বাঙাল বাড়ির ইলিশের মাথা দিয়ে কচুর শাক রান্নার রেসিপিদশমীতে পান্তা ভাত ও কচুশাক খেয়ে কৈলাসে পাড়ি দেন দেবী দুর্গা। দেবীর অন্যতম পছন্দের পদ এই কচুর শাক। শোনা যায় এই শাকের উপকারিতা অনেক বেশি। কচুর শাক অনেক প্রকারে রান্না করা যায়। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে এই শাকের রান্না সব সময়েই সুস্বাদু।
ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেলে স্বাদ মুখে লেগে থাকবে৷ বাঙালরা কিছু রান্নায় একবারে সেরার সেরা। বিশেষত, কচুর বিভিন্ন পদ রান্নায় বাঙাল বাড়ির জুড়ি মেলা ভার। বাঙাল বাড়ির একটা সেরা পদ হল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এই পদটা খেতে দারুণ। আর এটা বানানোও খুব একটা কঠিন কিছু নয়। তাই উৎসবের মরসুমে এই পদটা বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন। জেনে নিন ইলিশের মাথা দিয়ে কচুর শাক তৈরির সহজ রেসিপি।
উপকরণ: কচুর শাক (পরিষ্কার করে কাটা), ইলিশ মাছের মাথা (মাঝখান থেকে দু'ভাগ করা), ছোলা সিদ্ধ, আদা, কাঁচা লঙ্কা ও গোটা জিরে একসঙ্গে বাটা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, সরষের তেল।
কচুর শাক কাটা ও সেদ্ধ: কচুর শাক কাটার সময় হাতে সামান্য সরষের তেল মেখে নিন, এতে হাত কালো হবে না এবং চুলকাবেও না। কচুর শাকের বাইরের আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি কড়াইতে জল গরম করে তাতে দেড় চা চামচ হলুদ গুঁড়ো ও দু'চা চামচ নুন দিয়ে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দিন। এটি কচুর জীবাণু ধ্বংস করতে এবং গলা চুলকানো রোধ করতে সাহায্য করে। ঢাকা দিয়ে ৪-৫ মিনিট ভালো করে সেদ্ধ করে নিন। কচুর শাক সেদ্ধ হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে হাতা দিয়ে চেপে চেপে এর ভিতরের অতিরিক্ত জল বের করে একটি আলাদা পাত্রে রাখুন।
রান্নার প্রণালী: কড়াইতে সরষের তেল গরম করুন তেলে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন। এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে তুলে নিন। মাছ ভাজার ওই তেলেই এক চা চামচ পাঁচফোড়ন, চারটে শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা ও গোটা জিরের পেস্ট ২ চা চামচ দিয়ে দিন। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিন রঙের জন্য। মশলা ভালো করে কষানো হলে জল ঝরিয়ে রাখা কচুর শাক কড়াইতে দিয়ে দিন। হালকা আঁচে ভালো করে নাড়তে থাকুন। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিন। মাথাগুলো না ভেঙে গোটা রাখলে খেতে সুবিধা হয়, তবে আপনি চাইলে ভেঙেও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন যাতে ইলিশের স্বাদ কচুর শাকের সাথে ভালোভাবে মিশে যায়। সবশেষে উপর থেকে সেদ্ধ করা ছোলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই পদটি।