সকালে না রাতে ব্রাশ করবেন?(লিখছেন বিশিষ্ট ডেন্টাল সার্জেন ডা: রাজু বিশ্বাস)
নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নইলে দাঁতের হাল বিগড়ে যেতে পারে। ক্ষয়ে যেতে পারে দাঁত। মাড়ির অসুখ হতে পারে। তাই প্রতিদিন ব্রাশ করা জরুরি।
যদিও মাথায় রাখতে হবে, আমাদের মধ্যে একটা বড় অংশের মানুষ শুধু সকালে ব্রাশ করেন। আর খুব কম সংখ্যক রাতে দাঁত মেজে নেন।
কিন্তু প্রশ্ন হল, সকাল না রাতে, কোন সময় ব্রাশ করা জরুরি? কোন সময় ব্রাশ করলে দাঁত থাকবে ভাল? এর উত্তরে বলি, প্রত্যেক মানুষকে রাতে ব্রাশ করতেই হবে। এক্ষেত্রে শোয়ার আগে ব্রাশ করে নিন। তারপর শুতে যান। তাহলেই দাঁত ভাল থাকবে। মুখগহ্বর থাকবে পরিষ্কার।
কেন রাতে দাঁত মাজা জরুরি?
এর পিছনে বিরাট বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। আসলে রাতে খাবার খাওয়ার পর অনেকটা সময় আমরা ঘুমিয়ে কাটাই। এবার রাতে ব্রাশ না করলে এই সময়টায় ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করার সুযোগ পেয়ে যাবে। তারা খাবারের কণার সাহায্য নিয়ে বংশবৃদ্ধি করবে। এর ফলে দাঁতের ক্ষয় হতে পারে। এমনকী পিছু নিতে পারে মাড়ির রোগও। তাই রাতে দাঁত মাজতে বলা হয়।
রাতে ব্রাশ করলে দাঁতের মাঝে আটকে থাকা খাবার বেরিয়ে যাবে। যার ফলে ব্যাকটেরিয়া বেশি বিরক্ত করতে পারবে না।
দিনে দুইবার মেজে নিন দাঁত
সবথেকে ভাল হয়, দিনে দুইবার ব্রাশ করতে পারলে। রাতে একবার ব্রাশ করতেই হবে। আর সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার দাঁত মেজে নিন। এতে আবার দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের টুকরো বেরিয়ে যাবে। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারবে না। তাই এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি।
দাঁত মাজার পদ্ধতিটা জেনে নিন
যেমন তেমনভাবে দাঁত মাজলে চলবে না। বরং নির্দিষ্ট নিয়ম মেনেই ব্রাশ করতে হবে। আসলে অধিকাংশ মানুষই পাশাপাশি দাঁত মাজেন। আর সেটা ভুল পদ্ধতি। এক্ষেত্রে দাঁত মাজতে হবে মাড়ি থেকে দাঁতের উপর পর্যন্ত। তাহলেই দাঁতের মাঝে আটকে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র খাবারের কণা বেরিয়ে যাবে।
আর শুধু সামনের দিকে ব্রাশ করবেন না। বরং দাঁতের পিছনের দিকটাও মেজে নিন। এই কাজটা করলেই সমস্যার ফাঁদ এড়িয়ে যেতে পারবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।