দুই থালা ভাত খেয়ে ফেললে তার দায় কিন্তু আমাদের নয়!মাছ-ভাত বলতে সাধারণত লোকে পোনা মাছই বোঝে। রুই-কাতলাই সাধারণত মধ্যবিত্ত বাঙালি বাড়িতে বেশি হয়। কখনও পাতলা ঝোল, কখনও সর্ষে দিয়ে ঝাল, আবার কখনও কালিয়া। কিন্তু রোজ একই ধরনের রান্না খেতে খেতে বিরক্তি আসা স্বাভাবিক। তাই এ বার স্বাদ বদলাতে বানিয়ে দেখতে পারেন পোনা মাছের ভর্তা। অল্প কয়েকটি উপকরণেই তৈরি করা যায়দ। গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। বানানোর ঝক্কিও কম। তবে শুরুতেই বলে রাখি, এটা যেদিন বানাবেন, চালটা একটু বেশিই নেবেন। মেখে মেখে দুই থালা ভাত খেয়ে ফেললে তার দায় কিন্তু আমাদের নয়!
উপকরণ
পোনা মাছ, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, হলুদ এবং নুন। স্বাদ বাড়াতে সামান্য ধনেপাতা ও লেবুর রসও ব্যবহার করতে পারেন। মাছের পরিমাণ অনুযায়ী উপকরণের মাত্রা ঠিক করে নিন।
প্রণালী
প্রথমে মাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এর পরে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলি ভেজে নিন। খেয়াল রাখবেন, মাছ যেন ভিতর পর্যন্ত ভাল ভাবে সেদ্ধ হয়। ভাজার পরে কাঁটা বেছে মাছের মাংস আলাদা করে রাখুন।
এ বার অন্য একটি পাত্রে সামান্য সর্ষের তেল গরম করুন। তাতে পেঁয়াজ কুচি, রসুন এবং শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি হলে আঁচ বন্ধ করুন। এর সঙ্গে মাছের মাংস মিশিয়ে নিন। কাঁচালঙ্কা কুচি এবং প্রয়োজনমতো নুন দিন। এ বার হাত দিয়ে বা চামচের সাহায্যে সব উপকরণ ভাল করে মেখে নিন। শেষে সামান্য সর্ষের তেল, ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে দিন।
তৈরি পোনা মাছের ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে সঙ্গে আরও পেঁয়াজ ও কাঁচালঙ্কা নিতে পারেন।