Koraishutir Kochuri Recipe: ফুলকো কড়াইশুঁটির কচুরির গোপন রেসিপি, এভাবে বানালে একটিও ফাটবে না
কড়াইশুঁটির কচুরি বানানোর সহজ রেসিপি জেনে নিন। এভাবে বানালে কচুরি ফাটবে না। খেতে হবে মুচমুচে। তাই দ্রুত অথেন্টিক পদ্ধতিটা জানুন।
কড়াইশুঁটির কচুরির রেসিপি- কলকাতা ,
- 20 Nov 2026,
- (Updated 20 Nov 2026, 1:29 PM IST)
হাইলাইটস
- কড়াইশুঁটির কচুরি বানানোর সহজ রেসিপি জেনে নিন
- এভাবে বানালে কচুরি ফাটবে না
- খেতে হবে মুচমুচে
শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। ধীরে ধীরে শীতল হচ্ছে আবহাওয়া। আর এমন ঠান্ডা ওয়েদারেই খাওয়া শুরু করে দিতে পারেন সুস্বাদু কড়াইশুঁটির কচুরি। এটি আলুর দম, চিকেন বা মাটনের সঙ্গে লাগে দারুণ। তবে মুশকিল হল, অনেকেই কড়াইশুঁটির কচুরি ঠিক ঠাক বানাতে পারেন না। তাঁদের কচুরি ফেটে যায়। আর সেটাই সমস্যার বিষয়। তাই এখান থেকেই জেনে নিন ফুলকো কড়াইশুঁটির কচুরি তৈরির অথেন্টিক রেসিপি। তারপর সেই নিয়ম মেনে বানান। হলফ করে বলতে পারি, একটুও ফাটবে না।
কী কী লাগবে?
- ময়দা মাখার জন্য লাগবে ৫০০ গ্রাম
- সাদা তেল লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
- নুন নিন ১ চা চামচ
- চিনি লাগবে ১ চা চামচ
- জল লাগবে পরিমাণ মতো
- পুরের জন্য খোসা ছাড়ানো কড়াইশুঁটি নিতে হবে ২৫০ থেকে ৩০০ গ্রাম
- কাঁচালঙ্কা নিন ৩ থেকে ৪টি
- আদা বাটা লাগবে ১ টেবিল চামচ
- হিং নিন আধ চা চামচ
- কালো জিরে নিন ১/৪ চা চামচ
- ভাজা জিরে গুঁড়ো নিন আধ চা চামচ
- ধনে গুঁড়ো নিন আধ চা চামচ
- নুন নিন স্বাদমতো
- চিনি লাগবে আধ চা চামচ
- সাদা তেল নিন ১ টেবিল চামচ
- সাদা তেল নিন পরিমাণমতো
কীভাবে বানাবেন?
- একটি বড় পাত্রে ময়দা, নুন, চিনি এবং তেল নিন।
- হাত দিয়ে ভাল করে মেখে নিন। অল্প অল্প জল মেশান। মাঝারি নরম ডো তৈরি করুন।
- তারপর ভিজে কাপড় বা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট। এই সময়টা দিতেই হবে।
- এরপর কড়াইশুঁটি, কাঁচালঙ্কা, আদা ও সামান্য জল মিহি করে বেটে নিতে হবে।
- অপরদিকে কড়াইয়ে ১ টেবিল চামচ সাদা তেল গরম করুন। কালো জিরে ও হিং ফোড়ন দিন।
- ফোড়ন থেকে সুগন্ধ উঠলে বাটা কড়াইশুঁটি দিন।
- এবার নুন, চিনি, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিন। এরপর মাঝারি আঁচে নাড়তে থাকুন।
- পুরের জল পুরো শুকিয়ে শুকনো ও ঝরঝরে করে নিন। এই সময় কড়াইটা নামিয়ে নিতে হবে। তারপর পুরোপুরি ঠান্ডা করুন।
- এবার মাখা ময়দা থেকে সমান মাপের লেচি কেটে নিন।
- প্রতিটি লেচির মাঝখানে ঠান্ডা হওয়া পুর ১ থেকে ১.৫ চা চামচ ভরে দিন। তারপর মুখ ভাল করে চেপে বন্ধ করে দিতে হবে।
- তারপর হাতের তালুতে হালকা ঘুরিয়ে গোল করে নিন। তাতে পুর বেরিয়ে আসবে না।
- এরপর খুব হালকা হাতে কচুরির আকারে বেলে নিন। বেশি চাপ দেবেন না। তাতে কচুরি থেকে পুর বেরিয়ে যাবে।
- এবার কড়াইতে পর্যাপ্ত সাদা তেল মাঝারি ও উচ্চ আঁচে গরম করুন।
- তেল ঠিকমতো গরম হলে কচুরি ছাড়ুন। সেই সঙ্গে খুন্তি দিয়ে আলতো করে চেপে ও তেল ছিটিয়ে ফুলিয়ে তুলুন।
- তারপর দুই পিঠ হালকা সোনালি ও মুচমুচে হলে তেল ঝরিয়ে তুলে নিন।
তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। এটা গরম গরম খেতে লাগবে দারুণ।