ভেজিটেবিল চপের রেসিপিকলকাতার জনপ্রিয় ভেজিটেবল চপ বা বিটের চপ দেখলেই জিভে জল আসে। বাইরে একেবারে মুচমুচে, আর ভিতরে মশলাদার ও নরম। বিট, গাজর এবং আলুর সঙ্গে ভাজা চিনেবাদাম, কিশমিশ, সবমিলিয়ে দারুণ খেতে। সন্ধ্যার জলখাবারে একটু অন্য রকম কিছু খেতে চাইলে ভেজিটেবিল চপ একদম পারফেক্ট। এটা কোনও উপকরণের প্রয়োজন নেই। বাড়ির রান্নাঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই সহজে তৈরি করা যায়। তাহলে দেখে নেওয়া যাক, মুচমুচে ভেজিটেবিল চপ বাড়িতে কীভাবে বানাবেন।
ভেজিটেবিল চপ বানাতে যা যা লাগবে
.
মাঝারি মাপের বিট: ২টি
মাঝারি মাপের গাজর: ২টি
সেদ্ধ আলু: ৩টি
কাঁচালঙ্কা: ২টি
কুরিয়ে নেওয়া আদা: ১ চা চামচ
কিশমিশ: ২ টেবিল চামচ
চিনেবাদাম: আড়াই টেবিল চামচ
চাট মশলা: আধ চা চামচ
লঙ্কার গুঁড়ো: আধ চা চামচ
চাট মশলা: আধ চা চামচ
তেল: ২ টেবিল চামচ
ভাজা মশলা: দেড় চা চামচ
বিস্কুটের গুঁড়ো: ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ৫ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: এক চিমটি
নুন: স্বাদ অনুযায়ী
ভাজার জন্য তেল: প্রয়োজনমতো
জল: প্রয়োজনমতো
কীভাবে বানাবেন ভেজিটেবিল চপ?
প্রথমে বিট ও গাজরের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। দু’টি সব্জিই কুরিয়ে আলাদা করে রাখুন। সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে সেটিও কুরিয়ে নিন। এবার একটি চওড়া প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। তাতে বাদাম দিয়ে কম আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে বাদাম তুলে আলাদা করে রাখুন। একই প্যানে সামান্য জিরে ও কুচিয়ে রাখা কাঁচালঙ্কা দিন। জিরে ফোড়ন দিতে শুরু করলে কুরিয়ে রাখা বিট ও গাজর দিয়ে দিন। প্রায় এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিন। এরপর প্যানটি ঢেকে কম আঁচে সব্জি নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
বিট ও গাজর নরম হয়ে গেলে কিশমিশ দিয়ে মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করে গ্যাস বন্ধ করে দিন। এবার মিশ্রণটি একটি প্লেটে ছড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এটা ঠান্ডা করা জরুরি। কারণ গরম মিশ্রণের সঙ্গে আলু মেশালে চপের আকার ঠিক মতো তৈরি হবে না। ঠান্ডা হয়ে গেলে তাতে কুরিয়ে রাখা আলু দিন। এরসঙ্গে চাট মশলা, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, নুন, ভাজা বাদাম এবং ৩ টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিন। এবার মাখা থেকে মাঝারি মাপের লেচি কেটে নিন। হাত দিয়ে চেপে এগুলিকে ডিম্বাকার চপের আকার দিন। চাইলে নিজের পছন্দমতো অন্য আকারও দিতে পারেন।
চপের কোটিং
একটি পাত্রে কর্নফ্লাওয়ার, এক চিমটি নুন এবং সামান্য গোলমরিচের গুঁড়ো নিন। তাতে অল্প অল্প করে জল দিয়ে মাঝারি ঘন একটি ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন, খুব পাতলা বা অতিরিক্ত ঘন না হয়। এবার একটি প্লেটে শুকনো বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে রাখুন। তৈরি করা চপ প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিন। তারপর ভাল করে বিস্কুটের গুঁড়ো মুড়ে দিন। একইভাবে সব ক'টি চপ তৈরি করে নিন।
যেভাবে ভাজবেন
এবার একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে মাঝারি আঁচে চপগুলি দিন। দু'পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। খুব বেশি আঁচে চপ ভাজবেন না। তা হলে বাইরের আস্তরণ দ্রুত বাদামি হয়ে যেতে পারে, অথচ ভিতরের অংশ ভাল ভাবে গরম হবে না। ভাজা হয়ে গেলে চপগুলি পেপার ন্যাপকিনের উপর তুলে রাখুন। বাড়তি তেল শুষে নেবে। টমেটো কেচাপ, পুদিনার চাটনি বা কাসুন্দির সঙ্গে গরমাগরম পরিবেশন করুন। সন্ধ্যার চায়ের সঙ্গে এই চপের স্বাদ আরও জমে যাবে।
বাড়িতেই তৈরি করুন ভাজা মশলা
জিরে: ১ চা চামচ
গোটা ধনে: ১ চা চামচ
শুকনো লঙ্কা: ২টি
লবঙ্গ: ২টি
ছোট এলাচ: ২টি
সব মশলা কোনও রকম তেল ছাড়াই হালকা করে ভেজে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে সব মশলা একসঙ্গে মিহি করে গুঁড়ো করে নিন। এই ভাজা মশলাই ভেজিটেবিল চপে এনে দেবে কলকাতার পরিচিত সেই স্বাদ।