে লেবু চিকেন পোস্ত বানানোর রেসিপিটা জেনে নিন।
কী কী লাগবে?
- চিকেন নিন ৫০০ গ্রাম
- পোস্ত দানা নিতে হবে ৪ টেবিল চামচ
- সেই সঙ্গে ১টি বড় গন্ধরাজ লেবুর রস লাগবে
- পেঁয়াজ কুচি নিন ১ কাপ
- আদা ও রসুন বাটা লাগবে ১ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো নিন আধ চা চামচ
- সর্ষের তেল লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
- নুন ও চিনি নিতে হবে স্বাদমতো
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে মাংস ভাল করে ম্যারিনেট করতে হবে। তার আগে মাংসের টুকরোগুলো করে জলে ধুয়ে নিন। তারপর মাংসের সঙ্গে লেবুর রস, সামান্য নুন এবং ১ চামচ সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এরপর ৩০ মিনিট রেখে দিন।
- এবার পোস্ত দানা বেটে নেওয়ার পালা। এক্ষেত্রে সামান্য জল, পোস্ত দানা ও ২টি কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিতে হবে।
- এরপর গ্যাসে কড়াই বসান। তাতে দিন সর্ষের তেল। তেল গরম হলেই পেঁয়াজ কুচি দিন। এরপর আদা-রসুন বাটা ও হলুদ গুঁড়ো দিতে হবে। তারপর মসলাটা ভাল করে কষিয়ে নিন।
- কিছুক্ষণ পরেই মসলা থেকে জল ছাড়বে। এই সময় চিকেনটা দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের আঁচ মিডিয়াম করে দিন। এভাবে ১০ থেকে ১২ মিনিট ভাল করে কষে যান।
- মাংস কষানো হলেই দিয়ে দিতে হবে পোস্ত। তার সঙ্গে নুন ও চিনিও দিন। পোস্ত দেওয়ার পর ৩ থেকে ৪ মিনিট হালকা আঁচে নড়াচাড়া করুন।
- তারপর একটু হালকা গরম জল দিন কড়াইতে। কম আঁচে রান্না হতে দিন। তাতে মাংসটা সেদ্ধ হবে।
- যখনই গ্রেভি ঘন হয়ে যাবে, তখন চেরা কাঁচা লঙ্কা দিতে হবে কড়াইতে। সেই সঙ্গে লেবুর খোসাও ছড়িয়ে দিন।
- শেষে নামানোর সময় উপর থেকে ১ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল লেবু চিকেন পোস্ত। এই অভিনব পদ খেতে লাগবে দারুণ।