Paneer Bhurji Recipe: বানান পনিরের ভুরজি, স্বাদে দেবে টেক্কা ডিমকেও

Paneer Bhurji Recipe: সকালের জলখাবারে ডিমের পদ অনেকেরই পছন্দ। কিন্তু যাঁরা ডিম খান না, তাঁদের জন্য রয়েছে অন্য একটি বিকল্প।

Advertisement
বানান পনিরের ভুরজি, স্বাদে দেবে টেক্কা ডিমকেওযাঁরা ডিম খান না, তাঁদের জন্য রয়েছে অন্য একটি বিকল্প।

Paneer Bhurji Recipe: সকালের জলখাবারে ডিমের পদ অনেকেরই পছন্দ। কিন্তু যাঁরা ডিম খান না, তাঁদের জন্য রয়েছে অন্য একটি বিকল্প। বাড়িতে থাকা পনির দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পনিরের ভুরজি। অল্প সময়ে তৈরি এই পদ রুটি, পরোটা কিংবা পাউরুটির সঙ্গে দিব্যি মানিয়ে যায়। স্বাদে যেমন ভাল, তেমনই পনির থেকে মেলে প্রোটিন। তাই ব্যস্ত সকালে জলখাবারের তালিকায় রাখতে পারেন এই পদ।

পনিরের ভুরজি বানাতে কী কী লাগবে?
২০০ গ্রাম পনির, একটি মাঝারি পেঁয়াজ, একটি টম্যাটো, একটি কাঁচালঙ্কা, এক চা-চামচ আদা কুচি, সামান্য ধনেপাতা, আধ চা-চামচ হলুদ গুঁড়ো, আধ চা-চামচ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, নুন এবং প্রয়োজনমতো তেল লাগবে। স্বাদ বাড়াতে চাইলে সামান্য গরমমশলাও দিতে পারেন।

কীভাবে বানাবেন পনিরের ভুরজি?
প্রথমে পনির হাত দিয়ে ভাল করে ঝুরঝুরে করে ভেঙে নিন। চাইলে বড় ছিদ্রের গ্রেটার দিয়েও কুরিয়ে নিতে পারেন। এ বার কড়াইয়ে সামান্য তেল গরম করুন। তেল গরম হলে জিরে দিন। তার পর কুচোনো পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

এ বার আদা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তার পর কুচোনো টম্যাটো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন মেশান। টম্যাটো নরম হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ঝুরঝুরে পনির দিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট রান্না করুন। পনির বেশি সময় রান্না করলে শক্ত হয়ে যেতে পারে। তাই বেশি ক্ষণ কড়াইয়ে রাখবেন না। শেষে ধনেপাতা ও সামান্য গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিন।

পুষ্টিগুণেও এগিয়ে পনির
পনিরে প্রোটিন থাকে, যা পেশি গঠন ও শরীরের স্বাভাবিক কাজকর্মে সাহায্য করে। এতে ক্যালশিয়ামও রয়েছে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। তবে পনিরে ফ্যাট ও ক্যালরিও থাকে। তাই পরিমাণ বুঝে খাওয়াই ভাল।

গরম গরম পনিরের ভুরজি রুটি, পরোটা কিংবা পাউরুটির সঙ্গে পরিবেশন করুন। স্বাদ বদলাতে চাইলে সকালের জলখাবারে এই সহজ রেসিপি এক বার চেষ্টা করে দেখতে পারেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement