এঁচোড়ের ডালনা রেসিপি কাঁঠাল যখন কাঁচা থাকে, একে এঁচোড় বলে। ছোট থেকে বড়, সকলেই কম-বেশি খেতে পছন্দ করে। এঁচোড় সবজি হিসাবে খাওয়া হয়। এর নাম এক- এক জায়গায় এক-একরকম। বাংলায় যেমন এঁচোড় বলা হয়, তেমন অনেক জায়গায় গাছ পাঁঠা নামেও ডাকা হয়। মশলা সহযোগে এই সবজি স্বাদ দুর্দান্ত। জেনে নিন কোন কায়দায় বানালে এঁচোড়ের ডালনা সবচেয়ে স্বুসাদু হবে।
উপকরণ
এঁচোড় – ৫০০ গ্রাম (ছোট টুকরো করে কাটা)
পেঁয়াজ – ৩টি মাঝারি আকারের (কুচি করা অথবা বাটা)
টমেটো – ২টো (পিউরি বা বাটা)
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
গুঁড়ো মশলা: হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এবং জিরে গুঁড়ো
গোটা মশলা: তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং দারুচিনি
তেল (ভাজা ও রান্নার জন্য)
তাজা ধনেপাতা (সাজানোর জন্য)
প্রণালী
* প্রথমে, এঁচোড়ের টুকরোগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে ৫-৭ মিনিট হালকা আঁচে সেদ্ধ করে নিন। অথবা তেলে সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। ভেজে নিলে এঁচোড়ের স্বাদ অনেক বেড়ে যায়।
* একটি কড়াইতে তেল গরম করুন এবং তাতে গোটা মশলার সঙ্গে জিরে ফোঁড়ন দিন।
* পেঁয়াজ কুচি বা বাটা যোগ করুন এবং সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে দিন এবং মশলার কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত কষাতে থাকুন।
* টমেটো পিউরি এবং সব ধরণের গুঁড়ো মশলা (হলুদ, লঙ্কা, ধনে) যোগ করুন এবং মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকুন।
* তৈরি করা মশলার মধ্যে ভেজে রাখা এঁচোড় দিয়ে দিন এবং ভাল ভাবে মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে পাত্রটি ঢেকে দিন এবং কম আঁচে ১০ মিনিট রান্না করুন।