Chicken Chaap recipe: রেস্তোরাঁ স্টাইলে টেস্টি, জুসি চিকেন চাপ বানান বাড়িতে, সহজ রেসিপি, খেলেই আঙুল চাটবেন

রেস্তোরাঁর মতো স্টাইলে বানিয়ে নিন চিকেন চাপ। খেতে হবে দারুণ। কী কী লাগবে? কীভাবে বানাবেন? টেস্টি ও জুসি চিকেন চাপ বানানোর পুরো পদ্ধতি জানুন।

Advertisement
রেস্তোরাঁ স্টাইলে টেস্টি, জুসি চিকেন চাপ বানান বাড়িতে, সহজ রেসিপি, খেলেই আঙুল চাটবেনচিকেন চাপ রেসিপি
হাইলাইটস
  • রেস্তোরাঁর মতো স্টাইলে বানিয়ে নিন চিকেন চাপ
  • কী কী লাগবে? কীভাবে বানাবেন?
  • টেস্টি ও জুসি চিকেন চাপ বানানোর পুরো পদ্ধতি জানুন

রেস্তোরাঁয় গিয়ে চিকেন চাপ তো খেয়েছেন। তবে কখনও বাড়িতে বানিয়েছেন কি? উত্তর না হলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। কারণ, এই নিবন্ধে খুব সহজে বাড়িতেই রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাপ বানানোর সেরা রেসিপি দেওয়া হল। এই নিয়ম মেনে পদটা বানিয়ে নিলেই কেল্লাফতে। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে একবারে জমে যাবে। এছাড়া বাড়িতে বিরিয়ানি বানিয়েও সাইড ডিশ হিসেবে খেতে পরেন চিকেন চাপ। 

তাই আর সময় নষ্ট নয়, বরং রেস্তোরাঁ স্টাইলে টেস্টি ও জুসি চিকেন চাপ বানাতে কী লাগবে এবং এটা বানানোর পদ্ধতি জেনে নিন। 

কী কী লাগবে? 
চিকেন লাগবে ১ কেজি। তবে শুধু লেগ পিস লাগবে। সেক্ষেত্রে ৪টি বড় সাইজের লেগ নিন।

মেরিনেশনের জন্য যা লাগবে... 

  • ফেটানো টক দই লাগবে ৩ টেবিল চামচ
  • কাজু বাদাম, পোস্ত দানা ও মগজ দানা বাটা মিশিয়ে ১ কাপ লাগবে
  • মাঝারি সাইজের ৩টি পেঁয়াজের বেরেস্তা করে নিন
  • ২ থেকে ২.৫ ইঞ্চি সাইজের আদা বাটা লাগবে
  • ১৫ বা ২০ কোয়া রসুনের বাটা লাগবে 
  • ৪টি কাঁচা লঙ্কা বেটে নিন
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে ১.৫ টেবিল চামচ
  • সাধারণ লাল লঙ্কা গুঁড়ো নিন ১ টেবিল চামচ
  • বিরিয়ানি মশলা লাগবে ১ টেবিল চামচ
  • গুঁড়ো দুধ নিন ৩ টেবিল চামচ
  • বেসন ২ টেবিল চামচ
  • গোলাপ জল নিন ১ টেবিল চামচ
  • কেওড়া জল নিতে হবে ১.৫ টেবিল চামচ
  • মিষ্টি আতর লাগবে ২ ফোঁটা
  • ঘি নিন ১ টেবিল চামচ

রান্নার জন্য কী লাগবে? 

  • সাদা তেল লাগবে ৪ টেবিল চামচ
  • ঘি নিন ১ টেবিল চামচ

চিকেন চাপ বানাবেন কীভাবে?

  1. সবার প্রথমে চিকেনের লেগ পিসগুলো ভাল করে ধুয়ে নিন। এগুলির জল ঝরিয়ে নিতে হবে। এবার ছুরির সাহায্যে মাংসের গায়ে হালকা করে চিরে দিন। তাতে মাংসের ভেতরে মশলা ঢুকবে।
  2. এবার ম্যারিনেশনের পালা। একটি বড় পাত্র নিন। তাতে দই, কাজু-পোস্ত-মগজ বাটা, আদা-রসুন-কাঁচা লঙ্কা বাটা, বেরেস্তা, সব গুঁড়ো মশলা, গুঁড়ো দুধ, বেসন, নুন, ঘি, গোলাপ জল, কেওড়া জল ও মিষ্টি আতর দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এভাবে ঘন পেস্ট তৈরি করুন। 
  3. তারপর এই পেস্টের মধ্যে চিকেন পিসগুলো ভাল করে মাখিয়ে নিতে হবে। তারপর ৪-৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। গোটা রাতও রেখে দিতে পারেন। পরের দিন না হয় রান্নাটা করবেন।
  4. ম্যারিনেশন হলে কড়াইতে তেল ও ঘি গরম করুন। এবার ম্যারিনেট করা চিকেন পিসগুলো কড়াইতে দিয়ে দিন। এই সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। কড়াই ঢাকা দিয়ে রান্না করুন। 
  5. একটু নজর রাখবেন। মাঝে মধ্যে ঢাকনা খুলে মাংসগুলো উল্টে দিন। তাতে মাংসগুলি নীচে লেগে যাবে না।
  6. এভাবে কিছুক্ষণ রান্না করলেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তারপর মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। 
  7. এই সময় উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিন। তারপর নামিয়ে নিন। তাহলেই কাজ হবে। 

এভাবেই বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলে টেস্টি ও জুসি চিকেন চাপ। খেতে হবে দারুণ।

 

POST A COMMENT
Advertisement