মশলার রেসিপিঠাকুমা, দিদাদের রান্নার ব্যাপারই আলাদা ছিল। সাধারণ রান্নাও যেন অমৃতের সমান। এখন আর তেমন স্বাদ মেলে না। অনেকের মাথাতেই এসেছে এই ভাবনা। কেন বলুন তো? সেই স্বাদ আসে না। আসলে পুরোটা মশলার খেলা। আসলে বাজারের মশলায় সেই সুগন্ধ এবং স্বাদ পাওয়া যায় না। একই স্বাদের খাবার খেতে খেতে আপনিও কি বিরক্ত? তা হলে নতুন নতুন রেসিপি খুঁজে বার করার দরকার নেই। মাত্র একটা মশলাই বদলে দিতে পারেন আপনার রোজকার সবজির স্বাদ। হ্যাঁ গোটা মশলা ভেজেই তৈরি করতে পারেন এই কালো মশলা।
আলাদা করে বেশি কিছু করারও প্রয়োজন নেই। একবার এই মশলা তৈরি করে গুঁড়ো করে রেখে দিন। তারপর যে কোনও সবজি রান্না করার সময় সামান্য এই মশলা মিশিয়ে দিলেই হবে। তারপর দেখুন বাড়ির সকলেই জানতে চাইবে, সবজিতে কী দিয়েছেন। বাড়িতে সহজেই এই ভাজা মশলা বানিয়ে ফেলতে পারেন। গোটা মশলা ভেজে বানান এই কালো মশলা।
কী কী লাগবে
শুকনো লঙ্কা, শুকনো কারিপাতা, জিরে, গোলমরিচ, গোটা ধনে, মেথি, কসৌরি মেথি, সর্ষে এবং সামান্য তিল।
কোন মশলা কতটা নেবেন?
একসঙ্গে কতটা মশলা তৈরি করছেন, সেই অনুযায়ী উপকরণের পরিমাণ কম-বেশি করতে পারেন।
শুকনো লঙ্কা: ৫-৬টি
কারিপাতা: এক মুঠো
জিরে: ২ চা চামচ
গোলমরিচ: ৫-৬টি
গোটা ধনে: ১ চা চামচ
মেথি: সামান্য
কসৌরি মেথি: সামান্য
সর্ষে: আধ চা চামচ
সাদা তিল: ১ চা চামচ
কম আঁচে ভেজে নিন
গ্যাসে তাওয়া বসিয়ে তার উপর সমস্ত গোটা মশলা দিয়ে শুকনো ভেজে নিন। এই সময় আঁচ একেবারে কম রাখবেন, যাতে মশলা দ্রুত পুড়ে না যায়। নাড়তে নাড়তে মশলাগুলি ভেজে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবং রং সামান্য বদলে গেলে গ্যাস বন্ধ করে দিন। এরপর মশলাগুলি নামিয়ে ঠান্ডা হতে দিন।
গুঁড়ো করে নিন
মশলাগুলি ঠান্ডা হয়ে গেলে মিক্সারের জারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। মশলা যতটা সম্ভব মিহি করে নেবেন, যাতে সবজির সঙ্গে সহজেই মিশে যায়। গুঁড়ো হয়ে গেলে পরিষ্কার এবং শুকনো বায়ুরোধী পাত্রে ভরে রেখে দিন। প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন।
রান্নায় কীভাবে দেবেন?
যে কোনও ধরনের সবজিতেই এই ভাজা মশলা ব্যবহার করা যায়। সবজি রান্না করার সময় প্রথমে অন্যান্য মশলা ভালভাবে কষিয়ে নিন। এরপর যখন সবজি দেওয়ার সময় হবে, তখন সামান্য এই ভাজা মশলা দিয়ে দিন। ভাল করে মিশিয়ে রান্না করলেই সবজিতে মশলার দারুণ সুগন্ধ এবং স্বাদ পাবেন। স্বাদে আসবে নতুনত্ব।