Kolkata Dalpuri Recipe: সহজেই বানান কলকাত্তাইয়া ডালপুরি, স্টেপ বাই স্টেপ রেসিপি

কীভাবে বানাবেন কলকাতার বিখ্যাত ডালপুরি। এই ডালপুরি বানানো খুব একটা কঠিন নয়। সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কলকাতার এই জনপ্রিয় পদ।

Advertisement
সহজেই বানান কলকাত্তাইয়া ডালপুরি, স্টেপ বাই স্টেপ রেসিপি কলকাতার ডালপুরির রেসিপি
হাইলাইটস
  • ডালপুরি বানানো খুব একটা কঠিন নয়।
  • সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন কলকাতার এই জনপ্রিয় পদ।

চলে এল উৎসবের মরসুম। উৎসব মানেই জমিয়ে খাওয়াদাওয়া। দুর্গাপুজোর অষ্টমীতে অনেকেই খান লুচি। এবার লুচি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন কলকাতার ডালপুরি। সঙ্গে থাকুক আলুর দম। কলকাতার বিখ্যাত ডালপুরির স্বাদই আলাদা। এক বার খেলেই মন জয় করে নেবে। আগে কখনও বানিয়ে না থাকলে জেনে নিন সহজ রেসিপি।

কলকাতার ডালপুরি বিশ্বখ্যাত। ডালপুরির সঙ্গে আলুর তরকারি, আহা! যেন স্বর্গসুখ। কলকাতায় এসে ডালপুরি খাননি এমন মানুষ পাওয়া মুশকিল। অনেকেই ভাবেন, ডালপুরি বানানো খুব কঠিন। তা কিন্তু নয়। বাড়িতেও সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তবে একটু ধৈর্য ধরতে বানাতে হবে। উপকরণও কম লাগে। মাষকলাই ডাল এবং ময়দানই প্রধান জিনিস। এছাড়া তেল মাস্ট। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নিই কীভাবে বাড়িতে বানাবেন ডালপুরি। 
 

ডালপুরি বানাতে কী কী লাগবে

মাষকলাই ডাল: ২ কাপ
ময়দা: ২ কাপ
আদা-রসুন-কাঁচালঙ্কার পেস্ট
ভাজা মৌরি গুঁড়ো: ১ চা চামচ
সাদা তেল
স্বাদমতো নুন
সর্ষের তেল
কালোজিরে: ১ চা চামচ
হলুদ গুঁড়ো
হিং

কীভাবে বানাবেন ডালপুরি

প্রথমে মাষকলাই ডাল তিন-চার ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তার পর একবার জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এবার মিক্সির জারে ডাল দিয়ে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিন। খেয়াল রাখবেন, ডালের মিশ্রণটি যেন ঘন হয়। বেশি জল দেবেন না। 

অন্যদিকে একটি পাত্রে ময়দা নিন। তার মধ্যে এক চা চামচ নুন, এক চা চামচ তেল এবং এক চা চামচ ভাঙা মৌরি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

আদা, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে রাখুন। ডালপুরির স্বাদের অন্যতম মূল উপাদান এই আদা-কাঁচালঙ্কার পেস্ট।

এবার ডালের পেস্টের এক-চতুর্থাংশ ময়দার মধ্যে দিয়ে দিন। ভাল করে নরম করে মেখে নিন। মাখা হয়ে গেলে হাতে সামান্য তেল নিয়ে তার গায়ে মাখিয়ে দিন। একটি কাপড় দিয়ে ঢেকে কিছু ক্ষণ রেখে দিন।

Advertisement

এবার কড়াইয়ে দু’চামচ সর্ষের তেল গরম করুন। তাতে কালোজিরে দিয়ে দিন। সঙ্গে দিন সামান্য হিং এবং এক চিমটে হলুদ। এরপর এক চামচ আদা, রসুন ও কাঁচালঙ্কার পেস্ট দিয়ে ভাল করে নাড়ুন। বাকি ডালের পেস্ট কড়াইয়ে দিয়ে দিন। স্বাদমতো নুনও মিশিয়ে নিন।

ডালের পেস্টটি ভাল করে ভাজতে হবে। অন্তত ৫-১০ মিনিট ধরে নাড়াচাড়া করে ভাজুন। সম্পূর্ণ শুকিয়ে গিয়ে কড়াইয়ের তলা ছেড়ে না দেওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ডাল ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে একটি প্লেটে ছড়িয়ে রাখুন। ঠান্ডা হতে দিন।

এবার তৈরি করে রাখা ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি ছোট বলের মতো করে তার মধ্যে ডালের পুর ভরে দিন। মুখ ভাল করে বন্ধ করে হালকা হাতে চ্যাপ্টা করে কচুরির মতো আকার দিন। এরপর সাদা তেল সামান্য দিয়ে বেলে নিন। এর ফাঁকেই কড়াইয়ে সাদা তেল গরম করতে দিন। সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল ডালপুরি।
 

POST A COMMENT
Advertisement