ডেঙ্গির টিকাফি বছর ভারত তথা পশ্চিমবঙ্গের অনেক মানুষের প্রাণ কেড়ে নেয় ডেঙ্গি। তাই এর টিকা কবে আসবে, সেই প্রশ্ন ছিলই। কিন্তু অবশেষে সেই অপেক্ষার অবসান হল। ভারতে ছাড়পত্র পেল ডেঙ্গির টিকা। এই টিকার নাম QDENGA। এটি তৈরি করেছে Takeda Biopharmaceuticals India Pvt. Ltd। এই টিকাকে New Drugs and Clinical Trials (NDCT) Rules, 2019-এর CT-20 বিধির আওতায় অনুমোদন দেওয়া হয়েছে।
এখন প্রশ্ন হল, ঠিক কেন এত দেরিতে ভারতে এল এই টিকা? এই টিকার দাম কেমন হবে? কারা নিতে পারবেন? কতগুলি ডোজ নিতে হবে? আর এই সব প্রশ্নের উত্তর দিলেন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: রজত বাসু। তিনি বলেন, 'এই টিকা আসার প্রয়োজন ছিল। এতে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে।'
অনেক দিন আগেই খবর ছিল...
ডা: বাসু বলেন, 'আমরা যাঁরা জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি, আমাদের কাছে এই তথ্য অনেক আগে থেকেই ছিল যে টিকাটা আসছে। তারপরে কিছু টেকনিক্যাল বাধ্যবাধকতা থাকে। আসলে এই টিকা ভারতে লঞ্চ করার জন্য কিছু বদলের প্রয়োজন ছিল।'
নিজের কথার ব্যাখ্যা দিয়ে তিনি জানালেন, ভারতে ডেঙ্গির চার ধরনের সাব-ভ্যারিয়েন্ট রয়েছে। সেগুলি হল ডেঙ্গু ১, ২, ৩ ও ৪। আর এই ভ্যাকসিনটা চারটে ভ্যারিয়েন্টের উপরই কাজ করবে। তাই এই টিকাটা বানাতে কিছুটা সময় লেগেছে। এছাড়া ছাড়পত্র দেওয়ার আগে বিভিন্ন ধরনের ট্রায়াল চলেছিল। থার্ড স্টেজ ক্লিনিক্যাল ট্রায়াল খুব বড় করে হয়েছে। তাই এই টিকা আসতে সময় লেগেছে।
তিনি আরও বলেন, 'পৃথিবীর অন্যান্য দেশে এত বৈচিত্র নেই ডেঙ্গি ভাইরাসের। আর ভারতে এতগুলো সাব-ভ্যারিয়েন্ট। পাশাপাশি একাধিক জায়গার ভাইরাসের চরিত্র এক এক রকম। তাই আমাদের দেশের জন্য ডেঙ্গির টিকা বানানো খুব একটা সহজ কাজ ছিল না। তবে সেই চ্যালেঞ্জটা উতরে যাওয়া গিয়েছে।'
কতগুলি ডোজ নিতে হবে?
ডা: বাসু জানান, এই টিকারও কোভিডের মতো দু'টি ডোজ রয়েছে। একটা ডোজ নেওয়ার তিন মাস পরে সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজটা নিতে হবে।
কারা নিতে পারবেন?
এটা ৪ থেকে ৬০ বছরের যে কোনও মানুষ নিতে পারেন। তবে তিনি সতর্ক করে জানিয়েছেন, এখনও ডেঙ্গি প্রতিরোধের জন্য তৈরি থাকতে হবে। যতক্ষণ না এই টিকা সকলে নেবেন, ততদিন বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, মশারি টাঙানো ও মশা নিধনের যাবতীয় কাজ করে যেতে হবে।
দাম কত হবে?
এটা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে ডোজ প্রতি ৩ হাজার থেকে ৫ হাজার, ২টো ডোজ এর দাম ৬ হাজার থেকে ১০ হাজার হতে পারে বলে জানালেন ডা: বাসু।
বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।