Labra Recipe: বাড়িতে কম মশলায় লাবড়া বানান, পড়ুন দিদা, ঠাকুমার রেসিপি

দুর্গাপুজোর ভোগে গরমাগরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন লাবড়া। চাইলে সঙ্গে রাখতে পারেন চাটনি বা পছন্দের অন্য কোনও পদও। বাড়িতেই তৈরি হয়ে যাবে পুজোর ভোগের চেনা স্বাদ।

Advertisement
বাড়িতে কম মশলায় লাবড়া বানান, পড়ুন দিদা, ঠাকুমার রেসিপিলাবড়ার রেসিপি
হাইলাইটস
  • ভোগে গরমাগরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন লাবড়া।
  • বাড়িতেই তৈরি হয়ে যাবে পুজোর ভোগ।

দুর্গাপুজোয় মা দুর্গাকে ভোগ নিবেদন করতে নানা ধরনের পদ রান্না করা হয়। তার মধ্যে বাঙালির খিচুড়ি আর লাবড়ার যুগলবন্দি বাঙালির নস্টালজিয়া। লাবড়া হল নানা রকম সবজি দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ। বিভিন্ন সবজির স্বাদের সঙ্গে মশলার মেলবন্ধনই এই রান্নার বিশেষত্ব। সবচেয়ে বড় কথা, লাবড়া রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আর স্বাস্থ্যের জন্যও ভাল। দুর্গাপুজোয় বাড়িতেই ভোগ বানিয়ে ফেলতে পারেন। রইল এই সুস্বাদু পদ তৈরির সহজ পদ্ধতি।

লাবড়া রান্নার উপকরণ
কুমড়ো: ১ কাপ
আলু: ১টি মাঝারি আকারের
বেগুন: ১টি ছোট
মূলো: আধখানা
কাঁচকলা: ১টি
ফুলকপি: ১ কাপ
বিনস: আধ কাপ
আদাবাটা: ১ চা চামচ
জিরে : আধ চা চামচ
পাঁচফোড়ন: আধ চা চামচ
তেজপাতা: ১টি
শুকনো লঙ্কা: ১টি
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
চিনি: আধ চা চামচ (ইচ্ছা হলে)
সর্ষের তেল: ২ টেবিল চামচ
জল: প্রয়োজনমতো

কীভাবে বানাবেন লাবড়া?

প্রথমে সবজি কেটে নিন: কুমড়ো, আলু, বেগুন, মূলো, কাঁচকলা ও ফুলকপি ভাল করে ধুয়ে নিন। মাঝারি আকারের টুকরো করে কাটুন। বিনসও ছোট ছোট করে কেটে নিন। সবজি খুব ছোট করে কাটবেন না। তাহলে রান্নায় স্বাদ থাকবে।

তেলে ফোড়ন দিন: কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল গরম হয়ে এলে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিন। মশলা ফুটতে শুরু করলে আদাবাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিন। এতে লাবড়ায় সুন্দর গন্ধ আসবে, বাড়বে স্বাদও।

সবজির সঙ্গে মশলা: কড়াইয়ে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিন। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন মেশান। সবজি ভাল করে নাড়াচাড়া করে ৩-৪ মিনিট ভেজে নিন। যাতে মশলা সবজির গায়ে মিশে যায়।

ঢাকা দিয়ে রান্না: এবার কড়াইয়ে অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিন। কম আঁচে সবজিগুলি সেদ্ধ হতে দিন। মাঝে মাঝে নাড়াচাড়া করবেন, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। সবজি নরম হওয়া পর্যন্ত রান্না করুন। তবে বেশি জল দেবেন না। লাবড়া খুব পাতলা ঝোলের পদ নয়।

Advertisement

সবজি ভালভাবে সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দিতে পারেন। লাবড়ায় হালকা মিষ্টি স্বাদ বেশ ভাল লাগে। তবে চিনি দেওয়া বাধ্যতামূলক নয়। এবার সবজিগুলি হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল লাবড়া।

লাবড়া রান্নার কয়েকটি জরুরি টিপস

১. সবজি বুঝে রান্না করুন: কিছু সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়, আবার কিছু সবজি সেদ্ধ হতে বেশি সময় নেয়। তাই প্রথমে আলু, মূলো ও কাঁচকলা দিন। কুমড়ো ও বেগুনের মতো নরম সবজি পরে দিলে সেগুলি অতিরিক্ত গলে যাওয়ার আশঙ্কা কমবে।

২. পাঁচফোড়নই আসল: লাবড়ার রহস্য পাঁচফোড়নে। মেথি, কালোজিরে, জিরে, মৌরি ও সর্ষে দিয়ে তৈরি ফোড়ন গরম তেলে দিলে রান্নায় সুন্দর গন্ধ আসে।

৩. বেশি জল দেবেন না: লাবড়া খুব পাতলা করে রান্না করার প্রয়োজন নেই। সবজি সেদ্ধ হওয়ার সময় নিজেরাও জল ছাড়ে। তাই প্রথমে অল্প জল দিন। পরে প্রয়োজন বুঝে আরও জল মেশাতে পারেন।

৪. মশলা রাখুন হালকা: লাবড়ায় বেশি গরম মশলা বা লাল লঙ্কা দেওয়ার দরকার নেই। অল্প মশলা আর পাঁচফোড়নেই স্বাদ।

TAGS:
POST A COMMENT
Advertisement