এবার ব্লাড টেস্ট দিয়েই ক্যানসার ডিটেকশন?ক্যানসার শনাক্ত করতে আর একাধিক পরীক্ষা নয়। মাত্র একবার রক্ত দিলেই ১০ ধরনের সাধারণ ক্যানসারের সম্ভাব্য সংকেত ধরা পড়তে পারে। ভারতে প্রথমবার এই ধরনের মাল্টি-ক্যানসার ডিটেকশন (MCD) ব্লাড টেস্ট চালু হতে চলেছে। হাত মিলিয়েছে Zydus Lifesciences এবং Apollo Hospitals। তাদের দাবি, এই পরীক্ষা ক্যানসার স্ক্রিনিংকে আরও সহজ, দ্রুত এবং কম কষ্টদায়ক করে তুলতে পারে। নতুন পরীক্ষাটির নাম Shield Multi-Cancer Detection (Shield MCD)। এটি তৈরি করেছে মার্কিন সংস্থা Guardant Health। Zydus-এর সঙ্গে একচেটিয়া চুক্তির মাধ্যমে ভারতে এই টেস্ট আনা হচ্ছে। পাশাপাশি Apollo Hospitals-এর সঙ্গে পৃথক সমঝোতা চুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য ব্যক্তিদের জন্য এই পরীক্ষা উপলব্ধ করা হবে।
সূত্রের খবর, দিল্লিভিত্তিক Dr Dang's Lab-ও দেশজুড়ে এই পরীক্ষা চালুর প্রস্তুতি নিচ্ছে। তবে ভারতে এই টেস্টের দাম এখনও ঘোষণা করা হয়নি।
কারা করাতে পারবেন এই পরীক্ষা?
Shield MCD মূলত ৪৫ বছর বা তার বেশি বয়সি এবং যাঁদের ক্যানসারের ঝুঁকি গড়পড়তা, তাঁদের জন্য তৈরি করা হয়েছে।
এই পরীক্ষায় রক্তে ভাসমান DNA-র methylation pattern বিশ্লেষণ করা হয়। ক্যানসার থাকলে DNA-তে যে ধরনের পরিবর্তন দেখা যায়, সেই সংকেত খুঁজে বের করার চেষ্টা করে এই প্রযুক্তি।
কোন কোন ক্যানসার ধরা পড়তে পারে?
একটি মাত্র রক্তের নমুনা থেকে মোট ১০ ধরনের ক্যানসারের সম্ভাব্য সংকেত খোঁজা হবে। সেগুলি হল—
স্তন ক্যানসার
ফুসফুসের ক্যানসার
কোলোরেক্টাল ক্যানসার
লিভার ক্যানসার
অগ্ন্যাশয়ের ক্যানসার
ডিম্বাশয়ের ক্যানসার
প্রস্টেট ক্যানসার
মূত্রাশয়ের ক্যানসার
খাদ্যনালির ক্যানসার
পাকস্থলীর ক্যানসার
এই ক্যানসারগুলির অনেকগুলিই ভারতে দেরিতে ধরা পড়ার কারণে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
এটি কি ক্যানসার নিশ্চিত করবে?
চিকিৎসকদের বক্তব্য, না। এই পরীক্ষা ক্যানসার নিশ্চিত করার জন্য নয়, বরং স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহার করা হবে।
অর্থাৎ রিপোর্ট পজ়িটিভ এলেই যে ক্যানসার রয়েছে, এমনটা নিশ্চিত নয়। সে ক্ষেত্রে পরবর্তী ধাপে CT Scan, MRI, Endoscopy বা Biopsy-র মতো পরীক্ষা প্রয়োজন হবে।
একইভাবে নেগেটিভ রিপোর্ট এলেও ক্যানসার নেই, এমন নিশ্চয়তাও দেয় না এই পরীক্ষা। তাই এটি প্রচলিত ক্যানসার স্ক্রিনিং বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।
বিশেষজ্ঞরা কী বলছেন?
ব্রিটেনের ক্যানসার গবেষক ড. কমল সাইনি বলেছেন, একবার রক্ত পরীক্ষা করে ক্যানসার দ্রুত শনাক্ত করার ধারণা অত্যন্ত আকর্ষণীয় হলেও বাস্তবে এখনও অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে।
তাঁর মতে, ভারতের মতো বৃহৎ ও জিনগত বৈচিত্র্যময় দেশের জন্য ভবিষ্যতে স্থানীয় গবেষণার মাধ্যমে এই ধরনের প্রযুক্তি আরও উন্নত করা জরুরি।
অন্যদিকে Apollo Hospitals Group-এর চেয়ারম্যান ড. প্রতাপ সি. রেড্ডি বলেন, রোগের চিকিৎসার পাশাপাশি প্রাথমিক পর্যায়েই ক্যানসার শনাক্ত করা ভবিষ্যতের চিকিৎসাব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। Zydus-এর সঙ্গে এই যৌথ উদ্যোগ সেই দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গবেষণায় কী উঠে এসেছে?
ভারতে এই টেস্ট চালুর পাশাপাশি বিশ্বজুড়েও Multi-Cancer Early Detection (MCED) ব্লাড টেস্ট নিয়ে গবেষণা চলছে।
সম্প্রতি ছয়টি এশীয় দেশে ৮৪ হাজারেরও বেশি মানুষের উপর পরিচালিত একটি গবেষণায় অন্য একটি MCED টেস্টের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, নিশ্চিত ক্যানসারের প্রায় ৭৯ শতাংশ ক্ষেত্রে পরীক্ষাটি সঠিকভাবে ক্যানসারের সংকেত শনাক্ত করেছে। পাশাপাশি যাঁদের ক্যানসার ছিল না, তাঁদের প্রায় সকলকেই সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
তবে গবেষকদের বক্তব্য, এই ধরনের পরীক্ষা ভবিষ্যতে ক্যানসার স্ক্রিনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ঠিকই, কিন্তু এখনও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। বিশেষ করে কারা এই পরীক্ষা করাবেন, কতদিন অন্তর করানো উচিত এবং এতে ক্যানসারে মৃত্যুহার কমবে কি না, তা নিয়ে আরও ডেটা সংগ্রহ চলছে।