Data Aloo Posto Recipe: ঘটিদের স্টাইলে ডাঁটা দিয়ে আলু পোস্ত বানানোর রেসিপি, খেলে আঙুল চাটবেন

ঝাল ঝাল ডাঁটা আলু পোস্ত বানিয়ে নিন। বানান একবারে ঘটিদের স্টাইলে। এই পদ বানাতে কী কী উপকরণ লাগবে? রান্নার স্টেপস কী? জেনে নিন পুরো রেসিপি।

Advertisement
ঘটিদের স্টাইলে ডাঁটা দিয়ে আলু পোস্ত বানানোর রেসিপি, খেলে আঙুল চাটবেনডাঁটা আলু পোস্ত
হাইলাইটস
  • ঝাল ঝাল ডাঁটা আলু পোস্ত বানিয়ে নিন
  • বানান একবারে ঘটিদের স্টাইলে
  • এই পদ বানাতে কী কী উপকরণ লাগবে?

পোস্ত খেতে ভালোবাসেন? মন পড়ে থাকে শুধু আলু পোস্তর দিকে? কিন্তু আলু পোস্ত সব সময় খাওয়া যে তেমন একটা ভাল নয়। এই ভুলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তবে মন খারাপ করবেন না। এর একটা বিকল্প দিচ্ছি আমরা। এবার বানিয়ে নিন ঘটিদের স্টাইলে ডাঁটা দিয়ে আলু পোস্ত। ঝাল ঝাল এই পদ খেতে দারুণ। সেই সঙ্গে এটি শরীরের জন্যও ভাল। তাই আর সময় নষ্ট নয়, বরং সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত বানানোর রেসিপি জেনে নিন। তারপর চটজলদি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিন। আঙুল চাটবেন।

কী কী উপকরণ লাগবে? 

  • দু'টি আলু ছোট ছোট করে কেটে নিন
  • ৫ থেকে ৬টি সজনে ডাঁটা ছোট ছোট করে কেটে নিন
  • পোস্ত বাটা লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
  • কালোজিরে লাগবে আধ চামচ
  • কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি
  • সেই সঙ্গে সর্ষের তেল নিতে হবে ২ থেকে ৩ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো চাইলে দিতে পারেন, আবার নাও পারেন
  • নুন ও চিনি নিন স্বাদমতো
  • জল নিতে হবে পরিমাণ মতো

কীভাবে বানাবেন? 

  • সবার প্রথমে সজনে ডাঁটা গায়ে থাকা শক্ত খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর ২ থেকে ৩ ইঞ্চি মাপে কেটে নিন।
  • ওদিকে আলুগুলিও ছোট ছোট করে কেটে নিতে হবে। 
  • তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে দিন সজনে ডাঁটা ও আলু। এগুলি হালকা করে ভেজে তুলে নিন। 
  • তারপর ওই তেলেই কালোজিরে এবং চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। 
  • এবার ফোঁড়ন থেকে সুগন্ধ বের হলেই ভেজে রাখা আলু ও সজনে ডাঁটা দিয়ে দিতে হবে। একটু নাড়িয়ে নিন। 
  • এরপর বেটে রাখা পোস্ত দিয়ে দিন কড়াইতে। সেটা হালকা নাড়াচাড়া করুন। 
  • মাথায় রাখতে হবে পোস্ত বেশি ভাজবেন না। এমনটা করলে তেতো হয়ে যাবে। 
  • এবার কড়াইতে পরিমাণ মতো ঈষদুষ্ণ জল দিতে হবে। তারপর কড়াইটা একটা থালা দিয়ে ঢেকে রাখুন। এই সময় আঁচ থাকবে মাঝারি। 
  • কিছুক্ষণ বাদে একবার দেখুন আলু ও ডাঁটা সিদ্ধ হল কি না। হয়ে গেলে ঝোল একটু ঘন হওয়া অবস্থায় নামিয়ে নিন। শেষে একটু সর্ষের তেল উপর দিয়ে দিতে পারেন। 

ব্যস, তৈরি হয়ে গেল ঘটি বাড়ির ঝাল ঝাল ডাঁটা আলু পোস্ত। এটা খেতে লাগবে দারুণ। 


 

POST A COMMENT
Advertisement