জিলিপিবৃষ্টির দিনে গরম গরম জিলিপি খাওয়ার মজাই আলাদা। বাইরে রিমঝিম বৃষ্টি, আর পাতে রসে টইটম্বুর মচমচে জিলিপি—বাঙালির কাছে এ এক অনবদ্য আবেগ। মিষ্টির দোকানে না গিয়ে, চাইলে বাড়িতে বসেই খুব সহজে বানিয়ে ফেলা যায় হালুইকরদের মতো সুস্বাদু কেশর জিলিপি।
বাইরে থেকে মুচমুচে এবং ভিতরে রসে ভরা এই জিলিপির স্বাদ এক কথায় লাজবাব। কেশর এবং পেস্তার যুগলবন্দি এর স্বাদ ও গন্ধকে আরও দারুণ করে তোলে। কোনও বিশেষ উদ্যাপন বা ছুটির দিনে পরিবারের সকলের মন জয় করতে বানিয়ে ফেলতেই পারেন এই পদ। রথের আগে জেনে নিন রেসিপি।
উপকরণ:
ময়দা: ৫০০ গ্রাম
বেসন: ১০০ গ্রাম
টক দই: ১৫০ গ্রাম
চিনি: ৭৫০ গ্রাম
কেশর বা জাফরান: ১/৪ চা চামচ
পেস্তা কুচি: ২ টেবিল চামচ
জিলিপি ভাজার জন্য: গাওয়া ঘি
জল: পরিমাণ মতো
প্রণালী:
১. প্রথমে একটি বড় পাত্রে ময়দা এবং বেসন একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এতে টক দই দিন। অল্প অল্প করে জল মিশিয়ে একটি মসৃণ ও ঘন মিশ্রণ (ব্যাটার) তৈরি করুন। খেয়াল রাখবেন মিশ্রণে যেন কোনও দলা না পাকিয়ে থাকে। এরপর পাত্রটি ঢাকা দিয়ে ৮ থেকে ১০ ঘণ্টার জন্য কোনও অপেক্ষাকৃত উষ্ণ জায়গায় রেখে দিন, যাতে মিশ্রণটি ভাল ভাবে ফারমেন্ট বা মজতে পারে।
২. একটি ছোট বাটিতে কেশর নিয়ে তাতে ২-৩ চামচ ঈষদুষ্ণ জল মিশিয়ে কিছুক্ষণ ভিজতে দিন।
৩. অন্য একটি পাত্রে চিনি ও জল দিয়ে মাঝারি আঁচে চিনির রস বা শিরা তৈরি করতে বসান। চিনি পুরোপুরি গলে গেলে তাতে ভিজিয়ে রাখা কেশরের জলটি দিয়ে দিন। রস খুব বেশি ঘন করার প্রয়োজন নেই (এক তারের রসের চেয়ে একটু হালকা হবে)। এমন অবস্থায় এলে গ্যাস বন্ধ করে দিন।
৪. এদিকে মজে ওঠা জিলিপির মিশ্রণটি আরও একবার ভালো করে ফেটিয়ে নিন। তারপর একটি জিলিপি মেকার বা সুতির মোটা কাপড়ে (মাঝখানে ছোট্ট ফুটো করা) মিশ্রণটি ভরে নিন।
৫. কড়াইতে বেশ খানিকটা ঘি গরম করুন। মাঝারি আঁচে গোল গোল প্যাঁচ দিয়ে জিলিপিগুলি ঘিয়ে ছাড়তে থাকুন। দুই পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।
৬. ভাজা জিলিপিগুলি কড়াই থেকে তুলেই সরাসরি হালকা গরম রসে ফেলে দিন। ৩০ থেকে ৬০ সেকেন্ড রসে ডুবিয়ে রাখুন, যাতে জিলিপিগুলি ভালোভাবে রস শুষে নিতে পারে। তারপর রস থেকে একে একে তুলে নিন।
৭. তৈরি আপনার মুচমুচে কেশর জিলিপি। পরিবেশন করার আগে উপর দিয়ে সামান্য পেস্তা কুচি ও কয়েকটি কেশরের সুতো ছড়িয়ে দিন। চাইলে রাবড়ি বা ঠান্ডা দুধের সঙ্গেও পরিবেশন করতে পারেন এই রসে ভরা জিলিপি।
কিছু জরুরি টিপস:
জিলিপির ব্যাটার বা মিশ্রণটি ভালভাবে ফারমেন্ট হওয়া অত্যন্ত জরুরি, তবেই জিলিপি মুচমুচে হবে।
চিনির রস অতিরিক্ত ঘন করবেন না, তাহলে জিলিপির ভিতরে রস ঠিকমতো ঢুকবে না।
জিলিপি সবসময় মাঝারি আঁচে ভাজবেন। এতে ভিতর পর্যন্ত ভালভাবে রান্না হবে এবং মচমচে ভাব দীর্ঘক্ষণ বজায় থাকবে।