রবিবার সকাল মানেই হিংয়ের কচুরি, দোকানের মতো খাস্তা বানানোর সহজ টিপসউত্তর কলকাতা হোক বা দক্ষিণ, রবিবার সকাল মানেই পাড়ার দোকানের গরম গরম হিংয়ের কচুরি আর ঝাল আলুর তরকারি। সেই কড়কড়ে খাস্তা ভাব আর মুগ্ধ করা সুগন্ধ যদি বাড়িতেই পেতে চান, তবে রইল সহজ রেসিপি। অল্প কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি মেনে চললেই তৈরি হবে একেবারে দোকানের স্বাদের কচুরি।
প্রথমে লাগবে ৫০০ গ্রাম ময়দা, এক কাপ ভিজিয়ে রাখা বিউলির ডাল, পরিমাণমতো আদা ও কাঁচা লঙ্কা বাটা, এক চামচ মৌরি গুঁড়ো, খানিকটা বেশি হিং, সাদা তেল, নুন ও সামান্য চিনি।
ডালের পুর বানাতে ভেজানো ডাল কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন। কড়াইতে তেল গরম করে তাতে হিং ও মৌরি গুঁড়ো ফোড়ন দিন। এরপর ডাল বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে কষাতে থাকুন। ডাল কড়াই ছাড়তে শুরু করলে নুন-চিনি দিয়ে নামিয়ে ঠান্ডা করুন।
এবার ময়দায় নুন ও পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে ময়ান দিন। মুঠোয় চেপে ধরলে যদি ডেলা বাঁধে, বুঝবেন ময়ান ঠিক হয়েছে। হালকা গরম জল দিয়ে নরম করে মেখে ৩০ মিনিট ঢেকে রাখুন। তারপর লেচি কেটে পুর ভরে মুখ বন্ধ করে আলতো করে বেলে নিন।
ভাজার সময় তেল ভালো করে গরম করে আঁচ কমিয়ে কচুরি ছাড়ুন। খুন্তি দিয়ে আলতো চেপে ফুলিয়ে নিন। দু’পিঠ লালচে ও খাস্তা হলে তুলে নিলেই তৈরি গরম গরম হিংয়ের কচুরি। সঙ্গে ঝাল আলুর তরকারি থাকলে রবিবারের সকাল জমে যাবে একেবারে।