Bengali Style Moong Dal With Bitter Gourd: ছাতিফাটা রোদে রুচি ফেরাবে, পেটকে শান্তি দেবে একটাই জিনিস, এভাবে বানান ‘তেতো ডাল’

কাঠফাটা রোদ্দুরে শরীর ঠান্ডা রাখতে আর মুখের স্বাদ ফেরাতে জাস্ট টেক্কা দিতে পারে মা-ঠাকুমার আমলের সাবেকি ‘উচ্ছে দিয়ে মুগ ডাল’। যাকে চলতি কথায় আমরা বলি তেতো ডাল। বানানো জলভাত, অথচ পুষ্টিগুণে ভরপুর। রইল সহজ ঘরোয়া রেসিপি।

Advertisement
ছাতিফাটা রোদে রুচি ফেরাবে, পেটকে শান্তি দেবে একটাই জিনিস, এভাবে বানান ‘তেতো ডাল’তেতো ডাল রেসিপি

 Bengali Style Moong Dal With Bitter Gourd: বৈশাখের সূর্য এখন মধ্যগগনে। বেলা বাড়লেই আগুনের হলকা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাঁসফাঁসানি। এই ভ্যাপসা গরমে ভাজাভুজি বা কষা মাংসের চেয়ে শরীর খোঁজে একটু স্বস্তি। কিন্তু বাঙালির দুপুর কি আর ডাল-ভাত ছাড়া জমে? অথচ রোজকার সেই একঘেয়ে ডাল কি আর সবসময় মুখে রোচে? চিন্তা নেই, এই কাঠফাটা রোদ্দুরে শরীর ঠান্ডা রাখতে আর মুখের স্বাদ ফেরাতে জাস্ট টেক্কা দিতে পারে মা-ঠাকুমার আমলের সাবেকি ‘উচ্ছে দিয়ে মুগ ডাল’। যাকে চলতি কথায় আমরা বলি তেতো ডাল। বানানো জলভাত, অথচ পুষ্টিগুণে ভরপুর। রইল সহজ ঘরোয়া রেসিপি।

উপকরণ
বাজার থেকে আনা টাটকা উচ্ছে ২-৩টি (পাতলা গোল করে কাটা), মুগ ডাল ১ কাপ (হালকা ভেজে নেওয়া), আদাবাটা ১ চা-চামচ, পাঁচফোড়ন ১ চা-চামচ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, রান্নার জন্য শর্ষের তেল, আর স্বাদমতো নুন।

রেসিপি
প্রথমে শুকনো খোলায় মুগ ডালটা একটু ভেজে নিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এবার কড়ায় আন্দাজমতো জল, নুন আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে আলাদা পাত্রে সরিয়ে রাখুন। এরপর পাতলা করে কাটা উচ্ছের টুকরোগুলোয় নুন-হলুদ মাখিয়ে কড়ায় তেল গরম করে বেশ মচমচে করে ভেজে তুলে নিন।

এবারে কড়ার বাকি তেলে পাঁচফোড়ন দিন। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আদাবাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন। আদার কাঁচা গন্ধ চলে গেলেই আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিন। ডাল টগবগ করে ফুটে উঠলেই ওপর থেকে মচমচে করে ভাজা উচ্ছের টুকরোগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন। ব্যস, আপনার ‘তেতো ডাল’ কেল্লাফতে। ধোঁয়া ওঠা গরম ভাতে এক চিলতে লেবু আর এই ডাল থাকলে গরমের দুপুরটা একদম জমে ক্ষীর। শরীরও থাকবে ফিট, আর স্বাদেও আসবে বদল।

 

POST A COMMENT
Advertisement