বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইলের প্রোটিনে ঠাসা সয়াবিন টিক্কা, Soya Chunk Tikka: বাড়ির ছোটরা সাধারণত সর্ষে পোস্ত বা ডাল-ভাতের চেয়ে চিপস, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা চটপটে ঝাল মাংসের প্রতিই বেশি আকৃষ্ট হয়। কিন্তু প্রতিদিনের এই ভাজাভুজি বা বাইরের খাবার শিশুর বাড়ন্ত শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই জিভের স্বাদ আর শরীরের পুষ্টি। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা এখন বড় চ্যালেঞ্জ। সমাধান লুকিয়ে আছে প্রোটিনের ভাণ্ডার সয়াবিনে। সাধারণ এই উপকরণ দিয়েই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা তিনটি ভিন্ন স্বাদের পদ, যা রেস্তোরাঁর স্বাদকেও হার মানাবে।
সয়াবিন পপকর্ন ও গ্রিলড কবাব
বিকেলের জলখাবারে শিশুদের জন্য সয়াবিন পপকর্ন হতে পারে এক দারুণ বিকল্প। নুন জলে সেদ্ধ করা সয়াবিনের সঙ্গে আদা-রসুন বাটা ও মশলা মাখিয়ে, কর্নফ্লাওয়ার বা ডিমের প্রলেপ দিয়ে এয়ার ফ্রায়ারে সেঁকে নিলেই তৈরি এই কুড়মুড়ে পদ। আবার যাঁরা মাংসের কবাব মিস করছেন, তাঁদের জন্য রয়েছে গ্রিলড সয়া কবাব। জল ঝরানো টক দই আর মশলায় ম্যারিনেট করা সয়াবিনের সঙ্গে ক্যাপসিকাম ও পেঁয়াজ গেঁথে গ্রিল করে নিলেই তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু কবাব। সামান্য অলিভ অয়েল স্প্রে করে নিলেই এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়।
সয়াবিনের টিক্কি
আলুর টিক্কির বদলে প্রোটিনে ঠাসা সয়াবিনের টিক্কি হতে পারে স্বাস্থ্যের জন্য আদর্শ। সেদ্ধ সয়াবিন মিক্সারে বেটে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ-লঙ্কা কুচি, মশলা এবং বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন মিশিয়ে টিক্কির আকার দিয়ে তাওয়ায় লালচে করে সেঁকে নিন। প্রোটিনে ঠাসা এই পদটি কেবল খুদেরা নয়, বড়দের বিকেলের চায়ের আড্ডাতেও জমে যাবে। গরম সসের সঙ্গে পরিবেশন করলে ছোটরা বুঝতেই পারবে না যে তারা আসলে সবজির পদ খাচ্ছে।