লক্ষ্মীপুজোর ভোগে খিচুড়ির সঙ্গে রাঁধুন লাবড়া
রবিবার লক্ষ্মীপুজো। আর লক্ষ্মীপুজো মানেই নারকেল নাড়ু, কদমা, মোয়া। আর ভোগে থালা ভরা খিচুরি সঙ্গে লাবড়া। ভোগের খিচুরি আর লাবড়ার মাহাত্ম্যই আলাদা। অনেকেই বলেন ভোগের খিচুরির যা স্বাদ হয় তা অন্য সময় যতই চেষ্টা করুন না কেন পাওয়া যায় না। তার সঙ্গে লাবড়া না থাকলেই নয়। একেক বাড়িতে একেক রকম ভাবে লাবড়া বানানোর চল রয়েছে। তাতে যে যার পছন্দ মতো সব্জিও দেন। কিন্তু কখনও এই বিশেষ পদ্ধতিতে লাবড়া রান্না করে দেখেছেন? অতিথিরা আঙুল চেটে খাবে। এবার খুবই সহজ উপায় বানিয়ে ফেলতে পারেন ভোগের লাবড়া। এক ঝলকে দেখে নিন কীভাবে বানাবেন এই পদ। রইল রেসিপি।
কী ভাবে রান্না করবেন লাবড়া। রইল সবিস্তার প্রণালী-
উপকরণ- আলু (২ টো), মুলো (১টি), বরবটি (৪টে), চিচিঙ্গা (১টি), মিষ্টি কুমড়ো (১০০ গ্রাম), পটল (৪টে), কাঁচা লঙ্কা (৪ টে), গুঁড়ো লঙ্কা (১ চা চামচ), হলুদ গুঁড়ো (হাফ চা চামচ), ধনে গুঁড়ো (হাফ চা চামচ), পাঁচ ফোড়ন (হাফ চা চামচ), আদা বাটা (১ টেবিল চামচ), তেল (২ টেবিল চামচ), ঘি (১ টেবিল চাচম), নুন (স্বাদমতো)
পদ্ধতি- প্রথমে আলু, কুমড়ো, পটলের মতো সব সবজি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার তা নির্দিষ্ট মাপে কেটে নিন। এবার ভালো করে পরিষ্কার করে নিন। কড়াইয়ে এবার তেল গরম করুন। তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে পাঁচ ফোড়ন দিন। এবার দিন ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো ও লঙ্কা দিয়ে নাড়তে থাকুন। এবার স্বাদমতো নুন ও চিনি দিন। এবার কড়াইয়ে সব সবজি দিয়ে দিন। ভালো করে নেড়ে নিন। এবার ভালো করে নাড়তে থাকুন। সেদ্ধ হতে দিন। এবার অন্য দিকে, অপর একটি পাত্রে ঘি গরম করে তাতে গরম মশলা দিয়ে নাড়তে থাকুন। এবার তা যে কড়াইয়ে সবজি সেদ্ধ করছেন তাতে এই ঘি ঢেলে দিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। তৈরি নিরামিশ লাবড়া। এই উপায় লক্ষ্মী পুজোর ভোগে বানাতে পারেন নিরামিষ লাবড়া। মাকে নিবেদন করুন এই পদ।