Paneer Posto Recipe: ভাত হোক বা রুটি, টেস্টি পনির পোস্ত রাখুন সঙ্গে, রইল সহজ রেসিপি
অত্যন্ত সুস্বাদু একটি পদ হল পনির পোস্ত। এটা বানানোও খুবই সহজ। কী কী লাগবে? কীভাবে বানাবেন পনির পোস্ত? জেনে নিন দ্রুত।
পনির পোস্ত বানানোর রেসিপি- কলকাতা,
- 06 Nov 2026,
- (Updated 06 Nov 2026, 1:58 PM IST)
হাইলাইটস
- অত্যন্ত সুস্বাদু একটি পদ হল পনির পোস্ত
- এটা বানানোও খুবই সহজ
- কী কী লাগবে? কীভাবে বানাবেন পনির পোস্ত?
পোস্ত আর পনির, এই দুইই খুব পছন্দের? তাহলে আজ এই দুটোকে একসঙ্গে মিলিয়ে একটা রেসিপির কথা বলি। এই অভিনব রেসিপির নাম হল পনির পোস্ত। এটা অত্যন্ত সুস্বাদু একটি পদ। একবার খেলে বারবার খেতে চাইবেন। তাই আর সময় নষ্ট নয়, বরং পনির পোস্ত বানানোর জন্য ঠিক কী কী লাগবে, কীভাবে এটা বানাবেন, গোটা প্রসেসটা জেনে নিন। তারপর নিয়ম মেনে পদটা বানিয়ে নিন। হলফ করে বলতে পারি, গরম ভাত বা রুটির সঙ্গে একবারে জমে যাবে।
কী কী লাগবে?
- পনির নিন ২৫০ গ্রাম
- পোস্ত বাটা লাগবে ৩ টেবিল চামচ
- কাঁচালঙ্কা নিন ৩ থেকে ৪টি
- কালো জিরে নিতে হবে আধ চামচ
- তেজপাতা লাগবে ১টি
- টমেটো কুচি নিন ১টি মাঝারি মাপের
- হলুদ গুঁড়ো লাগবে ১/৪ চা চামচ
- লঙ্কা গুঁড়ো নিন আধ চামচ
- চিনি নিন ১/৪ চা চামচ
- সর্ষের তেল লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
- জল লাগবে অল্প পরিমাণে
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে পনিরের টুকরোগুলোতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর গ্যাস জ্বালান। তাতে দিন তেল। সেই তেলে পনিরগুলি হালকা সোনালী করে ভেজে তুলে নিতে পারেন। এটা হল প্রথম স্টেপ।
- এদিকে আবার পোস্তদানা বেটে নিতে হবে। এক্ষেত্রে একটি পাত্রে কাঁচালঙ্কা, সামান্য নুন ও পোস্ত নিন। তারপর মিহি করে বেটে নিতে হবে।
- এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেলে একটা তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিন।
- এরপর কড়াইতে টমেটো কুচি দিতে হবে। তারপর নাড়তে থাকুন। যতক্ষণ না টমেটো নরম হয়, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। এরপর হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভাল করে কষিয়ে নিতে হবে।
- মশলা থেকে তেল ছাড়লে বেটে রাখা পোস্ত বাটা দিন। গ্যাসের আঁচ কমিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। মশলা খুব বেশি ভাজবেন না। তাতে পোস্ত পুড়ে যেতে পারে। এটা তেতো হয়ে যেতে পারে।
- এরপর পরিমাণমতো জল দিন কড়াইতে। সেই সঙ্গে স্বাদমতো চিনি ও নুন দিতে হবে। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো ও চেরা কাঁচালঙ্কা দিন।
- এবার ঢাকা দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে ফুটতে দিন। গ্রেভি ঘন হলে উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তারপর গ্যাস বন্ধ করুন। তাহলেই কাজ শেষ। তৈরি হয়ে গেল সেরার সেরা পনির পোস্ত। এই পদটা রুটি বা ভাত দুইয়ের সঙ্গেই খেতে পারেন। তাতে লাগবে দারুণ।