খাঁটি বাঙালি প্লাস্টিক চাটনির রেসিপি Plastic Chutney Recipe: খাবারের পর মিষ্টি ও হালকা টক কিছু খেলে পুরো ভোজটাই জমে ওঠে। জমিয়ে খাওয়াদাওয়ার শেষে একটু চাটনি অনেকেরই চাই। আরও ভাল করে বললে শেষপাতে চাটনি ছাড়া অনেকের জমে না। আর দারুণ উপকারী পেঁপে দিয়েও বানানো যায় সুস্বাদু চাটনি। অনেকেই হয়তো নাক সিঁটকোবেন। কিন্তু সহজলভ্য এই পেঁপের চাটনি যে জিভে জল আনতে পারে, তা হয়তো চেখে না দেখলে বোঝা সম্ভব নয়! হাতের কাছে থাকা কয়েকটা সাধারণ উপকরণ পরিমাণমতো ব্যবহার করে এই পেঁপের চাটনি আনারস বা আমের চাটনিকেও গুণে গুণে দশ গোল দিতে পারে।
কাঁচা পেঁপের চাটনি ট্রান্সপারেন্ট, তাই একে প্লাস্টিক চাটনিও বলা হয়। এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন প্লাস্টিক চাটনি। মিষ্টি, টক আর হালকা ঝাল স্বাদের এই চাটনি জেনে নিন কীভাবে বানাবেন।
উপকরণ
কাঁচা পেঁপে – ২ কাপ (কুচি বা কুরানো), চিনি – ১ কাপ (স্বাদমতো), লেবুর রস – ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা – ২–৩টি, তেজপাতা – ১টি, সর্ষের তেল – ১ চা চামচ, নুন – হাফ চা চামচ, আদা কুচি – হাফ চা চামচ, জল – ১ কাপ।
প্রস্তুত প্রণালী
প্রথমে কাঁচা পেঁপে কুরিয়ে নিন বা ছোট কুচি করে কেটে নিন। অল্প নুন দিয়ে ফুটন্ত জলে আধা সেদ্ধ করে নিন, জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, আর আদা কুচি দিয়ে নেড়ে নিন। এ বার সেদ্ধ পেঁপে কড়াইতে দিয়ে ভালভাবে মেশান। চিনি আর ১ কাপ জল দিয়ে মাঝারি আঁচে রান্না করুন, চিনি গলে গেলে আঁচ একটু কমিয়ে দিন। এ বাপ চাটনি একটু ঘন হয়ে এলে লেবুর রস দিন এবং আরও ২ মিনিট নাড়াচাড়া করুন। ঠান্ডা হয়ে এলেই তৈরি পেঁপের প্লাস্টিক চাটনি। এর সঙ্গে যদি থাকে একখানা পাঁপড়, তা হলে তো আর কথাই নেই।
প্লাস্টিক চাটনির বিশেষত্ব কী?
প্লাস্টিক চাটনি নামটি শুনলে অনেকেই বিভ্রান্ত হন, কিন্তু বাস্তবে এর সঙ্গে প্লাস্টিকের কোনও সম্পর্ক নেই। এর এমন নামকরণের কারণ হলো, কাঁচা পেঁপে পাতলা করে কেটে রান্না করলে তা প্লাস্টিকের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে যায়। এই চাটনি খেতে মিষ্টি, হালকা টক এবং সামান্য ঝাল। কোনও উৎসব বা বিশেষ পারিবারিক অনুষ্ঠানে এটি অনেক বাড়িতেই অপরিহার্য পদ। এর মিষ্টি ও টক স্বাদ শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সকলেরই প্রিয়।
স্বাদ বাড়ানোর কিছু ছোট টিপস
আপনি যদি আপনার চাটনিকে আরও বিশেষ করে তুলতে চান, তাহলে সামান্য আদার রস যোগ করুন। এতে একটি হালকা টক ভাব আসে। বিকল্পভাবে, যদি আপনি আরও টক স্বাদ পছন্দ করেন, তাহলে সামান্য লেবুর রস যোগ করতে পারেন।