মোক্ষম টোটকায় আপনার রান্নাঘরেই বানান ফ্রেঞ্চ ফ্রাইবাড়িতে ডালের সঙ্গে আলুভাজা খেতে ইচ্ছে না করলেও রেস্তরাঁয় গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না খেলে চলে না। বার্গার অথবা ফিশ ফ্রাইয়ের সঙ্গে দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই নিমেষে উধাও হয়ে যায় প্লেট থেকে। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে তো আর সব সময় রেস্তরাঁ যাওয়া যায় না। তাই অনেকে বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই বানান। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দোকানের মতো মুচমুচে হয় না। আলুভাজার মতোই কিছু ক্ষণ পর নেতিয়ে পড়ে। তবে কয়েকটি ধাপ মেনে মেনে চললে বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে রেস্তরাঁর মতো ফ্রেঞ্চ ফ্রাই।
এ বার নিজের হেঁশেলে বানিয়ে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই৷ হাল্কা স্ন্যাক্স হিসেবে জমে যাবে চা কফির সঙ্গে৷ তবে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় আলুর দিকে বিশেষ নজর রাখবেন। সব ধরনের আলুতে ফ্রেঞ্চ ফ্রাই ভাল হবে না। যে আলুতে স্টার্চের পরিমাণ বেশি, তেমন আলু ফ্রেঞ্চ ফ্রাই-এর জন্য উপযুক্ত। শর্করা আর স্টার্চ বেশি আছে এমন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে খেতেও ভাল লাগে। ভেজে রাখার দীর্ঘ ক্ষণ পরেও মুচমুচে থাকে।
ফ্রেঞ্চ ফ্রাই বানাতে উপকরণ-
বড় আলু- ৩টি, নুন- ১ টেবিল চামচ, তেল- ভাজার জন্য।
প্রস্তুত প্রণালী
পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু নির্বাচন খুব জরুরি। এরপর আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা করে কাটুন। ঠান্ডা জলে আলু ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। ঠান্ডা জলেই ভেজাবেন। এরপর একটি হাঁড়িতে জল গরম করুন। ১ চা চামচ নুন দিয়ে দিন। ফুটে উঠলে আলুর টুকরো দিয়ে ৩ মিনিট সেদ্ধ করুন। আলুর টুকরো উঠিয়ে কিচেন টাওয়েলের উপর বিছিয়ে দিন। উপর দিয়ে চেপে জল মুছে নিন।
মচমচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ভাজতে হবে দু'বার। প্যানে তেল গরম করুন। ডুবো তেলে ভাজতে হবে। হাই ফ্লেমে ৩ মিনিট ভেজে উঠিয়ে নিন আলু। সব আলু একসঙ্গে দেবেন না। অল্প অল্প করে ভাজতে হবে। সব আলু ভেজে কিচেন টাওয়েলে বিছিয়ে নিন। ১০ মিনিট সময় নিয়ে ঠান্ডা করুন। আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। সংরক্ষণ করতে চাইলে জিপলক ব্যাগে আলুর টুকরো নিয়ে রেখে দিন ডিপ ফ্রিজে। ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। পরিবেশনে আগে তেলে ভেজে নিলেই হয়ে যাবে মচমচে।
দ্বিতীয়বার ভাজার জন্য প্যানে তেল গরম করুন। তেল গরম হলে ফ্রিজ থেকে বের করে আলুর টুকরো দিয়ে দিন গরম তেলে। দুই-এক মিনিট পর গ্যাসের আঁচ মিডিয়াম করে নিন। ৮ মিনিট ভাজুন। বাদামি হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে ঝাঁঝরিতে নিয়ে বারকয়েক ঝাঁকিয়ে নিন। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।