পঞ্জাবি ডাল তড়কা রেসিপিগোটা ভারতের সব জায়গাতেই মানুষ ডাল খান। নানা ধরনের ডালের পদ। অধিকাংশ বাড়িতেই রোজ ডাল ছাড়া চলে না। তবে রোজকার সাদামাটা ডালের বদলে যদি একটু অন্য রকম ও সুস্বাদু কিছু খেতে চান, তা হলে বানিয়ে ফেলতে পারেন পঞ্জাবি ডাল তড়কা। ছোলার ডাল এবং অড়হর ডাল দিয়ে তৈরি হয়। তারউপর দেওয়া হয় রসুন, জিরে এবং শুকনো লঙ্কার তড়কা। ডাল দিয়েই রুটি বা এক থালা ভাত খেয়ে নেবেন। জেনে নিন বাড়িতে কীভাবে তৈরি করবেন পঞ্জাবি ডাল তড়কা, কী কী উপকরণ লাগবে।
ডালের জন্য:
১/২ কাপ ছোলার ডাল
১/২ কাপ অড়হর ডাল
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ নুন
১ কাপ জল
গ্রেভির জন্য:
২ টেবিল চামচ তেল
১ চা চামচ জিরে
১ চা চামচ আদা-রসুন বাটা
১টি পেঁয়াজ, কুচি করা
১টি কুচি করা টমেটো
১/৪ চা চামচ নুন
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ কাপ ডালের জল
১/২ চা চামচ কসৌরি মেথি
১টি কুচি করা কাঁচা লঙ্কা
১/২ চা চামচ গরম মশলা
তড়কার জন্য:
২ টেবিল চামচ তেল
১/২ চা চামচ জিরে
১ চা চামচ কুচি করা রসুন
২টি গোটা শুকনো লঙ্কা
১/২ চা চামচ কুচি করা আদা
১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
২ টেবিল চামচ কুচি করা ধনেপাতা
কীভাবে বানাবেন পঞ্জাবি ডাল তড়কা?
প্রথমে ছোলার ডাল এবং অড়হর ডাল ভাল করে ধুয়ে নিন। এরপর দু'টি ডাল আলাদা করে প্রায় ২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল দু'টি প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে হলুদ, নুন এবং জল দিন। ৩-৪টি সিটি দেওয়ার নামিয়ে নিন। ডাল ভাল করে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে।
এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে দিন। জিরে ফুটতে শুরু করলে আদা-রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
পেঁয়াজ ভাজা হয়ে গেলে কুচি করা টমেটো, নুন, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং গরম মশলা দিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে ভাজতে থাকুন। টমেটো নরম হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কসৌরি মেথি দিয়ে মিশিয়ে নিন।
এর মধ্যে আধ কাপ ডালের জল এবং সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী সামান্য জল মিশিয়ে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। এতে মশলার স্বাদ ডালের সঙ্গে মিশে যাবে।
এবার ডালের জন্য তড়কা তৈরি করতে হবে। ছোট একটি প্যানে তেল গরম করে তাতে জিরে, কুচি করা রসুন, আদা এবং গোটা শুকনো লঙ্কা দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। একেবারে শেষে লঙ্কার গুঁড়ো এবং কুচি করা ধনেপাতা দিয়ে দিন। তড়কা গরম গরম ডালের উপর ঢেলে দিন।
তৈরি পঞ্জাবি স্টাইল ডাল তড়কা। চাল, রুটি, তন্দুরি রুটি, নান বা পরোটার সঙ্গে গরম গরম খান।