Suji Aloo Lollipop Recipe: চায়ের আড্ডায় একঘেয়ে সিঙাড়া-পকোড়া আর না, এভাবে বানান মুচমুচে আলু-সুজির ললিপপ

Unique Pakoda: বাইরে থেকে মুচমুচে আর ভিতরে একদম নরম, এই স্ন্যাকসটি খেতে যেমন সুস্বাদু, বানানোও ততটাই সহজ। আচমকা বাড়িতে অতিথি চলে এলে কিংবা ছোটদের মুখরোচক কিছুর আবদার মেটাতে এই পদটি কিন্তু একেবারে সুপারহিট।

Advertisement
চায়ের আড্ডায় একঘেয়ে সিঙাড়া-পকোড়া আর না, এভাবে বানান মুচমুচে আলু-সুজির ললিপপসুজি আলুর ললিপপ

শীতের সন্ধে হোক বা বর্ষার বিকেল, ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে মুখরোচক কিছু না হলে বাঙালির ঠিক জমে না। চটজলদি মুশকিল আসানে আমরা বেশিরভাগ সময়েই ভরসা রাখি পাড়ার দোকানের সিঙাড়া, চপ বা বাড়িতে বানানো পকোড়ার উপর। কিন্তু রোজ রোজ কি ওই এক খাবার ভাল লাগে? তাই রোজকার স্ন্যাকসের একঘেয়েমি কাটাতে বাড়িতেই বানিয়ে ফেলুন এক অভিনব পদ— আলু-সুজির ললিপপ।

বাইরে থেকে মুচমুচে আর ভিতরে একদম নরম, এই স্ন্যাকসটি খেতে যেমন সুস্বাদু, বানানোও ততটাই সহজ। আচমকা বাড়িতে অতিথি চলে এলে কিংবা ছোটদের মুখরোচক কিছুর আবদার মেটাতে এই পদটি কিন্তু একেবারে সুপারহিট। আপনার পকেটেরও সাশ্রয় হবে, আবার প্রশংসাও জুটবে বিস্তর। জেনে নিন এই ক্রাঞ্চি ললিপপ তৈরির সহজ রেসিপি।

ললিপপ তৈরির উপকরণ:

সুজি: আধ কাপ

সেদ্ধ আলু: ১ কাপ (ভাল করে মাখা)

জল: ১ কাপ

মিহি করে কুচনো সবজি: আধ কাপ (পেঁয়াজ, ক্যাপসিকাম এবং ধনে পাতা)

চিলি ফ্লেক্স: ১ চা চামচ

অরিগ্যানো বা চাট মশলা: ১ চা চামচ

জিরে গুঁড়ো ও গরম মশলা: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

সাদা তেল: রান্নার এবং ডিপ ফ্রাই করার জন্য

আইসক্রিম কাঠি বা টুথপিক: ললিপপের আকার দেওয়ার জন্য

ললিপপ তৈরির প্রণালী:

১. সুজির বেস তৈরি:

প্রথমে একটি কড়াইতে ১ চামচ তেল গরম করে তাতে চিলি ফ্লেক্স ও ১ কাপ জল দিয়ে ফোটাতে দিন। জল ফুটতে শুরু করলে স্বাদ মতো নুন দিন। এবার আধ কাপ সুজি অল্প অল্প করে ঢালতে থাকুন আর ক্রমাগত নাড়তে থাকুন, যাতে কোনও দলা না পাকিয়ে যায়। আঁচ একদম কমিয়ে সুজিটা ততক্ষণ রান্না করুন, যতক্ষণ না পুরো জল শুকিয়ে গিয়ে মণ্ড বা ডো-এর আকার নিচ্ছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে। এরপর একটি পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দিন।

Advertisement

২. আলু ও মশলার মিশ্রণ:

সুজির মণ্ডটি একটু ঠান্ডা হলে তাতে আগে থেকে মেখে রাখা সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা, জিরে গুঁড়ো, গরম মশলা এবং চাট মশলা দিয়ে দিন। এবার হাত দিয়ে খুব ভাল করে মেখে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করে নিন।

৩. ললিপপের আকার দিন:

হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিন। এবার তৈরি করে রাখা মিশ্রণটি থেকে অল্প অল্প করে অংশ নিয়ে গোল বা ডিম্বাকার (ওভাল) কাবাবের মতো আকার দিন। প্রত্যেকটি বলের মাঝখানে একটি করে আইসক্রিম কাঠি বা টুথপিক সাবধানে গুঁজে দিন, যাতে দেখতে একেবারে ললিপপের মতো লাগে।

৪. মুচমুচে করে ভাজার পালা:

কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ভাল করে গরম করে নিন। মনে রাখবেন, তেল খুব ভাল করে গরম হওয়া প্রয়োজন, নাহলে ললিপপগুলো কড়াইতে আটকে যেতে পারে বা অতিরিক্ত তেল শুষে নিতে পারে। এবার মাঝারি থেকে কড়া আঁচে ললিপপগুলো ছেড়ে দিন। উল্টেপাল্টে সোনালি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।

ব্যস, গরম গরম আলু-সুজির ললিপপ একেবারে তৈরি! এবার পছন্দের টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করুন আর সান্ধ্য আড্ডা জমিয়ে তুলুন।


 

POST A COMMENT
Advertisement