তিলের তেলের রেসিপি।শীত পড়তেই রান্নাঘরে বাড়ে তিলের ব্যবহার। কেউ তিলের নাড়ু খেতে ভালবাসেন, কেউ আবার তিল দিয়ে তৈরি নানা পদ। এর পাশাপাশি তিলের তেলের ব্যবহারও বেশ জনপ্রিয়। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন কাজেও ব্যবহার করা হয় এই তেল। তিলের তেল খুব উপকারী। তিলের তেল দিয়ে মালিশও করেন বহু মানুষ। তবে বাজারের তেলের বিশুদ্ধতা নিয়ে অনেকের মনেই সংশয় থাকে। দামও বেশ চড়া। অতিরিক্ত দাম, তার উপরে ভেজালের আশঙ্কা। তাই বাড়িতেই তৈরি করে নিতে পারেন তিলের তেল। তাও আবার কোনও যন্ত্রপাতি ছাড়াই। পরিশ্রম বেশি হয় না।
বাড়িতে সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই তৈরি করা সম্ভব তিলের তেল। এর জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন নেই। শুধু সঠিক পদ্ধতিতে তিল ভেজে, পিষে এবং গরম জলের সাহায্যে তেল আলাদা করে নিতে হবে। বাড়িতে তিলের তেল তৈরি করতে প্রয়োজন কয়েকটি সস্তার জিনিস। এগুলি সহজেই রান্নাঘরে পাওয়া যায়। জেনে নিন বাড়িতে তিলের তেল তৈরির সহজ পদ্ধতি।
তিলের তেল তৈরি করতে কী কী লাগবে?
৭০০ গ্রাম সাদা তিল
প্রয়োজনমতো গরম জল
একটি বড় কড়াই
মিক্সার গ্রাইন্ডার
একটি ছাঁকনি
বড় পাত্র
পরিষ্কার ও শুকনো কাচের জার
তিলের তেল তৈরির পদ্ধতি
তিলের তেল তৈরির জন্য প্রথমে ৭০০ গ্রাম সাদা তিল নিন। একটি বড় পাত্রে তিলগুলি ঢেলে এমন পরিমাণ জল দিন, যাতে সব তিল ভালভাবে ভিজে যায়। মিনিট তিনেক জলে ভিজিয়ে রাখুন। এতে তিলের গায়ে লেগে থাকা ধুলোবালি ও ময়লা বেরিয়ে যাবে। এরপর ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে তিল তুলে নিন। আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। কিছুক্ষণ রেখে দিন। যাতে অতিরিক্ত জল ঝরে যায়।
এবার একটি পরিষ্কার ও শুকনো কড়াইয়ে ধুয়ে রাখা তিল ঢেলে দিন। প্রথমে বেশি আঁচে মিনিট তিন-চারেক ধরে ক্রমাগত নাড়তে নাড়তে তিল ভাজুন। তিলের মধ্যে থাকা সামান্য আর্দ্রতাও শুকিয়ে যাবে। এরপর আঁচ কমিয়ে তিল নাড়তে থাকুন, যাতে কড়াইয়ের তলায় লেগে না থাকে। মিনিট ১০-১২ পরে তিলের রং হালকা সোনালি হতে শুরু করবে। বেরোবে সুন্দর গন্ধ। তিল ভাজা হয়ে গিয়েছে। তবে খুব বেশি ভাজবেন না। তাতে তিলের স্বাদ বদলে যেতে পারে। ভাজা হয়ে গেলে একটি থালায় ঢেলে ঠান্ডা হতে দিন।
তিল ঠান্ডা হয়ে গেলে মিক্সারের জারে অল্প অল্প করে ঢেলে পিষতে শুরু করুন। একসঙ্গে অনেকটা তিল না দিয়ে অল্প পরিমাণে পিষে নিন। পেষাইয়ের মাঝে মাঝে মিক্সার বন্ধ করে চামচ দিয়ে তিল নাড়িয়ে দিন। ধীরে ধীরে তিল থেকে তেল বেরোতে শুরু করবে। গুঁড়ো তিল ঘন, মসৃণ পেস্টের মতো হয়ে যাবে। মিশ্রণটি যখন নরম ও ক্রিমের মতো হয়ে আসবে, তখন একটি বড় পাত্রে ঢেলে নিন।
এবার একটি পাত্রে জল গরম করে নিন। সেই গরম জল অল্প অল্প করে তিলের তৈরি পেস্টে মেশান। একই সঙ্গে চামচ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখা যাবে, তিলের পেস্ট থেকে তেল আলাদা হতে শুরু করেছে। ধীরে ধীরে তেল উপরের দিকে জমতে থাকবে। এই সময় পাত্রটি হালকা নাড়িয়ে নিন। চামচ দিয়ে মিশ্রণটি ধীরে ধীরে চেপে দিন। এতে তেল উপরে উঠে আসতে সুবিধা হবে। তেল পরে জমে গেলে তা আলাদা করে নিন। চামচ দিয়ে সাবধানে উপরের তেল তুলে নিন। এরপর একটি পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। যাতে তিলের ছোট ছোট কণা তেলের মধ্যে না থাকে।
প্রথম দিকে তেল কিছুটা ঘোলাটে হতে পারে। কয়েক দিন না নাড়িয়ে রেখে দিলে তলায় জমে যাবে কণাগুলি। তখন উপরের পরিষ্কার তেল আলাদা করে নেওয়া সম্ভব।
তৈরি হয়ে গেল বাড়িতে বানানো তিলের তেল। এবার পরিষ্কার ও শুকনো কাচের বোতলে ভরে দিন। খেয়াল রাখবেন, তেলের মধ্যে যেন জল না ঢোকে। ব্যবহারের আগে তেলের গন্ধ ও অবস্থা ভাল করে পরীক্ষা করে নিন।
খেয়াল রাখবেন
এই পদ্ধতিতে তেল আলাদা করার ক্ষেত্রে তিলের গুণমান ও প্রক্রিয়ার উপর নির্ভর করতে পারে। তেলে জল মেশানো থাকলে দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই শুকনো পাত্রে রাখুন। কোনও অস্বাভাবিক গন্ধ বা পরিবর্তন হলে ব্যবহার করবেন না।