Train Jhal Muri Recipe: ট্রেনের মতো আলু দিয়ে টেস্টি ঝালমুড়ি বাড়িতেই বানান, জানুন সিক্রেট রেসিপি
ট্রেনের মতো করে আলু দিয়ে ঝালমুড়ি বানিয়ে নিন বাড়িতে। এর সিক্রেট রেসিপি জানুন। কী কী লাগবে এটি তৈরি করতে? কীভাবে বানাবেন? সবটা জেনে নিন।
ট্রেনের মতো ঝালমুড়ি বানানোর রেসিপি- কলকাতা,
- 04 Nov 2026,
- (Updated 04 Nov 2026, 6:41 PM IST)
হাইলাইটস
- ট্রেনের মতো করে আলু দিয়ে ঝালমুড়ি বানিয়ে নিন বাড়িতে
- এর সিক্রেট রেসিপি জানুন
- কী কী লাগবে এটি তৈরি করতে? কীভাবে বানাবেন?
ঝালমুড়ি আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার। বিশেষত, ট্রেনের ঝালমুড়ির প্রতি আমাদের বিশেষ ভালবাসা রয়েছে। এর স্বাদ সবসময় মুখে লেগে থাকে। তাই অনেকেই ট্রেনের মতো করে বাড়িতেই ঝালমুড়ি বানিয়ে ফেলতে চান। কিন্তু চেষ্টা করেও পারেন না। ঠিক করে হয় না। তবে এই সমস্যার একটা সহজ সমাধান নিয়ে এসেছি আমরা। এক্ষেত্রে ট্রেনের মতো করে বাড়িতেই বানিয়ে নিন অত্যন্ত সুস্বাদু আলু দিয়ে ঝালমুড়ি। এটা বানানোর সিক্রেট রেসিপি রইল। এবার থেকে এই নিয়ম মেনেই ঝালমুড়ি বানিয়ে নিতে পারবেন। তারপর আরাম করে খান। তাই ঝটপট জেনে নিন এটা বানাতে ঠিক কী কী লাগবে, কীভাবে বানাবেন।
কী কী লাগবে?
- মুড়ি নিন ২ কাপ
- ১টি সেদ্ধ আলু ছোট ছোট করে কেটে নিন
- পেঁয়াজ কুচি নিন ১/৪ কাপ
- শসা কুচি লাগবে ১/৪ কাপ
- টমেটো কুচি নিন ১/৪ কাপ
- ২ থেকে ৩টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিন
- সেদ্ধ ছোলা লাগবে আধ কাপ
- নারকেল কুচি নিন অল্প পরিমাণে
- ভাজা বাদাম নিন ১/৪ কাপ
- চানাচুর লাগবে ২ থেকে ৩ টেবিল চামচ
- আদা কুচি নিন খুব সামান্য
- ধনেপাতা কুচি ২ থেকে ৩ টেবিল চামচ লাগবে
- কাঁচা সরষের তেল ১ চা চামচ নিন
- আমের আচারের তেল নিন ১ চা চামচ
- লেবুর রস লাগবে ১ চা চামচ
- বিট নুন ও সাধারণ নুন নিন স্বাদমতো
- এছাড়া জিরে, ধনে, মৌরি ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা মশলা লাগবে ১ চামচ
এই সব জোগার করার পরই ট্রেনের মতো করে ঝালমুড়ি তৈরি করতে পারবেন।
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে একটি বড় পাত্র নিন। তাতে পরিমাণমতো বিট নুন, সাধারণ নুন, ভাজা মশলা, কাঁচা সরষের তেল এবং আমের আচারের তেল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- এবার ওই তেলের মিশ্রণে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, সেদ্ধ আলু কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং সেদ্ধ ছোলা দিন। তারপর ভাল করে নেড়ে নিতে হবে।
- এবার এতে মুড়ি, ভাজা বাদাম, নারকেল কুচি এবং চানাচুর দিন।
- ওপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর পাত্রটি ভাল করে ঝাঁকিয়ে নিতে হবে।
ব্যস, তৈরি হয়ে গেল ট্রেনের মতো মুচমুচে ঝালমুড়ি। এই অত্যন্ত সুস্বাদু ঝালমুড়ি ঠোঙায় করে খেয়ে নিতে পারেন। তাতে লাগবে দারুণ।