আসছে ডেঙ্গি টিকা (ছবি: পিক্সেলস)প্রতি বছরই রাজ্যের হাজার হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন। এই মশাবাহিত অসুখে ভুগে প্রাণও হারান। যদিও এবার পরিস্থিতি কিছুটা হলেও বদলে যেতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। কারণ, আগামী বছরই ভারতে আসতে চলেছে দেশের প্রথম ডেঙ্গি টিকা কিউডেঙ্গা। ইতিমধ্যেই এই টিকার প্রস্তুতকারক সংস্থা জাপানের তাকেডা ফার্মাসিউটিক্যালস প্রেস বিবৃতি দিয়ে বিষয়টা জানিয়েছে। সেই মতো ভারতীয় এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিও হয়েছে বলে জানিয়েছে তারা।
আর এই খবর সামনে আসার পরই ডেঙ্গি টিকা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন। তারা জানতে চাইছেন, এই টিকার কার্যকারিতা ঠিক কতটা? কোন বয়সে এই টিকা নেওয়া যাবে? এই টিকার কতগুলি ডোজ নিতে হবে? আর এই সব বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন কলকাতার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল।
কবে আসছে ডেঙ্গি টিকা?
ডা: পাল জানালেন, আগামী বছরেই ডেঙ্গি টিকা আসছে। প্রথমের দিকেই আসছে। তবে কোনও নির্দিষ্ট তারিখ জানান হয়নি।
কোন বয়সে দেওয়া যাবে?
ডা: পাল বলেন, '৪-৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এই টিকা নেওয়া যাবে বলে আপাতত জানা গিয়েছে।'
কতগুলি ডোজ?
এই টিকার দু'টি ডোজ রয়েছে। একটি ডোজ নেওয়ার ৩ মাস পর আবার একটি ডোজ নিতে হবে। এছাড়া ৫ বছর পর আরও একটা বুস্টার ডোজ নিতে হতে পারে বলেও জানালেন ডা: পাল।
এই টিকার কার্যকারিতা কতটা?
এখন সকলের মনেই প্রশ্ন, এই টিকা ঠিক কতটা কার্যকর? ডা: পাল বলেন, 'কোনও টিকার কার্যকারিতাই ১০০ শতাংশ হয় না। এই টিকাও নয়। যতদূর জানা যাচ্ছে, এই টিকার কার্যকারিতা ৮০ শতাংশ। তবে টিকাটা যত ব্যবহার হবে, ততই কার্যকারিতার বিষয়টা আরও পরিষ্কার হবে।'
এই টিকা নিলে কি ডেঙ্গি হবে না?
বিষয়টা একবারেই তেমন নয় বলে জানালেন ডা: পাল। তিনি বলেন, 'এই টিকা দেওয়া থাকলেও ডেঙ্গি হতে পারে। যদিও টিকার কারণে ডেঙ্গিতে মৃত্যুর আশঙ্কা কমবে। ডেঙ্গি শক সিনড্রোম বা ওই জাতীয় জটিলতা হবে কম।'
ডেঙ্গি টিকা কি নিরাপদ?
অন্যান্য টিকার মতোই ডেঙ্গি টিকা কতটা নিরাপদ, সেটা নিয়ে চর্চা চলছে। যদিও ডা: পাল অভয় দিয়ে বললেন, 'এই টিকা সম্পূর্ণ নিরাপদ। এটা নিলে কোনও সমস্যা হবে না। উল্টে এটা বড় বিপদ থেকে রক্ষা করবে।'
সকলকে দেওয়া হবে?
সাধারণত যেই সব এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি, সেখানকার রোগীদেরই দেওয়া হবে টিকা। এটাই বর্তমানে তাঁর প্ল্যান বলে জানালেন তিনি। তবে সরকার যদি এই টিকা দিতে শুরু করে, তাহলে অনেক মানুষ উপকৃত হবে বলেও মনে করছেন তিনি।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।