স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রোগা বা অতিরিক্ত মোটা; দু’টিই শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। শরীর সুস্থ রাখতে শুধু রোগমুক্ত থাকাই যথেষ্ট নয়, সঠিক ওজন থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই রোগা হতে চান, আবার কেউ দ্রুত ওজন কমানোর চেষ্টা করেন। কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রোগা বা অতিরিক্ত মোটা; দু’টিই শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিজের হাইট অনুযায়ী আদর্শ ওজন কত হওয়া উচিত, তা জানা জরুরি। সাধারণভাবে BMI বা Body Mass Index-এর মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন স্বাভাবিক কি না, তা বোঝার চেষ্টা করা হয়। BMI হিসাব অনুযায়ী ১৮.৫ থেকে ২৪.৯-এর মধ্যে থাকলে সেটিকে স্বাস্থ্যকর ওজন ধরা হয়।
তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, BMI সব ক্ষেত্রে নিখুঁত মাপকাঠি নয়। কারণ এতে শরীরের মাংসপেশি, ফ্যাট বা বয়সের মতো বিষয় ধরা হয় না। তবুও সাধারণ ভাবে স্বাস্থ্যকর ওজন বোঝার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতিগুলির একটি।
তা হলে উচ্চতা অনুযায়ী কত ওজনকে সাধারণ ভাবে আদর্শ ধরা হয়? দেখে নিন একটি সহজ চার্ট।
| উচ্চতা | আদর্শ ওজন (পুরুষ) | আদর্শ ওজন (মহিলা) |
|---|---|---|
| ৫ ফুট | ৫০ থেকে ৫৪ কেজি | ৪৫ থেকে ৪৯ কেজি |
| ৫ ফুট ২ ইঞ্চি | ৫৩ থেকে ৫৭ কেজি | ৪৮ থেকে ৫২ কেজি |
| ৫ ফুট ৪ ইঞ্চি | ৫৬ থেকে ৬১ কেজি | ৫১ থেকে ৫৬ কেজি |
| ৫ ফুট ৬ ইঞ্চি | ৬০ থেকে ৬৫ কেজি | ৫৫ থেকে ৫৯ কেজি |
| ৫ ফুট ৮ ইঞ্চি | ৬৩ থেকে ৬৯ কেজি | ৫৮ থেকে ৬৩ কেজি |
| ৫ ফুট ১০ ইঞ্চি | ৬৭ থেকে ৭৩ কেজি | ৬১ থেকে ৬৭ কেজি |
| ৬ ফুট | ৭২ থেকে ৭৯ কেজি | ৬৫ থেকে ৭২ কেজি |
বিশেষজ্ঞদের মতে, শুধু ওজন কমানো নয়, শরীর ফিট রাখা বেশি গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাবারের উপর জোর দেওয়া উচিত।
BMI সব সময় শেষ কথা নয়
অনেক ফিটনেস বিশেষজ্ঞ আবার মনে করেন, একই ওজন হলেও দু’জন মানুষের শরীরের গঠন এক রকম নাও হতে পারে। যাঁদের শরীরে মাংসপেশি বেশি, তাঁদের BMI তুলনামূলক বেশি দেখাতে পারে। তাই শুধুমাত্র BMI দেখে স্বাস্থ্য বিচার করা সব সময় ঠিক নয়।
বিশেষজ্ঞরা বলছেন, BMI চার্ট একটি সাধারণ ধারণা দেয় ঠিকই, কিন্তু ব্যক্তিগত শরীরের গঠন, ফিটনেস এবং লাইফস্টাইলও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
তাই হাইট অনুযায়ী আদর্শ ওজনের ধারণা রাখা জরুরি হলেও, কোনও বড় ডায়েট বা ওজন কমানোর পরিকল্পনার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।