Tandoori Aloo Paratha Recipe: তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবা স্টাইলের তন্দুরি আলু পরোটা, রইল ধাবার কুকের রেসিপি

Unique Paratha Recipe: জীবনে তো নানা ধরনের পরোটা খেয়েছেন, কিন্তু ধাবার তন্দুরি আলু পরোটার স্বাদই আলাদা। এর মুচমুচে টেক্সচার, হালকা পোড়া বা স্মোকি ফ্লেভার আর উপরে গলানো মাখন— সব মিলিয়ে এক দারুণ যুগলবন্দি।

Advertisement
তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবা স্টাইলের তন্দুরি আলু পরোটা, রইল ধাবার কুকের রেসিপিতন্দুরি আলু পরোটা

রোজকার একঘেয়ে ব্রেকফাস্ট বা ডিনার কার ভাল লাগে? মাঝে মধ্যেই, বিশেষত ছুটির দিনে মন চায় ধাবার মতো মুখরোচক কিছু খেতে। আপনার জন্য সেরা বিকল্প হতে পারে তন্দুরি আলু পরোটা। এর মুচমুচে স্বাদ আর মাখনের সুবাস নিমেষেই মন জয় করবে আট থেকে আশির। সবচেয়ে আনন্দের বিষয় হল, বাড়িতে তন্দুর না থাকলেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই জিভে জল আনা পদ।

জীবনে তো নানা ধরনের পরোটা খেয়েছেন, কিন্তু ধাবার তন্দুরি আলু পরোটার স্বাদই আলাদা। এর মুচমুচে টেক্সচার, হালকা পোড়া বা স্মোকি ফ্লেভার আর উপরে গলানো মাখন— সব মিলিয়ে এক দারুণ যুগলবন্দি। আর সঙ্গে যদি থাকে ঠান্ডা টক দই এবং ঝাল-টক আচার, তাহলে তো ছুটির দিনের জলখাবার একেবারে জমে ক্ষীর!

অনেকেরই ধারণা, এমন নিখুঁত তন্দুরি স্বাদ পেতে হলে বোধহয় ধাবাতেই ছুটতে হবে। কারণ, বাড়িতে তো আর তন্দুর থাকে না! কিন্তু এই ধারণা একেবারেই ভুল। বাড়িতে থাকা সাধারণ প্রেশার কুকার বা ভারী লোহার তাওয়া ব্যবহার করেই আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন একেবারে ধাবার মতো ক্রিস্পি তন্দুরি আলু পরোটা। জেনে নিন এই স্পেশাল পদ বানানোর সহজ পদ্ধতি।

কী কী প্রয়োজন? (উপকরণ)

আটা: ২ বাটি

সেদ্ধ আলু: ৪টি

কাঁচা লঙ্কা: ২টি (মিহি করে কুচোনো)

আদা: ১ ইঞ্চি (কোরানো)

ধনে পাতা কুচি: ১ বড় চামচ

লাল লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

আমচুর পাউডার: ১/২ চা চামচ

সাদা তেল: প্রয়োজন মতো

নুন: স্বাদ অনুযায়ী

কীভাবে বানাবেন? 

আটা মাখা: প্রথমে একটি বড় পাত্রে আটা নিয়ে তাতে পরিমাণ মতো নুন এবং সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন (ময়ান দিন)। এরপর অল্প অল্প জল দিয়ে বেশ নরম করে আটা মেখে নিন। মাখা হয়ে গেলে একটি ভিজে কাপড় দিয়ে বা ঢাকনা দিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন।

Advertisement

পুর তৈরি: এই ফাঁকে সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে মেখে (ম্যাশ করে) নিন। খেয়াল রাখবেন যেন আলুর কোনও বড় ডেলা না থাকে। এরপর এর মধ্যে কুচোনো কাঁচা লঙ্কা, কোরানো আদা, ধনে পাতা কুচি, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, আমচুর পাউডার এবং স্বাদ মতো নুন দিয়ে সব উপকরণ একসঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন।

বেলার পালা: মেখে রাখা আটা থেকে মাঝারি আকারের লেচি কেটে নিন এবং সামান্য বেলে নিন। এবার প্রতিটি লেচির মাঝখানে বেশ খানিকটা আলুর পুর ভরে চারপাশ থেকে মুড়ে পুঁটলির মতো করে মুখ আটকে দিন। এরপর সামান্য আটার গুঁড়ো ছড়িয়ে খুব হালকা হাতে পরোটাগুলো বেলে নিন, যাতে পুর বেরিয়ে না যায়।

তন্দুর করার আসল কৌশল: গ্যাসে মাঝারি আঁচে একটি প্রেশার কুকার বা ভারী তলার পাত্র গরম করতে বসান। বেলা পরোটার এক পিঠে হাত দিয়ে সামান্য জল মাখিয়ে নিন এবং সেই ভিজে দিকটি গরম পাত্রের ভেতরের গায়ে সেঁটে দিন। পরোটা পাত্রের গায়ে ভালোভাবে আটকে গেলে, গ্যাসের আঁচ কমিয়ে পাত্রটি উল্টে দিয়ে সরাসরি আগুনে সেঁকতে থাকুন। পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকবেন, যাতে পরোটার সব দিক সমানভাবে সোনালি ও মুচমুচে হয়।

পরিবেশন: পরোটা ভালভাবে সেঁকা হয়ে গেলে সাবধানে খুন্তির সাহায্যে তুলে নিন। এভাবেই বাকি লেচিগুলো দিয়েও পরোটা তৈরি করে নিন।

গরম গরম তন্দুরি আলু পরোটার ওপর বেশ খানিকটা মাখন ছড়িয়ে দিন। সঙ্গে এক বাটি ঠান্ডা টক দই, আচার বা আপনার পছন্দের পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন আর বাড়িতে বসেই উপভোগ করুন ধাবার আসলি স্বাদ!

 

POST A COMMENT
Advertisement