Lemon Aloo Posto Recipe: ঘটি বাড়ির টেস্টি লেবু আলু পোস্তর রেসিপি, ভাত ও রুটির সঙ্গে জমে যাবে
ঘটি বাড়ির মতো করে বানিয়ে নিন টেস্টি লেবু আলু পোস্ত। এটি খেতে হবে দারুণ। ভাত এবং রুটির সঙ্গে জমে যাবে। তাই ঝটপট এই রেসিপিটা জেনে নিন।
ঘটি বাড়ির লেবু আলু পোস্তর রেসিপি- কলকাতা,
- 12 Oct 2026,
- (Updated 12 Oct 2026, 1:42 PM IST)
হাইলাইটস
- ঘটি বাড়ির মতো করে বানিয়ে নিন টেস্টি লেবু আলু পোস্ত
- এটি খেতে হবে দারুণ
- ভাত এবং রুটির সঙ্গে জমে যাবে
আলু পোস্ত তো অনেক খেয়েছেন। এবার একটু নতুন কিছু ট্রাই করা যাক। এমন একটি পদ, যেই পদে থাকবে আলু পোস্তর ঐতিহ্যবাহী স্বাদ। সঙ্গে জুড়ে যাবে নতুন ফ্লেভার। আর এমনই একটি পদের নাম হল ঘটি বাড়ির স্টাইলে লেবু আলু পোস্ত। গন্ধরাজ লেবু দিয়ে অনায়াসে এই পদটি বানিয়ে নিতে পারেন। ঘটি বাড়ির এই পদ খেতে হবে দারুণ। ভাত ও রুটির সঙ্গে লেবু আলু পোস্ত একবারে জমে যাবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঘটি বাড়ির লেবু আলু পোস্ত পদটি বানাবেন ঠিক কীভাবে। সেই রেসিপি মেনে বানান। হলফ করে বলতে পারি, লাগবে দারুণ।
কী কী লাগবে?
- ২টি বড় সাইজের আলু নিন
- পোস্ত বাটা লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা নিন ৩ থেকে ৪টি
- সরষের তেল লাগবে ২ থেকে ৩ টেবিল চামচ
- কালো জিরে নিন সামান্য পরিমাণে
- নুন লাগবে স্বাদমতো
- চিনিও নিন অল্প পরিমাণে
- গন্ধরাজ লেবুর রস লাগবে ১ চামচ
- গন্ধরাজ লেবুর খোসা
- গন্ধরাজ লেবুর কুচিও নিতে পারেন
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। এগুলি ছোট ছোট ডুমো করে কেটে নিন। তারপর আবার ধুয়ে নিতে হবে।
- এবার গ্যাস জালান। তার উপর চড়ান কড়াই। একটু গরম হলে সরষের তেল দিন। তেল থেকে হালকা ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ধোঁয়া উঠলে সামান্য কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে।
- এবার কেটে রাখা আলু কড়াইতে দিয়ে দিতে হবে। কড়াইতে পরিমাণ মতো নুন দিয়ে দিন। এই সময় গ্যাসের আঁচ থাকবে মাঝারি। তারপর হালকা সোনালী করে ভেজে নিতে হবে আলু।
- আলু সেদ্ধ হয়ে এলে আগে থেকে বেটে রাখা পোস্ত বাটা কড়াইতে দিন। সামান্য জল দিয়ে মশলা ও আলু ভাল করে কষিয়ে নিতে হবে।
- সামান্য একটু চিনি ছড়িয়ে দিন কড়াইতে। এতে স্বাদের ভারসাম্য বজায় থাকবে।
- দেখবেন কিছুক্ষণ পর মাখা মাখা হয়ে আসবে। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিন।
- কড়াই গ্যাস থেকে নামানোর আগে উপরে এক চামচ গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিন। এছাড়া গন্ধরাজ লেবুর পাতার সামান্য কুচি ছড়িয়ে দিতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে দিন। তাতেই কেল্লাফতে। তৈরি হয়ে গেল লেবু আলু পোস্ত।
এই টেস্টি পদটা রুটি বা ভাতের সঙ্গে খেয়ে নিন। লাগবে দারুণ।