Swasthya Sathi Card: আয়ুষ্মান ভারত লাগু হল রাজ্যে, স্বাস্থ্যসাথী কার্ডের কী হবে? খোঁজ নিল bangla.aajtak.in

যেমন হাওড়া একটি বেসরকারি হাসপাতালে একটি সূত্রের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে না। যদিও ওই বেসরকারি হাসপাতালের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

Advertisement
আয়ুষ্মান ভারত লাগু হল রাজ্যে, স্বাস্থ্যসাথী কার্ডের কী হবে? খোঁজ নিল bangla.aajtak.inস্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ধোঁয়াশা
হাইলাইটস
  • স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু অচলাবস্থা চলছে
  • কলকাতার প্রাইভেট হাসপাতালগুলির কী পরিস্থিতি?
  • 'কেমোতে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে'

সরকার বদলেছে। আর তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের প্রকল্পগুলি ঘিরে তৈরি হয়েছে বিস্তর ধোঁয়াশা। তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী। বাংলায় বহু মানুষ এই প্রকল্পে সব হাসপাতাল ও নার্সিংহোমে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পেয়ে থাকেন। এখন প্রশ্ন হল, বর্তমানে পালাবদল পরবর্তী পরিস্থিতিতে কলকাতার নামী প্রাইভেট হাসপাতালগুলি কি স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে? ইতিমধ্যেই প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, প্রতিশ্রুতিমতো আয়ুষ্মান ভারত সহ সব কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকার যুক্ত হল। 

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু অচলাবস্থা চলছে

বস্তুত, ভোটের আগে বিজেপি পশ্চিমবঙ্গে সঙ্কল্প পত্রে ঘোষণা করেছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। আজ অর্থাত্‍ সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট মিটিং সেরেই জানালেন, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হল পশ্চিমবঙ্গে। তাহলে স্বাস্থ্যসাথীর কী হবে? শহরের কয়েকটি নামী বেসরকারি হাসপাতালে খোঁজ নিল bangla.aajtak.in। তাতে মিশ্র উত্তর মিলল। যার নির্যাস দাঁড়াচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু অচলাবস্থা চলছে। কোনও হাসপাতাল নিচ্ছে, কোনও হাসপাতালের কাছে স্পষ্ট উত্তর নেই, কোনও হাসপাতাল জানাচ্ছে, কিছু বিশেষ বিভাগে নেওয়া হচ্ছে। 

কলকাতার প্রাইভেট হাসপাতালগুলির কী পরিস্থিতি?

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্বাস্থ্যসাথীর হেল্পলাইনে বহু মানুষ ফোন করে অভিযোগ জানাচ্ছেন, তাঁদের কার্ড গ্রহণ করছে না হাসপাতাল বা নার্সিংহোম।  রোগীদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই তাঁরা ক্যাশলেস পরিষেবা পাচ্ছেন না। যেমন হাওড়া একটি বেসরকারি হাসপাতালে একটি সূত্রের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে না। যদিও ওই বেসরকারি হাসপাতালের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে কলকাতার পঞ্চসায়রের আরেকটি প্রাইভেট হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র জানালেন, 'যতদিন না সরকারি কোনও নির্দেশ আসছে, ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড নেওয়া হবে। আমরা এখনও সরকারি কোনও নির্দেশিকা পাইনি। তাই স্বাস্থ্যসাথীর কার্ড গ্রহণ করা হচ্ছে।'

Advertisement

'কেমোতে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে'

মুকুন্দপুরে  আরেক বেসরকারি হাসপাতালের একটি সূত্রের বক্তব্য, এখনও স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে। যে সব রোগী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় ভর্তি রয়েছেন, তাঁদের চিকিত্‍সা যেমন চলছে,তেমনই চলবে। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতালের সিনিয়র ম্যানেজার অরিন্দম মুখোপাধ্যায়ের কথায়, 'কেমোতে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে। সার্জারি যেগুলি আগে থেকে অ্যাপ্রুভাল ছিল সেগুলি হচ্ছে। রেডিয়েশন অ্যাপ্রুভালে সময় লাগছে। আশা করছি বুধবারের মধ্যে পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।' কলকাতার বাইপাসের কাদাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালের কর্পোরেট বিজনেস ও জনসংযোগ বিভাগের প্রধান অমিতাভ চক্রবর্তী জানালেন, 'আমাদের হাসপাতালে অঙ্কোলজি ছাড়া কোনও বিভাগেই স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হত না। এখনও সেই পরিষেবাই আমরা চালিয়ে যাচ্ছি।'

ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম মুখ্যসচিবের উদ্দেশে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে 'স্বাস্থ্য সাথী' প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রশাসনিক অনিশ্চয়তার কারণে কোনও জীবনদায়ী চিকিৎসা বন্ধ, স্থগিত বা অস্বীকার করা চলবে না।

POST A COMMENT
Advertisement