Paneer Bread Pakoda: একঘেয়ে তেলেভাজায় মুখে অরুচি? চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে পনির ব্রেড পকোড়া, রেসিপি

Evening Snacks Recipe: চায়ের সঙ্গে আলু বা সাধারণ ব্রেড পকোড়া অনেকেরই অল-টাইম ফেভারিট। কিন্তু রোজ রোজ একঘেয়ে ব্রেড পকোড়া খেতে আর কারই বা ভাল লাগে! উইকেন্ড বা ছুটির দিনের জলখাবারে একটু অন্য রকম, চটপটে কিছু বানাতে চাইলে পনির ব্রেড পকোড়া হতে পারে আপনার পারফেক্ট চয়েস।

Advertisement
চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে পনির ব্রেড পকোড়া, রেসিপি পনির ব্রেড পকোড়া

বাঙালির সকাল বা বিকেলের জলখাবার মানেই চায়ের আড্ডার সঙ্গে ‘টা’-এর খোঁজ। আর সেই ‘টা’ যদি হয় পকোড়া, তবে তো কথাই নেই! চায়ের সঙ্গে আলু বা সাধারণ ব্রেড পকোড়া অনেকেরই অল-টাইম ফেভারিট। কিন্তু রোজ রোজ একঘেয়ে ব্রেড পকোড়া খেতে আর কারই বা ভাল লাগে! উইকেন্ড বা ছুটির দিনের জলখাবারে একটু অন্য রকম, চটপটে কিছু বানাতে চাইলে পনির ব্রেড পকোড়া হতে পারে আপনার পারফেক্ট চয়েস।

এটি সাধারণ ব্রেড পকোড়ার একটি রিচ এবং সুস্বাদু ভার্সন। মশলাদার সেদ্ধ আলুর সঙ্গে পনিরের একটি পুরু, ক্রিমি স্লাইস— সব মিলিয়ে স্বাদ একেবারে লাজবাব! বাইরে বেসনের মুচমুচে আস্তরণ আর ভিতরে নরম পনির ও আলুর মেলবন্ধন, প্রতি কামড়েই এনে দেবে তৃপ্তি। ছোট থেকে বড়, সকলেরই জিভে জল আনতে বাধ্য এই স্ন্যাকস। জেনে নিন, একেবারে দোকানের মতো মুচমুচে পনির ব্রেড পকোড়া তৈরির সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ 

পাউরুটি: ৬-৮টি স্লাইস (সাদা বা ব্রাউন ব্রেড)

পনির: ২০০ গ্রাম (পাতলা ও চৌকো করে কাটা)

সেদ্ধ আলু: ৩-৪টি (ভাল করে চটকানো)

বেসন: ২ কাপ

কাঁচা লঙ্কা: ২টি (মিহি করে কুচনো)

ধনে পাতা কুচি: আধ কাপ

আদা বাটা: ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

চাট মশলা বা আমচুর পাউডার: ১ চা চামচ

জোয়ান: আধ চা চামচ (বেসনের গোলার জন্য)

বেকিং সোডা (মিঠে সোডা): ১ চিমটে (পকোড়া ফোলানোর জন্য)

সবুজ চাটনি: আধ কাপ (পাউরুটিতে মাখানোর জন্য)

নুন: স্বাদ মতো

সাদা তেল: ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে

 প্রণালী

১. ব্যাটার তৈরি: প্রথমে একটি বড় পাত্রে বেসন নিয়ে তাতে জোয়ান (হাতে সামান্য ঘষে নিয়ে দেবেন, গন্ধ ভাল বেরবে), হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, এক চিমটে বেকিং সোডা এবং স্বাদ মতো নুন মিশিয়ে নিন। এ বার অল্প অল্প জল দিয়ে একটি মসৃণ ও ঘন ব্যাটার (গোলা) তৈরি করুন। খেয়াল রাখবেন, ব্যাটার যেন খুব বেশি পাতলা বা খুব ঘন না হয়, যাতে পাউরুটির গায়ে সুন্দর আস্তরণ তৈরি হয়। ব্যাটারটি অন্তত ১০ মিনিট ঢাকা দিয়ে সেট হতে দিন। 

Advertisement

২. আলুর পুর তৈরি: একটি প্যানে এক চামচ তেল গরম করে তাতে আদা বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিন। এর পর চটকানো আলু, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা বা আমচুর পাউডার ও নুন দিয়ে ২-৩ মিনিট ভাল করে কষিয়ে নিন। শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন এবং পুরটি সম্পূর্ণ ঠান্ডা হতে দিন।

৩. স্যান্ডউইচ প্রস্তুত করা: এ বার দু’টি পাউরুটির স্লাইস নিন। একটি স্লাইসে ভাল করে ধনে পাতার চাটনি (সবুজ চাটনি) মাখিয়ে নিন। তার উপর তৈরি করে রাখা আলুর পুরের একটি পাতলা স্তর সমান ভাবে ছড়িয়ে দিন। এ বার এর উপর পনিরের একটি চৌকো টুকরো রাখুন। অন্য পাউরুটির স্লাইসটি দিয়ে ঢেকে স্যান্ডউইচের মতো বানিয়ে নিন এবং ধারালো ছুরি দিয়ে কোণাকুণি ভাবে (ট্রায়াঙ্গেল শেপ) কেটে নিন।

৪. ভাজার পালা: কড়াইতে বেশ কিছুটা তেল গরম করুন। তেল গরম হলে গ্যাসের আঁচ মাঝারি করে দিন। এ বার কেটে রাখা স্যান্ডউইচগুলো বেসনের গোলায় ভাল করে ডুবিয়ে নিন, যাতে চারদিকে বেসনের প্রলেপ লাগে। তার পর সাবধানে গরম তেলে ছেড়ে দিন।

৫. পরিবেশন: পকোড়ার দু’দিক উল্টেপাল্টে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর তুলে নিন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।

ব্যস, আপনার গরম গরম এবং জিভে জল আনা পনির ব্রেড পকোড়া একেবারে তৈরি! সন্ধের চায়ের আড্ডায় টম্যাটো কেচাপ বা পুদিনা-ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন এই মুচমুচে স্ন্যাকস।


 

POST A COMMENT
Advertisement