কলকাতার ক্লাব কচোরির রেসিপিকলকাতার বড়বাজারের ক্লাব কচোরি বা ক্লাব কচুরি এখন নেটমাধ্যমে ভাইরাল। লুচি খেয়ে একঘেয়ে লাগলে সন্ধেয় বাড়িতে বানিয়ে নিতে পারেন কলকাতার ক্লাব কচোরি। ফুড ব্লগারদের সৌজন্যে বড়বাজারের ক্লাব কচুরি ভাইরাল হলেও মহানগরের অলিগলির ছোট দোকানেও মেলে এই মুখরোচক খাবার। আকারে ছোট এবং বেশ মুচমুচে।
বিউলির ডাল, সুজি, ময়দা এবং হিংয়ের সুগন্ধে তৈরি হয় এই কচুরি। রেসিপি খুব সোজা। রসুন-পেঁয়াজ ছাড়া ঝালঝাল আলুর তরকারির সঙ্গে পরিবেশন করা হয়। স্বাদে দারুণ লাগে। ঘরেই বানিয়ে নিতে পারেন।
ক্লাব কচুরির জন্য উপকরণ
ময়দা: ১ কাপ
আটা: আধ কাপ
সুজি: ২ টেবিল চামচ
ভেজানো বিউলির ডাল: ১/৪ কাপ
হিং: ১/৪ চা-চামচ
জোয়ান: আধ চা-চামচ
ঘি: ২ টেবিল চামচ
নুন: স্বাদমতো
তেল: ভাজার জন্য
ঝালঝাল আলুর তরকারির উপকরণ
সেদ্ধ আলু: ৪টি
কুরানো টমেটো: ২টি
কুরানো আদা: ১ চা-চামচ
কাঁচালঙ্কা: ২টি
সর্ষে, মৌরি, কালোজিরে ও জিরে: ১ চা-চামচ
হিং: ১/৪ চা-চামচ
হলুদ, ধনে, আমচুর এবং কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ চা-চামচ করে
কালো নুন: আধ চা-চামচ
কুচোনো ধনেপাতা
কীভাবে বানাবেন
প্রথমে বিউলির ডাল ভিজিয়ে রাখুন। তারপর ভেজানো বিউলির ডাল ভাল করে মিক্সিতে পিষে নিন। একটি বড় পাত্রে ময়দা, আটা, সুজি, বিউলির ডাল, হিং, জোয়ান, নুন এবং ২ টেবিল চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে মাখা তৈরি করুন। ৩০ মিনিট ঢেকে রেখে দিন।
এর ফাঁকে কড়াইয়ে ২ চা চামচ তেল গরম করুন। তাতে পাঁচফোড়ন এবং হিং দিয়ে ফোড়ন দিন। গন্ধ বেরোলে কুরানো আদা, কাঁচালঙ্কা এবং টমেটো দিয়ে মিনিট দুয়েক ভাজুন। এরপর হলুদ, ধনে, লঙ্কাগুঁড়ো এবং কালো নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ করে কাটা আলু দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার ২ কাপ জল দিয়ে কম আঁচে ৭-৮ মিনিট ফুটতে দিন। ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে উপর থেকে কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিন।
তরকারি বানানোর পর ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। সাধারণ লুচির থেকে একটু ছোট এবং সামান্য মোটা করে কচুরিগুলি বেলে নিন।
কড়াইয়ে তেল ভাল করে গরম করে কচুরিগুলি ছেড়ে দিন। হাতা দিয়ে হালকা চাপ দিতে দিতে দু'পিঠ সোনালি ও মুচমুচে করে ভেজে নিন।
গরম গরম ফুলে ওঠা ক্লাব কচুরি পরিবেশন করুন ঝালঝাল রসালো আলুর তরকারির সঙ্গে। একঘেয়ে খাবারের চেয়ে এই পদ চেখে দেখুন।