ফুলকপি-মটরশুঁটির পুর দিয়ে বানিয়ে ফেলুন সিঙ্গারা, চায়ের সঙ্গে জমে যাবে

একটি বড় পাত্রে ময়দা নিন। তাতে স্বাদমতো নুন এবং দু'চামচ সাদা তেল বা ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ময়দা হাতে নিয়ে মুঠো করলে যদি দলা তৈরি হয়, তা হলে বুঝবেন তেলের পরিমাণ ঠিক রয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত করে ময়দা মেখে নিন।

Advertisement
ফুলকপি-মটরশুঁটির পুর দিয়ে বানিয়ে ফেলুন সিঙ্গারা, চায়ের সঙ্গে জমে যাবেসিঙ্গারা
হাইলাইটস
  • সিঙ্গারা সুন্দর সোনালি ও খাস্তা হয়ে গেলে তুলে নিন।
  • অতিরিক্ত তেল ঝরিয়ে একটি পাত্রে রাখুন

শীতের বাজারে নতুন ফুলকপি আর কচি মটরশুঁটি উঠতে শুরু করেছে। এই দুই সবজি দিয়ে নানা রকম পদ তো বাড়িতেই তৈরি হয়। কিন্তু বিকেলের চায়ের সঙ্গে যদি গরমাগরম ফুলকপি-মটরশুঁটির সিঙ্গারা পাওয়া যায়, তা হলে আড্ডার মেজাজই বদলে যাবে! দোকান থেকে সিঙ্গারা কিনে আনার দরকার নেই। বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন মুচমুচে, সুস্বাদু সিঙ্গারা। বাইরে খাস্তা ময়দার আবরণ, ভিতরে মশলাদার ফুলকপি ও মটরশুঁটির পুর। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রইল সহজ রেসিপি।

কী কী উপকরণ লাগবে?

এই সিঙ্গারা তৈরির জন্য লাগবে একটি মাঝারি মাপের তাজা ফুলকপি, এক কাপ কচি মটরশুঁটি, দু'টি মাঝারি মাপের আলু, দুই কাপ ময়দা, দু'চামচ সাদা তেল বা ঘি, এক চামচ আদা বাটা, দু'টি কাঁচালঙ্কা কুচি, আধ চামচ জিরে, সামান্য গোটা ধনে, এক চিমটি হিং, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরমমশলা, নুন এবং স্বাদমতো চিনি। চাইলে পুরে কিছুটা ভাজা চিনাবাদাম ও কিশমিশও দিতে পারেন। এতে সিঙ্গারার স্বাদ আরও বেড়ে যাবে। ভাজার জন্য প্রয়োজনমতো সাদা তেল লাগবে।

প্রথমে তৈরি করে নিন ফুলকপি-মটরশুঁটির পুর

প্রথমে ফুলকপির পাতা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। তার পর ছোট ছোট টুকরো করে কেটে নিন। ফুলকপি খুব বড় করে কাটবেন না। ছোট টুকরো হলে মশলা ভালভাবে মিশবে এবং পুরের স্বাদও বাড়বে। আলু ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। মটরশুঁটি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখুন। চাইলে বাজার থেকে ছাড়ানো মটরশুঁটিও কিনতে পারেন।

এবার কড়াইয়ে সামান্য তেল গরম করে ফুলকপির টুকরোগুলি হালকা ভেজে তুলে রাখুন। একইভাবে আলুর টুকরোও কিছুটা ভেজে নিন। এর পর কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে জিরে, গোটা ধনে এবং এক চিমটি হিং ফোড়ন দিন। সুগন্ধ বের হলে আদা বাটা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন।

Advertisement

এবার কড়াইয়ে আলু, ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে দিন। উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন মিশিয়ে ভাল করে নাড়ুন। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। সবজি নরম হয়ে এলে ভাজা জিরে গুঁড়ো, গরমমশলা এবং সামান্য চিনি দিয়ে দিন। চাইলে এই সময় ভাজা চিনাবাদাম ও কিশমিশ মিশিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, পুর যেন বেশি নরম বা জলজলে না হয়ে যায়। সিঙ্গারার ভিতরে ঝরঝরে পুর থাকলেই খেতে বেশি ভাল লাগে। রান্না হয়ে গেলে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিন।

এবার তৈরি করুন সিঙ্গারার ময়দার খোল

একটি বড় পাত্রে ময়দা নিন। তাতে স্বাদমতো নুন এবং দু'চামচ সাদা তেল বা ঘি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ময়দা হাতে নিয়ে মুঠো করলে যদি দলা তৈরি হয়, তা হলে বুঝবেন তেলের পরিমাণ ঠিক রয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত করে ময়দা মেখে নিন। সিঙ্গারার খোল মুচমুচে করতে ময়দা খুব নরম করে মাখবেন না। মাখা হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ২০ মিনিট রেখে দিন।

এর পর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি লম্বাটে করে বেলে মাঝখান থেকে দু'ভাগ করুন। একটি অংশ নিয়ে অর্ধচন্দ্রাকার করে ভাঁজ করে শঙ্কুর মতো আকৃতি তৈরি করুন। দুই প্রান্তে সামান্য জল লাগিয়ে ভাল করে আটকে দিন। এবার ভিতরে আগে থেকে তৈরি করে রাখা ফুলকপি-মটরশুঁটির পুর ভরে দিন। উপরের খোলা অংশে জল লাগিয়ে ময়দা দিয়ে চেপে বন্ধ করে দিন। সিঙ্গারার গায়ে যেন কোনও ফাঁক না থাকে। তা হলে ভাজার সময় পুর বাইরে বেরিয়ে আসতে পারে।

কম আঁচে ভাজলেই হবে দোকানের মতো মুচমুচে

এবার কড়াইয়ে পর্যাপ্ত তেল ঢেলে গরম করুন। তবে সিঙ্গারা দেওয়ার সময় তেল যেন খুব বেশি গরম না থাকে। মাঝারি থেকে কম আঁচে সিঙ্গারাগুলি ছেড়ে দিন। একসঙ্গে অনেকগুলি সিঙ্গারা দেবেন না। ধীরে ধীরে উল্টেপাল্টে ভাজুন। বাইরে সোনালি রং ধরতে শুরু করলে বুঝবেন সিঙ্গারা তৈরি হচ্ছে। বেশি আঁচে তাড়াহুড়ো করে ভাজবেন না। তাতে বাইরে রং ধরে গেলেও ভিতরের ময়দা ঠিকমতো খাস্তা হবে না। ধৈর্য ধরে কম আঁচে ভাজাই সিঙ্গারা মুচমুচে করার আসল কৌশল।

সিঙ্গারা সুন্দর সোনালি ও খাস্তা হয়ে গেলে তুলে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে একটি পাত্রে রাখুন। এবার গরমাগরম পরিবেশন করুন টম্যাটো সস, কাসুন্দি কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে।

শীতের বিকেলে এক কাপ গরম চা আর বাড়িতে তৈরি ফুলকপি-মটরশুঁটির সিঙ্গারা, জমে যাবে আড্ডা। নতুন ফুলকপির সঙ্গে কচি মটরশুঁটির মিষ্টি স্বাদ এই সিঙ্গারা। 

POST A COMMENT
Advertisement