প্রাকৃতিক সৌন্দর্য পাওয়ার উপায়ভ্যালেন্টাইন উইক মানেই নিজেকে একটু আলাদা করে সুন্দর করে তোলার ভাবনা। বিশেষ করে এই সময় অনেকেই চান মেকআপ ছাড়াই যেন ত্বকে থাকে স্বাভাবিক উজ্জ্বলতা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে ঢিলাভাব, ফাইন লাইন, ব্রণ বা দাগছোপ দেখা দেওয়া খুবই স্বাভাবিক। তাই কোনও বিশেষ অনুষ্ঠান বা দিনে যাওয়ার আগে অনেকেই পার্লার বা দামি স্কিন ট্রিটমেন্টের দিকে ঝুঁকছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ত্বক ঠিক করার নয়। ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন। এই সহজ অভ্যাসগুলো মেনে চললেই ভ্যালেন্টাইন উইক হোক বা বছরের যে কোনও দিন, ত্বকে থাকবে স্বাভাবিক উজ্জ্বলতা।
বিশেষজ্ঞদের মতে, বোটক্স বা দামি ফেশিয়াল সাময়িক সমাধান দিলেও দীর্ঘদিনের জন্য ত্বকের আসল সৌন্দর্য ধরে রাখতে পারে না। এই প্রসঙ্গে ইডেন স্কিন ক্লিনিকের ফাউন্ডার ও কসমেটিক ডার্মাটোলজিস্ট ডা. আমীশা মহাজন জানাচ্ছেন, ভালো ত্বকের জন্য অতিরিক্ত কিছু করার দরকার নেই। শুধু নিয়মিত ও সঠিক যত্নই যথেষ্ট।
ভ্যালেন্টাইন ডের মতো বিশেষ দিনে সবচেয়ে সুন্দর দেখাতে চাওয়াটা স্বাভাবিক। কিন্তু শুধুমাত্র মেকআপ দিয়ে সেই গ্লো আনা যায় না, বরং ন্যাচারাল উজ্জ্বলতাই সবচেয়ে বেশি চোখে পড়ে। ডা. মহাজনের মতে, দিনের মধ্যে অন্তত দু’বার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এতে ত্বক পরিষ্কার থাকে এবং গ্লো ধীরে ধীরে বাড়ে।
ত্বকে স্বাভাবিক জেল্লা পেতে হলে লাইফস্টাইল বদলানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশি মিষ্টি খাওয়া কমাতে হবে, প্রচুর জল পান করতে হবে। ধূমপান ও মদ্যপানের মতো অভ্যাস ত্বকের ক্ষতি করে, তাই সেগুলি এড়িয়ে চলাই ভালো। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, ঘরোয়া স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত জল খাওয়াই ত্বকের জন্য সবচেয়ে বড় গ্লো বুস্টার।