বাড়িতে চাউমিন বানালেই কি নুডলস দলা পাকিয়ে যায়? বাড়িতে চাউমিন বানালেই কি নুডলস দলা পাকিয়ে যায়? অথচ রাস্তার ধারের দোকানে চাউমিন বেশ ঝরঝরে থাকে। কোথাও তো আবার হালকা একটা ক্রিস্পি ভাবও থাকে। এই পার্থক্যের আসল রহস্য রান্নার কৌশলে। কয়েকটি সহজ নিয়ম মানলেই বাড়িতে তৈরি করতে পারবেন দোকানের মতো চাউমিন। রইল সহজ রেসিপি।
কী কী উপকরণ লাগবে?
নুডলস ২০০ গ্রাম
পেঁয়াজ, বাঁধাকপি, গাজর ও ক্যাপসিকাম কুচি
রসুন ও আদা কুচি
কাঁচালঙ্কা ২টি
সয়াসস ১ টেবিল চামচ
চিলি সস ১ টেবিল চামচ
টম্যাটো সস ১ টেবিল চামচ
ভিনিগার ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো, নুন ও তেল পরিমাণমতো
নুডলস সেদ্ধ করার সিক্রেট
চাউমিন ঝরঝরে করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি। প্রথমে বড় পাত্রে জল ফুটিয়ে নিন। তাতে সামান্য নুন দিন। এ বার নুডলস ছেড়ে দিন। প্যাকেটের নির্দেশ অনুযায়ী সময় মেনে সেদ্ধ করুন। তবে পুরোপুরি নরম করবেন না। প্রায় ৭৫-৮০ শতাংশ সেদ্ধ হলেই নামিয়ে নিন।
এর পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে নুডলস ধুয়ে নিন। এতে রান্না বন্ধ হবে এবং অতিরিক্ত মাড় বেরিয়ে যাবে। জল ঝরিয়ে সামান্য তেল মাখিয়ে রাখুন। নুডলস কখনও গরম অবস্থায় জমিয়ে রাখবেন না।
সবজি ভাজার নিয়ম
কড়াই বা বড় প্যান খুব ভাল করে গরম করুন। সামান্য তেল দিয়ে রসুন, আদা ও কাঁচালঙ্কা ভাজুন। গন্ধ বেরোলে পেঁয়াজ দিন। তার পর গাজর, বাঁধাকপি ও ক্যাপসিকাম দিয়ে বেশি আঁচে নাড়তে থাকুন। সবজি বেশি ক্ষণ ভাজবেন না। হালকা মুচমুচে রাখাই আসল।
সস মিশিয়ে পরিবেশন করুন
এবার সয়াসস, চিলি সস, টম্যাটো সস, ভিনিগার ও গোলমরিচ দিন। নুডলস মিশিয়ে বেশি আঁচে এক-দু’মিনিট নাড়ুন। প্রয়োজনমতো নুন দিন। উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
মনে রাখবেন, একসঙ্গে বেশি নুডলস কড়াইয়ে দেবেন না। এতে আঁচ কমে গিয়ে চাউমিন নরম হয়ে যেতে পারে।