COVID-19 Omicron RF.5: ৪ জনের শরীরে ওমিক্রনের RF.5, কতটা ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্ট, লক্ষণ কী?

করোনায় আক্রান্তদের শরীরে মিলছে ওমিক্রনের RF.5 সাবভ্যারিয়েন্ট। ঠিক কতটা বিপজ্জনক এই ভ্যারিয়েন্ট? এর লক্ষণ ঠিক কী? জেনে নিন।

Advertisement
৪ জনের শরীরে ওমিক্রনের RF.5, কতটা ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্ট, লক্ষণ কী? ওমিক্রন RF.5
হাইলাইটস
  • করোনায় আক্রান্তদের শরীরে মিলছে ওমিক্রনের RF.5 সাবভ্যারিয়েন্ট
  • ঠিক কতটা বিপজ্জনক এই ভ্যারিয়েন্ট?
  • এর লক্ষণ ঠিক কী?

ফের দেশে বাড়ছে কোভিড ১৯। অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। এমনকী এই ভাইরাসের ফাঁদে পড়ে মৃত্যুও হয়েছে ৪ জনের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, কোভিডের এই নয়া ঢেউয়ের নেপথ্যে রয়েছে ঠিক কোন ভ্যারিয়েন্ট? আর তার একটা প্রথমিক উত্তর ইতিমধ্যেই মিলেছে। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, কড়াপা জেলা থেকে সংগ্রহ করা কোভিড-১৯ আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং ইতিমধ্যেই করা হয়েছে। আর সেখানে চারটি ক্ষেত্রে ওমিক্রনের RF.5 ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। শনিবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব। 


আসলে অন্ধ্রপ্রদেশের কোভিড পরিস্থিতি খারাপ হওয়ার পরই নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পুনের ভাইরোলজি ল্যাবরেটরিতে। সেখানেই পরীক্ষার পর এই ভ্যারিয়েন্টের উপস্থিতি সম্পর্কে জানান হয়েছে।

আর এই ভ্যারিয়েন্টটের খোঁজ মেলার পরপরই সত্য কুমার যাদব রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি জানান, বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে সরকার। পাশাপাশি তিনি দাবি করেন, ওই রাজ্যে কোভিড সংক্রমণ এখনও বিচ্ছিন্নভাবে ঘটছে। তবে ইতিমধ্যেই হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার।

এই ভ্যারিয়েন্ট কী ভয়ের কারণ?
স্বাস্থ্য দফতর জানিয়েছে, RF.5 হল ওমিক্রনের একাধিক সাব-ভ্যারিয়েন্টের মধ্যে একটি। এটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নজরদারিতে রয়েছে। ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন বিষ্ণুবর্ধন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও এই ভ্যারিয়েন্টের ওপর নজর রাখছে। সিঙ্গাপুর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে এই ভ্যারিয়েন্ট তুলনামূলকভাবে বেশি সংখ্যায় ধরা পড়েছে।

পাশাপাশি সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, এটি ওমিক্রনের অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে যে বেশি ভয়ঙ্কর, এমন কোনও তথ্য নেই। তাই তারা সাধারণ মানুষকে 'প্যানিক' করতে বারণ করছে।

এই প্রসঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা জানান, RF.5 হল ওমিক্রনের একটি সাব-লাইনেজ। এটি JN.1 লাইনেজ থেকে LF.7 এবং PY.1.1.1 শাখার মাধ্যমে তৈরি হয়েছে। 

কী কী লক্ষণ থাকে?
স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, RF.5 ভ্যারিয়েন্টের উপসর্গ অন্য ওমিক্রন সাবভ্যারিয়েন্টগুলির মতোই। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে গলা ব্যথা, কাশি, জ্বর, মাথাব্যথা এবং গা-হাত-পায়ে ব্যথা হতে পারে।

Advertisement


ঠিক কী ব্যবস্থা নিল অন্ধ্রপ্রদেশ সরকার?
ইতিমধ্যেই কোভিড নিয়ে ভীষণ সতর্ক হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের হাসপাতালগুলিতে বিশেষ কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে। পাশাপাশি টেস্টিং কিট এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোও বাড়ানো হচ্ছে। এভাবেই দ্রুত কোভিড পরিস্থিতি সামাল দিতে চায় রাজ্যটি। 

অন্ধ্রের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, সেখানে এখনও পর্যন্ত মোট ১৬টি কোভিড কেস ধরা পড়েছে। এর মধ্যে ১৬ জুলাই পর্যন্ত ১২টি সংক্রমণ ধরা পড়েছিল। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে চারটি সংক্রমণে RF.5 ভ্যারিয়েন্ট নিশ্চিত হয়েছে। 

এই প্রসঙ্গে বলে রাখি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গেও একজনের শরীরে করোনাভাইরাস মিলেছে। তার চিকিৎসা চলছে।

 
বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।

 

POST A COMMENT
Advertisement